নগরে আরও ৪ প্লাটুন পুলিশ মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে নগরবাসীর ঈদের কেনাকাটা নির্বিঘ্ন করতে এবং ছিনতাইকারীদের দৌরাত্ম্য কমাতে আরও চার প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।আজ বৃহস্পতিবার থেকে নগরের উত্তর ও বন্দর অঞ্চলে পুলিশের এসব সদস্য মোতায়েন করা হয়। এ ছাড়া নগদ টাকা স্থানান্তরের সময় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুলিশ সাহায্য করবে বলেও জানানো হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, ঈদ সামনে রেখে নগরে ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়ে যেতে পারে। ঈদের কেনাকাটার জন্য বিপণিকেন্দ্রে আসা-যাওয়ার পথে কিংবা ব্যাংক থেকে টাকা তুলতে বা জমা দিতে যাওয়ার পথে লোকজন যাতে ছিনতাইয়ের শিকার না হয়, তা নিশ্চিত করতেই এই বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এবার রমজান মাসের শুরুতেই অতিরিক্ত সাড়ে ৪০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ তাদের সঙ্গে যুক্ত করা হলো আরও চার প্লাটুন পুলিশ। এ ছাড়া নগরের ১২টি থানার পুলিশ ও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও দায়িত্ব পালন করছে।চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (সদর) মো. ময়নুল ইসলাম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ঘোষণা অনুযায়ী আজ থেকে ঈদের আগের দিন পর্যন্ত নগরের বিপণিবিতানগুলো সারা রাত খোলা থাকবে। এ সময় ক্রেতাদেরও ভিড় বাড়বে। তাই ছিনতাই-রাহাজানি প্রতিহত করতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন থেকে পালাবদল করে দিন-রাত ২৪ ঘণ্টা নগরে পুলিশি পাহারা থাকবে।