নগরে দুর্লভ কেলিকদম ফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিন আগে মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যানে গিয়েছিলাম সাদা পদ্মের খোঁজে। ইদানীং সাদা পদ্ম দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। উদ্যানের প্রধান ফটক পেরিয়ে হাঁটতে থাকি সোজা পথ ধরে। শরতের ঝলমলে আকাশে তখন দু-একটুকরো মেঘবলাকা ভেসে বেড়াচ্ছিল। পাতার ফাঁক গলে মিষ্টি রোদ খেলা করছিল পথে পথে। কানে আসছিল পাতার আড়ালে থাকা পাখপাখালির কুজন।পথের পাশে একহারা গড়নের গর্জনগাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। গ্রীষ্মে পৌষ্পিক সৌন্দর্যে একবারেই বদলে যায় ওরা। সর্বশেষ ঢাল বেয়ে উঠে এসে দাঁড়াই বিস্তৃত গোলাপবাগানটির দক্ষিণ প্রান্তে। এখনটা বেশ ছায়াময়। আয়তাকার বাগানটির পাশ ঘেঁষে যেকোনো একটি পথে পৌঁছানো যায় উদ্যানের কার্যালয় প্রাঙ্গণে। তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে পুব পাশে ‘ট্যাবেব্যুইয়া’র গাছগুলো দেখছিলাম। হঠাৎ দৃষ্টি আটকে যায় হাতের কাছের একটি গাছে। কদমের মতো দেখতে অনেক ফুল, কিন্তু কদম নয়। হ্যাঁ, মনে পড়েছে, ওর নাম ‘কেলিকদম’। অনেক আগেই বলধা গার্ডেনে দেখেছি। এই উদ্যানের পরিচালক মোহাম্মদ রুহুল আমিন জানিয়েছেন, এখানে কেলিকদমের বেশ কয়েকটি গাছ আছে। এ গাছের প্রচলিত আরও কয়েকটি নাম ‘গিরিকদম্ব’, ‘হরিদ্রু’, ‘গৌরকদম্ব’, ‘ছোট হলদু’ প্রভৃতি। ইংরেজি নাম ‘ইয়েলো টিক’, ‘সেফরন টিক’। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরণ্যক গ্রন্থে বেশ কয়েকবার এ গাছের প্রসঙ্গ এনেছেন। তিনি লিখেছেন, ‘কেলিকদম্ব গাছের সেগুন পাতার মতো বড় বড় পাতায় বাতাস বাঁধিয়া শন শন শব্দ হইতেছে (পৃ. ১২৫)।’ ‘পাহাড়ের জঙ্গলে কেলিকদম্ব গাছের বড় বড় পাতার আড়ালে শুক্র ও বৃহস্পতি জ্বল জ্বল করিতেছে (পৃ. ১২৬)।’ ‘কেলিকদম্ব কদম্বফুলের গাছ নয়, কেলিকদম্ব ভিন্নজাতীয় বৃক্ষ, সেগুনপাতার মতো বড় বড় পাতা, চমৎকার আঁকাবাঁকা ডালপালাওয়ালা বনস্পতিশ্রেণীর বৃক্ষ (পৃ. ১৩৯)।’কেলিকদম (Haldina cordifolia. Syn. Adina cordifolia) বেশ বড় আকৃতির পত্রমোচি গাছ, ৬ থেকে ১০ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। শরতের শেষ দিকে পাতা ঝরে। পাতা বড়, তাম্বুলাকৃতির ও চার্ম। ছোট গোলাকার মঞ্জুরি, ডালের আগায় গুচ্ছবদ্ধ। ফুলের নলাকৃতি রোমশ নলের মুখ দুই থেকে আড়াই সেন্টিমিটার চওড়া, পাঁচ খণ্ড, ফুলগুলো আনত। পাঁচ সেন্টিমিটার লম্বা ফলে ছয়টি বীজ। প্রস্ফুটনকাল শরৎ-হেমন্ত। পরিণত অবস্থায় তুলনামূলকভাবে কদমগাছের চেয়ে ছোট। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ও সিলেট এবং ভারত, মায়ানমার, চীনসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে দেখা যায়। বর্ষায় কদম ফুল ফোটা শেষ হলে যেহেতু কেলিকদম ফোটে, সেহেতু আলংকারিক সৌকর্য বিন্যাসে ধারাবাহিকতার জন্য আমাদের নগরের উদ্যান কিংবা পথের পাশে এ গাছ আরও প্রচুর পরিমাণে রোপণ করা যেতে পারে।