নগরে নবান্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবান্নের উৎসব গ্রামবাংলার একটি লোকপ্রিয় উৎসব। অগ্রহায়ণে যখন নতুন ধানে ভরে উঠে কৃষকের গোলা, তখন শুরু হয় এই উৎসব। এতে পিঠা-পায়েস পাঠানো হয় আত্মীয়স্বজনের বাড়ি বাড়ি। একটা সময় নবান্নে পাড়ায় পাড়ায় বসত পালাগান ও জারিগানের আসর। আবহমান কাল ধরেই নবান্ন বাঙালির সর্বজনীন উৎসব। এখন গ্রামে-গঞ্জে আগের মতো নেই নবান্নের উৎসব। তবে বছর কয়েক ধরে ঢাকা শহরে পালিত হচ্ছে নবান্নের উৎসব। ঘরে ঘরে নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় অগ্রহায়ণের প্রথম দিন ঘটা করে পালিত হয় এ উৎসব। এ জন্য রয়েছে ‘জাতীয় নবান্নোৎসব উদ্যাপন পর্ষদ’। এ উৎসবে নাগরিক পরিবেশে তুলে ধরা হয় গ্রামবাংলার নানা অনুষঙ্গ। ১৫ নভেম্বর এবারের উৎসবে সকাল থেকেই ছিল বিভিন্ন পরিবেশনা। এর মধ্যে ছিল নাচ, গান, আবৃত্তি ও স্মৃতিকথা। সবাইকে দেওয়া হয় ভাপা পিঠা, মুড়ির মোয়া, খই, বাতাসা প্রভৃতি। বকুলতলার প্রথম পর্বের অনুষ্ঠান শেষে বের হয় র‌্যালি। এতে ঢাকঢোল বাজিয়ে নেচে-গেয়ে সবাই আনন্দে মেতে ওঠে। বিকেলে উৎসবের দ্বিতীয় পর্বে ছিল বাউলগান, লাঠিখেলা, নৃত্য ও সংগীত পরিবেশনা। এই উৎসব নাগরিক ব্যস্ততা ভুলিয়ে গ্রামীণ জীবনের আস্বাদ দিয়েছে দর্শনার্থীদের। লেখা ও ছবি: ইমরান উজ-জামান