নগরেই গাছের মেহেদি
ঈদের নতুন চাঁদ দেখার আগে মেহেদিতে হাত রাঙানোর রীতি নগরে বহু আগে থেকেই চলে আসছে। কেউ কেউ আবার চাঁদরাতেও হাতে মেহেদি দেন। এ ক্ষেত্রে এখন বাজারের কৃত্রিম মেহেদিতেই বেশির ভাগ মানুষ ভরসা রাখেন। কারও কারও কাছে কেবল স্মৃতি হয়ে আছে, ঈদের আগে নিজবাড়ি কিংবা প্রতিবেশীর বাড়ির মেহেদিগাছ থেকে পাতা তোলার কথা। এরপর পাটায় বেটে কখন পরা হবে, তার জন্য অধীর আগ্রহে ছোট-বড় সবার অপেক্ষা।ইট-পাথরের নগরে এখন মাটির খোঁজ পাওয়াই দুষ্কর, সেখানে মেহেদিগাছ নিশ্চয় অবাক লাগার মতো বিষয়? তবে মাটি না মিললেও যাঁরা গাছ ভালোবাসেন, যাঁরা সবুজের সান্নিধ্যে থাকতে চান, তাঁরা ঠিকই ছোট একচিলতে ঝুল বারান্দায় কিংবা ছাদে টবে অথবা ড্রামে লাগান মেহেদিগাছ। হয়তো গাছের আকার খুব বড় নয় তাতে কী, অন্য গাছের সঙ্গে একটা মেহেদিগাছ রাখেন অনেকেই।এমনি একজন মণিপুরিপাড়ার সাবেরী আহম্মেদ। তিনি বলেন, ‘ছোটবেলায় বাড়িতে মেহেদিগাছ দেখে বড় হয়েছি। তাই টবে এ গাছ লাগিয়েছি। প্রয়োজন হলে পাতা তুলে বেটে মাথায় দিই।’মোহাম্মদপুরের বাসিন্দা স্থপতি সাইদা ফজিলাতুনাজের ভাষ্য, ‘যেকোনো বাড়ি ডিজাইন করতে গেলে অল্প করে হলেও সবুজ রাখতে চাই। আর তাই নিজের বাড়িতে অল্প জায়গায় অন্য গাছের সঙ্গে একটা মেহেদিগাছ লাগিয়েছি। ছোট বাগানে ঢুকেই চোখে পড়ে প্রিয় মেহেদিগাছটা। হাত নকশা করতে আবার চুলের জন্য বেশ উপকারী মেহেদির কাঁচা পাতার রস।’তবে পুরান ঢাকায় মেহেদিগাছের সঙ্গে জড়িয়ে আছে সেখানকার ঐতিহ্য। নারিন্দার বাসিন্দা রাশিদা বেগমের ভাষ্য, ‘এখনো চাঁদরাতে হাতে মেহেদি পরার ধুম পড়ে যায়। কেবল বাড়ির ছোটরাই নয়, সব বয়সীরাই মেহেদি পরতে আসর জমায়। এটা একটা নিয়মে পরিণত হয়েছে। কেবল নিজেদের ব্যবহারের জন্যই নয়, প্রতিবেশী কেউ মেহেদির পাতা চাইতে এলে দেওয়াও নিয়ম। তাই আমার বাড়িতে মেহেদিগাছ এখনো টিকে আছে।’কেউ শখে, কেউ প্রয়োজনে বাড়িতে মেহেদিগাছ লাগাচ্ছেন। তবে যাঁদের গাছ লাগানোর মতো জায়গা নেই, তাঁরা কিন্তু বাদ যাচ্ছেন না গাছের কাঁচা মেহেদির পাতা ব্যবহার থেকে। নগরের বড় বড় কাঁচা বাজারে মিলছে ডাটাসহ মেহেদি পাতা।এ প্রসঙ্গে নিউমার্কেটের বনলতা কাঁচা বাজারের মেহেদি পাতা বিক্রেতা মোহাম্মাদ ইব্রাহীম বলেন, ‘ডাটাসহ মেহেদি পাতার আঁটি বিক্রি হয় ১৫ থেকে ৪০ টাকা দরে। তবে ঈদের আগে চাহিদা বেশি থাকায় আঁটিপ্রতি পাঁচ থেকে ১০ টাকা দাম বাড়ে।’ নিউমার্কেটের বনলতা কাঁচা বাজার ছাড়াও হাতিরপুল কাঁচা বাজার, ফার্মগেট বাজার, কারওয়ান বাজার, মিরপুর ১ নম্বর সেকশন কাঁচা বাজারসহ বিভিন্ন কাঁচা বাজারে খোঁজ নিলে পাওয়া যাবে মেহেদি পাতা।কারওয়ান বাজার থেকে মেহেদি পাতা কিনতে হলে সকালের দিকে যাওয়াই ভালো, এমনটা জানান একজন বিক্রেতা। কারণ, এখানে আগেভাগেই শেষ হয়ে যায় তা।আজকাল নগরের বিউটি পার্লারে ঈদের আগেভাগেই মেহেদি পরার ভিড় শুরু হয়। হেয়ারোবিক্স ব্রাইডালের রূপবিশেষজ্ঞ তানজিমা শারমিন বলেন, ‘উৎসবকে একটু বেশি রাঙাতেই মেহেদি পরিয়ে থাকি। পার্লারে কৃত্রিম টিউবের মেহেদি পরানো হয়। তবে একবাক্যেই বলব, গাছের কাঁচা পাতার বাটা মেহেদির রং ভালো হয়। কেবল নখেই নয় বরং হাতের তালুতে নকশা করা রং কৃত্রিম মেহেদির রং থেকে দীর্ঘ সময় থাকে।’ তবে কাঁচা মেহেদি পাতা বাটার সময় কিছুটা কফি কিংবা চা-পাতা মিশিয়ে নেওয়ার পরামর্শ দেন এই রূপবিশেষজ্ঞ। কেবল হাত রাঙাতেই নয়, চুল সুন্দর, ঝরঝরে আর খুশকিমুক্ত করতে কাঁচা মেহেদি পাতার জুড়ি নেই বলে তিনি মনে করেন।