নগরেই নেই সবার জন্য স্যানিটেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদ ভবনের খেজুরবাগানের সামনের ফুটপাতে হাঁটার সময় নাক চেপে ধরতে হয় পথচারীদের। কারণ, এখানকার বাতাস ভারী হয়ে আছে মনুষ্যবর্জ্যের দুর্গন্ধে। দিনের বেলায় বাগান আড়াল করে প্রস্রাব করতে দেখা গেল অনেককে। একই জায়গায় রাতের বেলা বাস্তুহীন লোকজন মলত্যাগও করে থাকে। জাতীয় স্যানিটেশন মাস অক্টোবরে জাতীয় সংসদ ভবনের পাশের চিত্র এটা।এই মাসে সভা, সেমিনার, প্রচার-প্রচারণায় স্যানিটেশনের ওপর জোর দেওয়া হচ্ছে। তবে আগের মতোই অস্বাস্থ্যকর শৌচাগার ব্যবহার করছে বেশির ভাগ বস্তিবাসী। গণশৌচাগারের অভাবে রাস্তার যেখানে-সেখানে প্রাকৃতিক কাজ সারছে পথচারী ও বাস্তুহীন মানুষ।২০১৩ সালের মধ্যে সবার জন্য স্যানিটেশন নিশ্চিত করার ঘোষণা দিয়েছে সরকার। এর আগে ২০১০ সালের মধ্যে একই লক্ষ্য বাস্তবায়নে কাজ শুরু হয়েছিল ২০০৩ সালে। খোদ নগরেই সেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। ২০১৩ সালের মধ্যে নগরে সবার জন্য স্যানিটেশন নিশ্চিত হবে কি না, তার নিশ্চয়তা দিতে পারছে না ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) সংশ্লিষ্ট ব্যক্তিরা।ডিসিসির বস্তি উন্নয়ন বিভাগ সূত্রে জানা যায়, নগরে শত ভাগ স্যানিটেশন নিশ্চিত করার জন্য ডিসিসির আঞ্চলিক কার্যালয়গুলোকে নিজ নিজ এলাকার স্যানিটেশন উন্নয়ন তদারক করতে বলা হয়েছে। এ বিষয়ে ডিসিসির অঞ্চল-৩-এর নির্বাহী কর্মকর্তা কে এম কবির আহমেদ বলেন, ‘স্যানিটেশন উন্নয়নের বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায়ের একটি সভায় অংশ নিয়েছি। শিগগিরই অঞ্চলভেদে এই কাজ শুরু হবে।’বঞ্চিত বস্তিবাসীপুরান ঢাকার ইসলামবাগে বেড়িবাঁধ সড়কের পাশে জলাশয়ের ওপরে বেশ কিছু টং-ঘর দেখা গেল। এগুলো সড়কসমান উঁচু করে বাঁশ দিয়ে তৈরি। ঘরের ভেতরেই রয়েছে শৌচাগার। এগুলো থেকে মনুষ্যবর্জ্য গিয়ে পড়ছে জলাশয়ে। বেড়িবাঁধের দুই পাশে অসংখ্য কাঁচা পায়খানাও দেখা গেছে। অনেকে প্রাকৃতিক কাজ সারে বুড়িগঙ্গার তীরেই। সব মিলিয়ে অবাধে বুড়িগঙ্গায় মিশছে মনুষ্যবর্জ্য।নগর গবেষণা কেন্দ্রের ২০০৬ সালের একটি জরিপ অনুযায়ী, নগরে বস্তির সংখ্যা চার হাজার ৯৬৬টি। এসব বস্তিতে ৩৪ লাখ লোক বাস করে। এদের শতকরা ২৫ জন সেপটিক ট্যাংক ও পয়োনিষ্কাশন সুবিধা পায়।মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় বেশ কয়েকটি বস্তি রয়েছে। বস্তিবাসীর কাঁচা শৌচাগারগুলো গড়ে উঠেছে রামচন্দ্রপুর খালের ওপর। এখানকার বাসিন্দা শহীদুল্লাহ বলেন, ‘আমাদের এখানে বাঁশের টয়লেটই বেশি। কিছু স্যানিটারি ল্যাট্রিনও আছে।’নগরের বস্তিগুলোর স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে কী কাজ করা হচ্ছে—জানতে চাইলে ডিসিসির বস্তি উন্নয়ন বিভাগের প্রধান কর্মকর্তা আনোয়ার হোসেন পাটওয়ারী দাবি করেন, অনেক বস্তিতেই আমাদের কার্যক্রম চলছে। মূলত বস্তির টয়লেট, ফুটপাত ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে কাজ হচ্ছে।সরকারি-বেসরকারি অর্থায়নে কিছু বেসরকারি সাহায্য সংস্থা (এনজিও) বস্তির স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নে কাজ করছে। এ প্রসঙ্গে দুস্থ স্বাস্থ্যকেন্দ্রের জ্যেষ্ঠ প্রকল্প সমন্বয়ক রণজিৎ দাস বলেন, ঢাকার বস্তিগুলোয় স্যানিটারি ল্যাট্রিন নির্মাণে জোর দেওয়া হচ্ছে। বস্তিগুলোয় স্যানিটারি ল্যাট্রিন করার মতো জায়গাও পাওয়া যায় না। এখন যেভাবে কাজ হচ্ছে তাতে ২০১৩ সালের মধ্যে নগরে শত ভাগ স্যানিটেশন নিশ্চিত করা কঠিন হবে বলে তিনি জানান।গণশৌচাগারের অভাবনগরের বেশির ভাগ ফুটপাত, খালি জায়গা, পার্কে, ফুট ওভারব্রিজে হাঁটতে গিয়ে জুতার তলায় মনুষ্যমলের ফাঁদে পড়েননি এমন পথচারী কমই পাওয়া যাবে।মোহাম্মদপুরের আর্ক পরিবহনের বাসস্ট্যান্ডের পাশেই ফুটপাতে দুর্গন্ধে নাক চেপে ধরতে হয়। মহাখালী আইসিডিডিআরবি থেকে মহাখালী আন্তজেলা বাস টার্মিনাল যেতে কয়েক জায়গায় এমন অবস্থায় পড়তে হয়। কাঁটাবন মসজিদের বিপরীত পাশের ফুটপাতের একই অবস্থা।ডিসিসি সূত্রে জানা যায়, নগরে তাদের ৪৮টি গণশৌচাগার আছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, এর বেশির ভাগই বেহালে আছে। এগুলোয় নারীরা তো দূরের কথা, পুরুষেরাও যাওয়ার কথা চিন্তা করতে পারেন না।নগরের বাস্তুহীন লোকজনের স্যানিটেশন ব্যবস্থা সম্পর্কে ডিসিসির বস্তি উন্নয়ন বিভাগের প্রধান কর্মকর্তা প্রকৌশলী আনোয়ার হোসেন পাটওয়ারী বলেন, এদের নিয়ে বিভিন্ন্ন এনজিও কাজ করছে। ডিসিসির তেমন কোনো কার্যক্রম নেই। আর্থিক বরাদ্দ না থাকায় এনজিওগুলোকে সহায়তা করার মধ্যেই ডিসিসির কার্যক্রম সীমাবদ্ধ।