নগরেই নৌভ্রমণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষপঞ্জির পাতা থেকে উধাও বর্ষাকাল। তবু বৃষ্টি হচ্ছে মাঝেমধ্যে। এই শরতেও নগরের নদীগুলোয় পানি ভরভর। এই সময় নৌকায় চড়ে নদীতে ঘুরে বেড়ানোর মজাই আলাদা। নগরের বুকে কিংবা ধারেকাছেই নৌভ্রমণের জন্য বেশ কিছু জায়গা রয়েছে। আপনি চাইলেই এমন একটা ভ্রমণ করতে পারেন। তবে শরৎ শেষ হওয়ার আগেই নগরের নদীগুলোর পানি কমতে শুরু করবে। ভ্রমণের আর কোনো উপায় থাকবে না। তখন নগরের চারপাশের নদীতে নৌভ্রমণ করতে হলে আরেক বর্ষা ঋতুর জন্য অপেক্ষা করতে হবে।চটবাড়ী বটতলা: দিয়াবাড়ীর বটতলা অথবা চটবাড়ীর বটতলা থেকে আধঘণ্টা পর পর সাদুল্লাপুর আর বিরুলিয়ার পথে তুরাগ নদে ইঞ্জিনচালিত নৌকা চলাচল করে। সাদুল্লাপুর বিখ্যাত ঢাকার নবাবদের কাচারিঘর আর গোলাপ গ্রামের জন্য। বিরুলিয়ায় চোখে পড়ে ঐতিহ্যবাহী কিছু ভবন। দিয়াবাড়ীর বটতলা থেকে সাদুল্লাপুর এবং বিরুলিয়া যাওয়ার নৌকাভাড়া মাথাপিছু ১২ টাকা। দল বেঁধে গেলে পুরো নৌকাই ভাড়া নেওয়া যায়। সে ক্ষেত্রে খরচ পড়বে ৩০০ টাকা। পরিবার-পরিজন, বন্ধুবান্ধব নিয়ে বিরুলিয়া বা সাদুল্লাপুর নৌকায় করে বেড়িয়ে আসতে পারেন। অথবা শুধুই তুরাগ নদে ভ্রমণ করতে পারেন।সদরঘাট-বছিলা: বুড়িগঙ্গা নিয়ে অনেকের অনেক অভিযোগ। দূষিত কালো ময়লা বা দুর্গন্ধময় পানির জন্য বুড়িগঙ্গার কত বদনাম! তবু বুড়িগঙ্গা এখন পানিতে থইথই। জলযানে চেপে অবাধে ঘোরা যায় সদরঘাট, শ্যামবাজার, বছিলা। এসব ঘাটে সারা দিনই নৌকা মেলে। ভাড়াও হাতের নাগালে। আপনি আপনার পছন্দের নৌকাটি বেছে নিয়ে চাইলে দূরে কোথাও চলে যেতে পারেন। আবার কাছেই ঘণ্টা খানেক বেড়িয়ে আসা যায়।ইছাপুরা: খিলক্ষেত হয়ে ইছাপুরে চলে যান। এখানে বালু নদে নৌকায় চড়ে বেড়াতে পারেন। এখানকার ইঞ্জিনচালিত নৌকাগুলো দৃষ্টিনন্দন। বিশাল বালু নদ দখল হতে হতে একেবারে খাল হয়ে গেলেও এখনো সে টগবগে। এখানে এক ঘণ্টার জন্য নৌকাভাড়া ১৫০ টাকা। সারা দিনের জন্য নৌকা ভাড়া করে নৌকাভোজনেরও আয়োজন করা যেতে পারে। নৌকায় চেপে চলে যেতে পারেন কাঞ্চন সেতুর কাছে, যেতে পারেন বেলদি। ওসব জায়গায় মোহনীয় নিসর্গের সন্ধান পাবেন।আশুলিয়া: এখানে তুরাগ নদের তীরে ভ্রমণপিয়াসীদের খুব আনাগোনা। খোলা আকাশ আর তুরাগ পারের মুক্ত বাতাসে শরীর-মন এক অন্য রকম ভালো লাগায় আচ্ছন্ন হয়ে থাকে। এখানে নৌকা ও লঞ্চ দুটোই আপনার জন্য অপেক্ষা করছে।নারায়ণগঞ্জ: শীতলক্ষ্যা নদীতে সারা বছরই নৌকাভ্রমণ আনন্দময়। তবে এখন পানি বেশি থাকায় পরিচ্ছন্নতা বেশি। নারায়ণগঞ্জ নেমে রিকশায় ৫ নম্বর ঘাটে চলে যান। তারপর ঘণ্টা চুক্তিতে নৌকা ভাড়া নিয়ে বেড়িয়ে আসুন শীতলক্ষ্যা।ঢাকা নগরের লেক: ধানমন্ডি লেক, বোটানিক্যাল গার্ডেন লেক ও গুলশান লেকে আনন্দঘন নৌকাভ্রমণের ব্যবস্থা আছে। ধানমন্ডি লেক ও বোটানিক্যাল গার্ডেন লেকে বাড়তি সুবিধা পদচালিত নৌযান, যা আপনি নিজেই চালাতে পারবেন। এমন নৌকার ভাড়া ঘণ্টাপ্রতি ২৫০ টাকা। এ ছাড়া সোনারগাঁ লোকশিল্প জাদুঘরের দিঘিতেও নৌভ্রমণের আয়োজন আছে। সতর্কতাসাঁতার না জানলে নৌভ্রমণ না করাই ভালো। ভ্রমণের সময় লাইফ জ্যাকেট রাখা উচিত। মাঝি দক্ষ কি না, সেটা দেখে নৌকা ভাড়া করতে হবে। অতিরিক্ত যাত্রী হয়ে নৌকায় চড়া ঠিক হবে না। এ ছাড়া নৌকায় ইচ্ছেমতো হইহল্লা না করে সবকিছু নিয়ন্ত্রণের মধ্যে করা উচিত। ঝড়-বৃষ্টির দিনে নৌকাভ্রমণ এড়িয়ে চলুন। সঙ্গে শিশু থাকলে বেশি সাবধান থাকতে হবে। দিনের আলো থাকতে থাকতে তীরে নেমে এলে আর কোনো ভয় নেই!