নগরের আবাসন নাগরিকের আবাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবারের ধরন অনুযায়ী নগর আবাসনের কাঠামো সেই নগরের যথার্থ আর্থসামাজিক সমীক্ষা থেকে আসা উচিত। নগরবাসী বিভিন্ন শ্রেণীর মানুষের উপার্জনক্ষমতা, কাজের ধরন, বসবাসের সংস্কৃতি ইত্যাদি মাথায় থাকা উচিত। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, ঢাকায় সরকারি-বেসরকারি প্রচেষ্টায় যত আবাসন প্রকল্প গৃহীত ও বাস্তবায়িত হচ্ছে, তার কোনোটিতেই এসব বিবেচনা কাজ করে না। আমাদের যাবতীয় আবাসন পরিকল্পনা আবর্তিত হচ্ছে সমাজের বিত্তবান শ্রেণীকে ঘিরে।আমাদের সংবিধানে প্রত্যেক নাগরিকের আবাসন-সুবিধা নিশ্চিত করার কথা বলা হয়েছে। নতুন দিনের আবাসন-চিন্তায় কেবল মাপজোখ ও দালানকোঠা গড়াকেই ধ্রুবজ্ঞান করা হয় না, সামাজিক মূল্যবোধও এখন সমান গুরুত্বের সঙ্গে বিবেচ্য। অনেক ক্ষেত্রে এই স্বল্প আয়ের মানুষ মধ্য ও উচ্চ আয়ের মানুষের চেয়ে বেশি আবাসন ভাড়া (প্রতি বর্গফুটে) দেয়। নগর অর্থনীতিতে তাদের অবদান উল্লেখযোগ্য। উন্নত আবাসনব্যবস্থা তাদের উৎপাদনক্ষমতা ও কর্মস্পৃহা বহুগুণে বাড়িয়ে দেবে।সরকারের উচিত উচ্চ আয়ের মানুষের মধ্যে প্লট বিতরণ না করে স্বল্প আয়ের মানুষের জন্য স্বল্প খরচের আবাসন প্রকল্পে বেশি গুরুত্ব দেওয়া। সরকারি ও ব্যক্তিমালিকানাধীন সেক্টরগুলোর উচিত তাদের কর্মচারীদের জন্য আবাসনের ব্যবস্থা করা। নিম্ন আয়ের মানুষের জন্য বাসাভাড়া প্রকল্প গ্রহণ করা যেতে পারে। শহরের সবার জন্য ব্যক্তিমালিকানাধীন আবাসনের ব্যবস্থা করা সম্ভব না হলেও সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য বিভিন্ন প্রকৃতির ভাড়া বাসার ব্যবস্থা থাকা উচিত।আবাসন-সমস্যার অন্যতম কারণ আমাদের প্রচলিত ভূমিব্যবস্থা। ভূমিব্যবসা একটি নিশ্চিত লাভজনক বিনিয়োগক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ায় বাংলাদেশে, বিশেষত ঢাকায়, একশ্রেণীর বিত্তশালী অপরিমেয় ভূমির মালিক হচ্ছে। দেশে জমির মালিকানার সর্বোচ্চ নির্ধারিত সীমা না থাকায় সমস্যা আরও প্রকট হয়ে উঠেছে। এর বিপরীতে পরিকল্পিত আবাসন-উপযোগী ভূমি ক্রমেই কমে আসছে। উপরন্তু ভূমি-করের কোনো বাধ্যবাধকতা না থাকায় এ ক্ষেত্রে জবাবদিহির বা লাগাম টানার কোনো সুযোগও কারও হাতে থাকছে না। কালো টাকার বিরাট অংশ তাই ভূমি খাতে বিনিয়োজিত হচ্ছে।অনতিবিলম্বে একটি বড় ও সমন্বিত কর্মপরিকল্পনার আওতায় কিছু জরুরি পদক্ষেপ কার্যকর করা প্রয়োজন। ভূমি-কর নীতিমালা পুনর্বিবেচনা করা প্রয়োজন। পতিত জমির কর বাড়িয়ে দেওয়া খুবই দরকার। আরোপ করা দরকার ক্যাপিটাল গেইন ট্যাক্স। বিপুল জমির মালিক বা বাড়ির স্বত্বাধিকারী হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ জারি করতে হবে। কোনো ব্যক্তির প্রথম বাড়ির জন্য ঋণ এবং অন্যান্য সুবিধা দিয়ে দ্বিতীয় বাড়ির মালিকানার ক্ষেত্রে উচ্চ কর আরোপ করা যেতে পারে।ঢাকাকে ব্যাপক মানুষের বাসযোগ্য নগর হিসেবে রূপান্তরের জন্য নগর কর্তৃপক্ষের ভূমি পরিসর বাড়াতে হবে। ভূমির উত্তরাধিকার করও চালু করা যেতে পারে। এতে ভূমির প্রতি মানুষের বিবেকবর্জিত লিপ্সা কিছুটা হলেও কমবে।আবাসনের ক্ষেত্রে বর্তমান প্লটভিত্তিক বাড়ির বদলে সিটি ব্লক পদ্ধতি গ্রহণ করলে পরিস্থিতি উন্নততর হবে। কমিউনিটির সুযোগ-সুবিধার ব্যবস্থা থাকবে কমপ্লেক্সেরই ভেতরে। এতে একদিকে যেমন ভূমির সাশ্রয় হবে, অন্যদিকে আবাসন-ব্যবস্থার ভেতরে মানুষের মেলামেশা নিবিড়তর হবে।আবাসন আইনে এমন ব্যবস্থা রাখা দরকার, যাতে বাড়ির আশপাশে পর্যাপ্ত খোলা জায়গা থাকে। এসি বা জেনারেটর যাতে কোনোভাবেই প্রাকৃতিক আলো-হাওয়ার বিকল্প হয়ে না ওঠে, সে ব্যাপারে আমাদের অত্যন্ত সচেতন হওয়া দরকার।আবাসন কমপ্লেক্সে নিচতলার বদলে বেজমেন্টে পার্কিংয়ের ব্যবস্থা চালু করলে নিচতলায় সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হতে পারে।আবাসন পরিকল্পনায় অঞ্চল-বৈষম্যের কথাও মাথায় রাখা উচিত। আমাদের আবাসন-সংস্কৃতিতে গুলশান-বনানী বনাম বাড্ডা-গেন্ডারিয়ার যে পৃথক পরিসর গড়ে উঠেছে, তা সুস্থ ও ভারসাম্যমূলক আবাসন-ব্যবস্থার লক্ষণ নয়। এই বৃত্ত দ্রুত ভাঙতে হবে। পৃথিবীর প্রায় সব দেশেই বিত্তবান-মধ্যবিত্ত-দরিদ্র শ্রেণীর মিশেলে ভারসাম্যপূর্ণ আবাসন-ব্যবস্থা তৈরি করা হয়ে থাকে। আবাসন কমপ্লেক্সগুলোর গড়ন-প্রক্রিয়ায় অত্যাবশ্যক মানবিক স্থাপনা যেমন শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, খেলার মাঠ, হাঁটার জায়গা, হাসপাতাল ইত্যাদি বিবেচনায় রাখতে হবে।জলবায়ু পরিবর্তনের বিপজ্জনক অভিঘাত থেকে ঢাকা নগরকে রক্ষা করার জন্য আবাসনব্যবস্থায় ভূমিকম্প, বন্যা প্রতিরোধক উপাদান ও প্রতিরক্ষার নিশ্চয়তা থাকতে হবে।যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনহীন আবাসন কোম্পানিগুলোর বিজ্ঞাপন প্রচারে গণমাধ্যমের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা প্রয়োজন। রাজধানী ঢাকাকে ভবিষ্যৎ প্রজন্মের প্রকৃত আবাস হিসেবে গড়ে তুলতে হলে সরকারের সদিচ্ছার কোনো বিকল্প নেই। ভূমিদস্যুদের হাত থেকে নগরবাসীর আবাসভূমি রক্ষার জন্য ড্যাপ বাস্তবায়নে সরকারকে নিরাপস হতে হবে।চারটি স্যাটেলাইট শহরের মধ্য দিয়ে রাজধানী ঢাকা অতি দ্রুত আরও বিস্তৃত হয়ে পড়বে। কিন্তু যুগোপযোগী ও মানবিক আবাসননীতি ছাড়া এই বিস্তার ঘটলে রাজধানীর অস্তিত্ব ও সৌন্দর্য যে বিরাট হুমকির মুখে পড়বে, সে ব্যাপারে সন্দেহের অবকাশ নেই। প্রকল্প এলাকা বাছাই করা এবং আবাসনের ধরন নির্ধারণের জন্য প্রয়োজনীয় গবেষণা এখন অতি জরুরি, নগরবাসীর চাহিদা ও তা পূরণের সঙ্গে যা সামঞ্জস্যপূর্ণ। নগর আবাসনের কাঠামো অবশ্যই সেই নগরের যথার্থ আর্থসামাজিক সমীক্ষার ভিত্তিতে নির্ধারিত হতে হবে।[email protected]ইশরাত ইসলাম: সহযোগী অধ্যাপক, নগর উন্নয়ন ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়।