নগরের গাছবন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজিমপুর সড়কের ১০৭ নম্বর বাড়ি। বাড়ির চারপাশেই নানা প্রজাতির গাছ। এসব গাছের মধ্যে নিমগাছের সংখ্যা বেশি। বাড়ির মালিক কাজী হামিদুল হক এসব গাছ রোপণ করেছেন। গাছে গাছে বিচরণ করছে নানা প্রজাতির পাখি। প্রজাপতিও আছে সেখানে। নিমগাছে কীটপতঙ্গ বেশি বসবাস করে বলে জানান কাজী হামিদুল হক। তিনি আরও জানান, নিমগাছের ফল, পাতা, ডাল, বাকলের অনেক ঔষধি গুণ আছে। তাই আশপাশের মানুষ তাঁর নিমগাছগুলো থেকে পাতা-ডাল নিতে আসেন।এভাবে পাতা-ডাল নিতে নিতে একসময় কাজী হামিদুল হকের বেশ কয়েকটি নিমগাছ মারা যায়। এরপর যাঁরা নিমগাছের পাতা-ডাল নিতে আসেন, তাঁদের নিমগাছের চারা বিতরণ করতে লাগলেন তিনি। সবাইকে নিমগাছ রোপণ করতে উৎসাহ দিচ্ছেন তিনি। কেবল নিমগাছ নয়, আরও অনেক প্রজাতির গাছ তিনি মানুষকে দেন। আবার নিজে যেখানে সুযোগ পান, সেখানে গাছ রোপণ করেন। যেসব গাছ পাখি আর কীটের আবাস, সেসব গাছই বেশি রোপণ করেন তিনি। তিনি জানান, এসব তিনি করেন পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায়। এসব বিষয়ে জনসচেতনতা তৈরিতে কাজ করছেন তিনি।কেবল বাড়ির চারপাশে নয়, বাড়ির ছাদেও তিনি নানা প্রজাতির ফুল, ফল ও ঔষধি গাছ লাগিয়েছেন। তিনি ইতিমধ্যে কামরাঙ্গীরচর ও সলিমুল্লাহ এতিমখানায় দেড় শতাধিক নিমগাছের চারা রোপণ করেছেন। নগরের আরও কিছু এলাকায় নিমের চারা রোপণের প্রস্তুতি নিচ্ছেন। এ ছাড়া তাঁর কাছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তাঁদের নিজস্ব জমিতে নিমসহ জীববৈচিত্র্যের উপকারে আসে এমন গাছ রোপণ করতে চাইলে তাঁদের তিনি বিনা মূল্যে গাছের চারা দেন। আবার সেগুলো রোপণে সহায়তাও করেন।বাড়ির আঙিনায় গাছ রোপণ করেই বসে থাকেননি কাজী হামিদুল হক। এসব গাছে পাখি ও প্রজাপতি যাতে আসে, তারও ব্যবস্থা করেছেন। এ জন্য বাসা তৈরি করেছেন, খাবারেরও ব্যবস্থা রেখেছেন।কাজী হামিদুল হক বলেন, ‘দীর্ঘদিন আলোকচিত্র পেশায় যুক্তরাষ্ট্রে ছিলাম। তারপর নব্বইয়ের দশকের মাঝামাঝি দেশের টানে ঢাকায় ফিরে আসি এবং ছবি তোলায় ব্যস্ত হয়ে যাই। প্রজাপতির ছবি তুলতে বেশি ভালো লাগে। কিন্তু প্রজাপতির ছবি তুলতে গিয়ে অনেক সময় হতাশ হয়ে যেতাম। কারণ প্রজাপতিরা যেসব গাছে ডিম পাড়ে, মধু খায় ও বাস করে, সেসব গাছ ঢাকায় তেমন নেই। তাই অনেকটা নিজের প্রয়োজনে প্রজাপতিরা যেসব গাছে ডিম পাড়ে, মধু খায় ও বাস করে, সেসব গাছ সংগ্রহ করতে থাকি এবং বাড়ির আঙিনায় ও ছাদে রোপণ করতে থাকি। একসময় নিজের গাছে আসা নানা রঙের প্রজাপতির ছবি তুলেছি। শুধু প্রজাপতি নয়, এসব গাছে আসা অনেক প্রজাতির পাখির ছবি তুলেছি খুব কাছ থেকে। মূলত এভাবেই গাছ রোপণের আগ্রহটা দিন দিন বেড়েছে। এখন আমি ঢাকার বিভিন্ন স্থানে বেশি করে মান্দার, অশ্বত্থ, চিনিবট, জাম ও তুঁতগাছ রোপণের পরিকল্পনা নিয়েছি। পাশাপাশি ঢাকায় ও গ্রামের বাড়ি নওগাঁয় নিমসহ এসব গাছের চারা উৎপাদনও করছি। সব মিলিয়ে আমার ইচ্ছে, আগামী ১০ বছরে ঢাকায় এক লাখ গাছের চারা রোপণ করব।’