নগরের প্রধান সড়কে ধুলার অত্যাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরতের রোদমাখা স্বাভাবিক দিন। কিন্তু কয়েক দিন ধরে শাহবাগ থেকে বাংলামোটর মোড়ের আগ পর্যন্ত, রাজধানীর মূল সড়কের এই অংশ ধুলায় আচ্ছন্ন হয়ে আছে। সড়কের একপাশে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), আরেক পাশে বারডেম হাসপাতাল। একই পাশে আছে রূপসী বাংলা হোটেল। গুরুত্বপূর্ণ এই এলাকা এখন ধুলায় ধূসর।গতকাল শনিবার বিকেলে সেখানে গিয়ে দেখা গেছে, পথচারীরা নাকে রুমাল চেপে পথ চলছে। বাসের ভেতরে যাত্রীদেরও একই অবস্থা। প্রাইভেট গাড়িগুলো চলছে জানালার কাচ বন্ধ করে।খোঁজ নিয়ে জানা যায়, বিএসএমএমইউর বহির্বিভাগ কমপ্লেক্স নির্মাণের কাজ চলছে। সেখান থেকে ট্রাকযোগে মাটি এনে ফেলা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কেবিন ভবনের পাশের নিজস্ব জায়গায়। আর পরিবহনের সময় ট্রাক থেকে মাটি ঝরে পড়ছে রাস্তায়। ক্রমে মাটির পরিমাণ বাড়ছে। আর গাড়ির চাকায় তা ধুলো হয়ে ছড়িয়ে পড়ছে।এই ধুলার ভোগান্তি থেকে রক্ষা পেতে পরীবাগের বাসিন্দারা বিক্ষোভ করারও চেষ্টা করেছে। পুলিশ তাদের নিবৃত্ত করে।পরীবাগে প্রিয়প্রাঙ্গণ অ্যাপার্টমেন্টের বাসিন্দা আবদুর রউফ বলেন, ট্রাকযোগে সারা রাত মাটি টানা হয়। পুরো পথ মাটি ফেলতে ফেলতে যায় ট্রাকগুলো। গৃহিণী মরিয়ম আফরোজ ক্ষোভ জানিয়ে বলেন, ঘরের আসবাবপত্র সব সময়ই ধুলাময় হয়ে থাকে। দিনে ১০বার মুছলেও পরিষ্কার রাখা যায় না। তাঁরা এ থেকে নিষ্কৃতি চান।বিএসএমএমইউর পরিচালক আবদুল মজিদের সঙ্গে গতকাল শনিবার সন্ধ্যায় যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, হাসপাতালের চিকিৎসাসেবার জন্য বহির্বিভাগ কমপ্লেক্স খুব জরুরি। এর কাজ চলছে। সেখানকার মাটি যে জায়গায় রাখা হচ্ছে, সেখানেও হাসপাতালের নতুন ভবন হবে। তিনি বলেন, ‘রাস্তায় মাটি পড়ার বিষয়টি আমরা জেনেছি। মাটির ঠিকাদারকে বারবার বলছি, যাতে পরিবহনের সময় রাস্তায় মাটি না পড়ে সেই ব্যবস্থা নিতে। আশা করি, এটা কমবে।’পরিচালক আরও বলেন, অভিযোগ জানার পর ঠিকাদারের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের বৈঠক করার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাহায্য করেছে। ঠিকাদার কথাও দিয়েছেন। কিন্তু ভোগান্তি যে কমছে না, সেটা দেখাই যাচ্ছে। এ বিষয়ে ঠিকাদারকে আবার সতর্ক করা হবে।