নগরের বাসে নানা ঝুঁকি
নগরযাত্রীদের প্রধান বাহন বাস। বাসমালিক ও চালকদের উদাসীনতা-অসচেতনতায় খোদ নগরের ভেতরই দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রী ও পথচারীরা। অনেক ক্ষেত্রে আবার যাত্রীরাও নিয়মনীতির তোয়াক্কা করেন না। কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে বাসে চড়ছেন। নগরে বাসের কারণে যাত্রী ও পথচারীদের ঝুঁকির বিষয়গুলো নিয়ে এই আয়োজন। লিখেছেন আজহার হোসেন ও আল-আমিন হক‘বাঁ পা আগে দিয়েন...’সদরঘাট-মিরপুর রুটের ইউনাইটেড সার্ভিসের বাসে কথা হয় পান্থপথের বাসিন্দা সুবর্ণা দাসের সঙ্গে। তিনি গুলিস্তান থেকে পান্থপথ যাচ্ছিলেন। সুবর্ণা বলেন, ‘সিগন্যাল পার হয়ে কারওয়ান বাজার মোড়ের দিকে এসে বাস ঠিকমতো থামে না। অনেকটা চলন্ত অবস্থায় বাস থেকে নামতে হয়। হেলপার শুধু বলতে থাকে, বাঁ পা আগে দিয়েন। এভাবে নামতে গিয়েও অনেক সময় যাত্রীরা রাস্তার ওপর পড়ে যায়। আবার কখনো নামার আগেই সড়কে অপেক্ষমাণ যাত্রীরা হামলে পড়ে বাসের দরজায়। সব মিলিয়ে মহিলা যাত্রীরাই বেশি বিপাকে পড়ে। ট্রাফিক সার্জেন্ট তাড়া করলে তো কথাই নেই, তখন কারওয়ান বাজারে যাত্রী না নামিয়ে বাসগুলো ফার্মগেটে চলে যায়।’এদিকে কারওয়ান বাজার মোড়ে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে টানানো হয়েছে নির্দেশনা। তাতে বলা হয়েছে, ফার্মগেটগামী কোনো বাস এখানে থামানো যাবে না। অথচ এ রুটে চলাচলকারী বেশির ভাগ বাসই সেখানে থামছে।আস্তে আস্তে চলছে, এমন বাস থেকে নামতে গিয়ে যাত্রীরা যে বিপদে পড়েন, তা স্বীকার করলেন সদরঘাট-নারায়ণগঞ্জ রুটের আজমীর পরিবহনের কন্ডাক্টর রুবেল। তিনি বলেন, ‘ডান পা আগে দিয়ে কত মানুষ পা ভাঙল, মচকাইল। আবার এ জন্য আমাগোর মাইরও খাওন লাগে।’এদিকে বনশ্রীর হাসিন আহমেদ জানান, রামপুরা টিভি ভবনের কাছে সব সময় বাস থামে। এখান থেকে যাত্রী ওঠানো-নামানো হয়। কিন্তু পথে ট্রাফিক সার্জেন্ট থাকলে চালক বাস থামাতে চান না। তখন বাস চলে যায় রামপুরা ব্রিজের অন্য পাশে। যেটা প্রকৃত স্টপেজ, সেখানে নিয়মিত বাস থামালে যাত্রীরা সেভাবেই অভ্যস্ত হবেন। অননুমোদিত জায়গায় চালকেরা বাস থামান বলে নামতে-উঠতে গিয়ে বিপাকে পড়তে হয়। সড়কে পর্যাপ্ত বাসস্টপেজ নির্দেশকও নেই বলে অভিযোগ করেন বাসযাত্রীরা।কে কার আগে যাবে?খামারবাড়ির সামনের সড়কে চলছিল মিরপুর-যাত্রাবাড়ী রুটের চয়েজ সার্ভিসের একটি বাস। এই বাসের চালক হঠাৎ করে বাসের গতি বাড়িয়ে দিলেন। কারণ, তাঁকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে গাবতলী-যাত্রাবাড়ী রুটের একটি বাস। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। পাশাপাশি বাস দুটি কিছু সময় চলার পর সড়ক বিভাজকে ধাক্কা দেয় চয়েজ সার্ভিসের বাসটি। চালক হঠাৎ করে ব্রেক কষেন, আর তাতে বাসের ভেতর থাকা যাত্রীরা গতি সামলাতে না পেরে একে অন্যের গায়ে পড়েন। কেউ কেউ হাঁটুতে, মাথায় মৃদু আঘাত পান।সড়কে প্রতিযোগিতাটা বেশি হয় একই রুটের একই গন্তব্যের বাসের সঙ্গে। কে কার আগে সামনের স্টপেজে গিয়ে যাত্রী ওঠাবে তা নিয়েই মূলত প্রতিযোগিতা। তাই হেলপার পেছনে বা পাশে একই রুটের বাস দেখলেই চালকের উদ্দেশে হাঁক দেন, ‘ওস্তাদ, নম্বর!’ এই কথা শুনে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে চালক বাসের গতি বাড়িয়ে দেন। অনেক সময় যানজট এড়াতে নিয়ম ভঙ্গ করে উল্টোপাশের ফাঁকা লেনে বাস ঢুকিয়ে দেন চালকেরা।এতে সঠিক লেনে চলা যানবাহনের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে। গত ১৭ সেপ্টেম্বর এমনি এক ঘটনায় শাহবাগ শিশুপার্কের সামনের সড়কে দুই বাসের সংঘর্ষে বেশ কয়েকজন যাত্রী আহত হন।বাসের ভেতরও বিপদ‘এমনিতেই যে গরম তাতে আবার বাসের এই ছোট সিটে দুজন চাপাচাপি করে বসতে হয়। এভাবে চলাচল করা মুশকিল হয়ে পড়েছে,’ বলেন উত্তরার বাসিন্দা রিপন আহমেদ।নগরের অনেক বাসেই আসনের পরিসর কম। আবার আসনের সামনে পা রাখার পর্যাপ্ত জায়গা থাকে না অনেক বাসে। তাই যাত্রীর হাঁটু লেগে থাকে সামনের আসনের পেছনটায়। এতে হাঁটুতে প্রচণ্ড চোট পেতে হয় বলে জানালেন একাধিক যাত্রী। নুরে আলম নামে একজন যাত্রীর ক্ষোভ, ‘৩ নম্বর রুটের বাসে বসার পর মনে হয়, হাঁটু না থাকলেই বোধ হয় ভালো হতো।’ এ নিয়ে ৩ নম্বর রুটের বাসচালক কফিল বলেন, ‘আমরা কী করমু, মালিকেরা না ঠিক করলে তো আমাদের কিছু করার নাইকা।’জীবনের চেয়ে সময়ের মূল্য বেশি!ফার্মগেটের তেজগাঁও কলেজের সামনে গুলশান-সাভার রুটের লাব্বাইক পরিবহন সার্ভিসের একটি বাস থামার সঙ্গে সঙ্গে ওঠার জন্য হুমড়ি খেয়ে পড়লেন অপেক্ষমাণ যাত্রীরা। বাসের ভেতর তখন পা রাখার মতো জায়গা নেই। বেশ কয়েকজন পুরুষ যাত্রী বাসের দরজায় ঝুলছিলেন। তার পরও এক যুবক বাসের হেলপারের নিষেধ উপেক্ষা করে দরজার হাতল ধরে তাতে ওঠার চেষ্টা করছিলেন। তখন বাস চলতে শুরু করেছে। সেই যুবক ঝুলে রয়েছেন বাসের হাতল ধরে। একটু জোরে বাসটি এগিয়ে যেতেই হাত ফসকে তিনি রাস্তায় পড়ে গেলেন। এতে তিনি কনুইয়ে আঘাত পান।অনেক বাসের ভেতর লেখা দেখা যায়, ‘সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি।’ এই সতর্কবাক্য উপেক্ষা করে অনেক যাত্রী দরজায় ঝুলে বাসে চলার চেষ্টা করেন। কোনো কোনো যাত্রী দৌড়ে চলন্ত বাসে ওঠেন। কেউ বা চলন্ত বাস থেকে নামার চেষ্টা করেন। তাঁদের কাছে যেন জীবনের চেয়ে সময়ের মূল্য বেশি।বাসের দরজায় ঝুলে চলাচল করলে আরেক বাসের নিচে চাপা পড়ে কিংবা বাস থেকে ছিটকে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে চিড়িয়াখানা-মতিঝিল রুটের নিউ ভিশন পরিবহনের বাসচালক জাভেদ হোসেন জানালেন, বাসে ঝুলে থাকা এক যাত্রীকে ছিটকে পড়ে মারা যেতেও দেখেছেন তিনি।এ প্রসঙ্গে তেজগাঁও কলেজের ছাত্র মঞ্জুর কবির বলেন ‘বাসের সংখ্যা বাড়ালে যাত্রীরা এমন ঝুঁকি নিয়ে বাসে বাদুড়ঝোলা হয়ে যাবে না।’