নগরের বুকে কৃষকের খোঁজে
একদিকে ইট-কাঠ আর পাথরের জঞ্জাল, অন্যদিকে ছোট্ট এক টুকরো মাঠে সবুজ ফসলের গায়ে শিশিরের প্রলেপ। শীত এলেই নগরে এমন দৃশ্য অনেক জায়গায়ই চোখে পড়ে। গ্রাম থেকে কৃষির স্বপ্ন নিয়ে আসা কৃষকের সন্তানেরা নগরের বুকে সবুজের মিশেল দিতে হাতে তুলে নেয় কোদাল-কাস্তে। হেমন্তের শুরুতেই নগরের পরিত্যক্ত জায়গা-জমি সাফ-সুতোর করে কৃষিপ্রেমী সেই মানুষগুলো শীতের শাকসবজির চাষাবাদ করে।মতিঝিলের আকাশছোঁয়া দালানের অদূরেই খালি জায়গায় চলছে কৃষিকাজ। কমলাপুর টিটিপাড়া বস্তির পূর্ব পাশের রেলওয়ের খালি জায়গা লিজ নিয়ে আমতলার পাঁচজন বাসিন্দা পুরোদস্তুর কৃষক হয়ে উঠেছেন। শীতের শাকসবজিতে ভরে উঠেছে এখানকার জমি। কোথাও লালশাকের লালের বাহার, কোথাও পালং, ডাঁটা, পুঁই এবং মুলার সবুজে ছেয়ে আছে মাঠ। এখানকার একজন শহুরে কৃষক দ্বীন ইসলাম জানান, বাপ-দাদার পেশাকে ধরে রাখতেই কৃষিকাজ করা। কৃষির সঙ্গে যেন তাঁর রক্তের সম্পর্ক জড়িয়ে রয়েছে। মাটিকে ভালোবাসতে পারলে তার বুকে সোনার ফসল ফলে। তিনি আরও জানান, এখানকার উৎপাদিত সবজি কীটনাশক ও রাসায়নিক সারমুক্ত। আর তাই তো স্বাস্থ্যসচেতন অনেকেই সকাল হতে না হতেই তাঁর সবজির বাগানে ভিড় করেন। বেচা-বিক্রি ভালোই চলছে। তাঁর আনন্দোজ্জ্বল মুখ দেখে সেটা ভালোই ঠাহর করা যায়।মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের কোয়ার্টারের ভেতর কৃষির বিপ্লব চলছে যেন! এখানকার ভবনগুলোর আশপাশের খালি জায়গায় চলছে শীতের সবজির আবাদ। দেখা গেল পুঁই, পালং, মুলা, ডাঁটাশাক বাতাসে দোল খাচ্ছে। হাত দুয়েক উঁচুতে মাচায় ঝুলছে, লাউ, শিম আর কুমড়োর ডগা। এখানকার এক শৌখিন কৃষক আবদুল মান্নান। তাঁর সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘এখনকার শহরের ছেলেপুলেরা তো জানেই না কীভাবে ফসল ফলে। কৃষিকাজ খুব দরদ দিয়ে করতে হয়। অবসর সময়টা আরও ভালোভাবে উপভোগ করতে এখানে খেত-খামার করেছি। এতে যেমন শরীর মন ভালো থাকে, তেমনি টাটকা শাকসবজিও খাওয়া যায়।’ বক্ষব্যাধি হাসপাতালের কোয়ার্টার ঘুরে দেখা গেছে, ফসল ফলানোর জন্য এখানকার কেউই কীটনাশক কিংবা রাসায়নিক সার ব্যবহার করেন না। সারের বিকল্প হিসেবে চায়ের দোকানে ফেলে দেওয়া চা-পাতি এবং গোবর ব্যবহার করছেন তাঁরা। আগারগাঁওয়ের অফিসপাড়ার আশপাশের খালি জায়গায় চলছে শীতের সবজি চাষের মহোৎসব। ইসলামিক ফাউন্ডেশনের উত্তর পাশের খালি জায়গায় চলছে নানা পদের শাকসবজির চাষ। ছোট ছোট প্লট করে এখানকার ছিন্নমূল মানুষেরা সবজির আবাদ করেছেন। সবুজ রঙের পালং, ডাঁটা আর মুলাশাকের পাশাপাশি এখানে দেখা গেল লালশাকের দৃষ্টিনন্দন রঙের খেলা। এখানকার একটি প্লটে কোদাল দিয়ে মাটি আলগা করছিলেন কুমিল্লার জামাল হোসেন। পেশায় তিনি একজন দিনমজুর কিন্তু এখন তিনি কৃষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তাঁর সঙ্গে কৃষির সাত-সতেরো নিয়ে কথা হলে তিনি বলেন, ‘যখন গ্রামে থাকতাম তখন কৃষিকাজ করতাম। গ্রামে কাজের অভাব, তাই শহরে আসা। আমার মতো অনেকেই এখানে আবাদ করছেন। সরকারি জায়গা খালি পইড়া ছিল। ভাবলাম, চাষবাস করি।’আগারগাঁওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উল্টো পাশের খালি জায়গায় রয়েছে শাকসবজির বাগান। একই দৃশ্য দেখা গেল বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের পূর্ব পাশের পুকুর পাড়েও। গণপূর্ত অধিদপ্তরের এই খালি জায়গায় শীতের নানা শাকসবজির চাষ করা হয়েছে। ছুটির দিনে নিজের ছোট্ট মেয়েকে নিয়ে এখানকার সবজিখেতে কাজ করছিলেন বরিশালের শাহাবুদ্দিন। তাঁর সঙ্গে কথা হলে তিনি জানান, যখন তিনি ছোট ছিলেন, তখন তাঁর বাবার সঙ্গে খেতে কাজ করতেন। চাকরির সুবাদে নগরের বাসিন্দা হওয়ায় কৃষির সঙ্গে আগের মতো আর সখ্য নেই। তাই কৃষির সঙ্গে সখ্য রাখার জন্যই এখানে তাঁর বাগান করা। এতে যেমন ভালো সময় কাটে, তেমনি দুই পয়সা বাড়তি রোজগারও করা যায়। আগারগাঁওয়ের তালতলা সরকারি কলোনির সামনে-পেছনের খালি জায়গায় এখানকার অনেক বাসিন্দাই শীতের সবজির চাষ করেছেন। এ ছাড়া আগারগাঁও চৌরাস্তার মোড়ের সড়কদ্বীপে লাউ ও কুমড়োর চাষ করেছেন গফুর মিয়া নামের এক কৃষক।মাঠে হলুদ বরন সরিষা ফুল ফুটে আছে। ফুলের ওপর মৌমাছির মধু আহরণের চঞ্চল উপস্থিতি। পাশেই পেঁয়াজের সবুজ কচি ডগা বাতাসে তার অস্তিত্ব জানান দিচ্ছে। গ্রাম-বাংলার এমন দৃশ্য দেখা গেল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে।শীতের সময় এই বিশ্ববিদ্যালয়ের খামার বিভাগের তত্ত্বাবধানে এখানকার মাঠে নানা জাত ও পদের শাকসবজির আবাদ করা হয়। কৃষি বিশ্ববিদ্যালয়ের খামার বিভাগের সহকারী তত্ত্বাবধায়ক মালেক বাদশা জানান, এখানকার ছাত্রছাত্রীদের এমএস করার সময় গবেষণার প্রয়োজনে মাঠে কাজ করতে হয়। এখানকার শিক্ষকের তত্ত্বাবধানে এখন শীতের শাকসবজি যেমন: পালংশাক, মুলাশাক, আলু, মিষ্টিকুমড়ো, পেঁয়াজ, গাজর, টমেটো, ভুট্টা, সয়াবিন, সরিষা ও গমের আবাদ হচ্ছে। তিনি আরও জানান, এখানকার উৎপাদিত শাকসবজি মূলত গবেষণার কাজে ব্যবহূত হয়। গবেষণা শেষে যেটুকু বাঁচে, সেটুকু এখানকার শিক্ষক ও কর্মচারীরা নির্ধারিত দরে কিনে নেন।