নগরের ‘পাখির হাটে’ র্যাবের নজরদারি
সিলেট নগরে ‘পাখির হাট’ হিসেবে পরিচিত বন্দরবাজারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি বিশেষ দল নজরদারি করছে। র্যাবের এ নজরদারির সঙ্গে সিলেট বন বিভাগের পর্যবেক্ষক দলও রয়েছে। এ নজরদারির শুরুতে ৭ সেপ্টেম্বর অভিযান চালিয়ে ২১টি ঘুঘু ও তিনটি সাদা বক বিক্রির সময় হতেনাতে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করে র্যাব। র্যাব সূত্র জানায়, শীত মৌসুম সামনে রেখে সংঘবদ্ধ পাখি শিকারিদের সঙ্গে যোগসাজশ করে মুরগি বিক্রেতাদের একটি চক্র পাখি বিক্রি করছে। সাদা বক ও ঘুঘুসহ নানা রকম পাখি বিক্রি হয় মোরগ বিক্রির আড়ালে। প্রথম আলোয় প্রকাশ্যে সাদা বক বিক্রির আলোকচিত্র দেখে র্যাবের বিশেষ নজরদারির শুরুতে ৭ সেপ্টেম্বর বন্দরবাজার লালকুটি সিনেমা হলের কাছে অভিযান চালিয়ে র্যাব বাছির আহমদ (৩২) ও সালেহ আহমদ (২৪) নামের দুই পাখি বিক্রেতাকে আটক করে। পরে এদের কাছ থেকে ২১টি ঘুঘু ও তিনটি সাদা বক উদ্ধার করে এদের পুলিশে দেওয়া হয়।র্যাব-৯ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষণ আদেশ ১৯৭৪ আইনে মামলা করা হয়েছে। উদ্ধার করা পাখিগুলো সিলেট বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। সিলেট বন বিভাগের কর্মকর্তা মো. নুরুজ্জামান জানান, বন বিভাগের একটি বিশেষ দলের উপস্থিতিতে বিকেলে ওই পাখিগুলো র্যাব-৯ কার্যালয়ের পাশের বনে অবমুক্ত করা হয়। সিলেট নগরের বন্দরবাজারে মোরগ বিক্রির ছদ্মাবরণে পাখি শিকারিদের একটি সংঘবদ্ধ দল তৎপর। এ নিয়ে প্রথম আলোয় ‘মোরগের আড়ালে ঘুঘু’ শিরোনামে প্রতিবেদনসহ একাধিক আলোকচিত্র প্রকাশিত হয়েছে। বন বিভাগ জানায়, পাখি বিক্রি বন্ধ করতে শিকারিদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বন বিভাগের একটি দল তৎপর হয়েছে।