নজর কেড়েছে ওয়াকা ওয়াকা হট ফেভারিট মাসাককালি
পবিত্র ঈদুল ফিতরের দিন যতই এগিয়ে আসছে, ফরিদপুরের মার্কেটগুলো ক্রেতাদের পদভারে ততই মুখরিত হয়ে উঠছে। ঈদ সামনে রেখে ফরিদপুরের মার্কেটগুলোও সেজেছে হরেক রকম সাজে। প্রতিদিন সকাল নয়টা থেকে রাত ১২টা পর্যন্ত চলছে কেনাকাটা। নারী, পুরুষ, তরুণ, তরুণী, শিশুসহ সব স্তরের মানুষ ঈদের কেনাকাটায় ব্যস্ত। মানুষ পোশাক পছন্দ করতে এক দোকান থেকে অন্য দোকানে ছুটে যাচ্ছে। এদিকে বিক্রেতারা পছন্দসহ পোশাকগুলো তুলে দিতে যারপরনাই কসরত করে যাচ্ছেন। ঈদের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কত বাহারি নাম থ্রিপিসের। ওয়াকা ওয়াকা, সামিয়া, সানিয়া মির্জা, বোম্বে হিট, হঠাৎ গরম, ঝিলিক, চন্দ্র মল্লিকা, অ্যাসকট, কট অ্যাপলিক, স্টিভ ফ্লাওয়ার, ব্লাক নাকলি, মাসাককালি ইত্যাদি। নামের যেমন শেষ নেই, তেমনি বিক্রিও হচ্ছে হরদম।ওয়াকা ওয়াকা নামের ভারতীয় থ্রিপিসের দিকে তরুণীদের নজর সবচেয়ে বেশি। এ ছাড়া নেট হাতা ও কাতানের কাপড়ের তৈরি মাসাককালি এবার তরুণীদের হট ফেভারিট। আর শিশুদের পছন্দ ‘অক্টোপাস’ নামের ফ্রক আকারের জামা।ভরপুর বিক্রি হচ্ছে ফরিদপুরের সব কটি বাজারে। নিউমার্কেট—যেটি তিতুমীর বাজার নামে খ্যাত, আয়শা সুপার মার্কেট, নকশিকাঁথা, চাঁদনী মার্কেট, গোলপুকুর ড্রিম, রেড ক্রিসেন্ট প্লাজা, বারি প্লাজা, মায়া সুপার মার্কেটসহ ছোট-বড় প্রতিটি দোকানে উপচে পড়া ভিড়। শুধু বাজার এলাকার মধ্যেই নয়, শহরের আবাসিক এলাকায় সম্প্রতি কয়েকটি শপিং সেন্টার স্থাপিত হয়েছে। এর মধ্যে ঝিলটুলি মহল্লার ওয়াসিয়ত্ব সুপার শপ, পায়েল ফ্যাশন হাউস, সুইট ড্রিমস ও দেশি কাপড়ের রঙের মেলা ‘রাটাই’ উল্লেখযোগ্য। এগুলোতেও ভিড়ের কমতি নেই। কথা বলার সময় নেই বিক্রেতাদের। প্রায় এক যুগ আগে শহরের গোলপুকুরের মোড় এলাকায় অত্যাধুনিক শপিং কমপ্লেক্স হিসেবে স্থাপন করা হয় ‘গোলপুকুর ড্রিম’। শাড়ি কাপড়, কসমেটিক্স, পাঞ্জাবির দোকান, জুতা-স্যান্ডেল থেকে শুরু করে কম্পিউটার আধুনিক সব আয়োজনই ছিল এ মার্কেটে। কিন্তু এ পর্যন্ত জমেনি মার্কেটটি। অনেক প্রতিষ্ঠান এসেও আবার পাততাড়ি গুটিয়ে চলে গেছে লোকশান গুনে। তবে এবারের ঈদুল ফিতর এই মার্কেটের ব্যবসায়ীদের জন্য যেন নিয়ে এসেছে সৌভাগ্যের বার্তা। এবার বেচাকেনার মধ্য দিয়ে জমে উঠেছে গোলপুকুর ড্রিম।গোলপুকুর ড্রিম শপিং সেন্টারের রাপা কালেকশনের ক্যাশিয়ার আলী মোর্তজা জানান, বেচাকেনা খুব ভালো হচ্ছে। প্রতিদিনই এক লাখ, দেড় লাখ টাকার মালামাল বিক্রি হচ্ছে। ঈদ বলেই এ হুলস্থূল। বছরের অন্যান্য দিন গড়ে ১৫ হাজার টাকার মালামালও বিক্রি হয় না। বোম্বে থ্রিপিসের দিকেই প্রধান নজর তরুণীদের। ওয়াকা ওয়াকা বিক্রি হচ্ছে তিন হাজার থেকে সাত হাজার টাকায়। থ্রিপিস সামিয়ার দাম ১৫ হাজার টাকা, সানিয়া মির্জা পাঁচ হাজার থেকে ১০ হাজার, বোম্বে হিট এক-দেড় হাজার টাকা থেকে সাত হাজার টাকা দামে বিক্রি হচ্ছে।রাপা কালেকশনের মূল ক্রেতা শিশুরা। শিশুদের জামা-কাপড় থেকে শুরু করে জুতা-স্যান্ডেল সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে। শিশুদের প্রিয় আইটেম অক্টোপাস বিক্রি হচ্ছে প্রতিটি দুই হাজার টাকায়। আর শিশুদের সেরওয়ানি বিক্রি হচ্ছে পাঁচ হাজার টাকায়।কারার জোনের চপল চক্রবর্তী জানান, ছেলেদের প্যান্ট, শার্ট ও টি-শার্ট—এই তিন ধরনের সামগ্রী এখানে পাওয়া যায়। প্যান্ট বেশি বিক্রি হচ্ছে গ্যাভাডিনের। এর পরই রয়েছে জিন্স। এ বছর বেচাকেনা দ্বিগুণ হয়েছে।কাশফুলের সেলস ম্যানেজার মো. জাকির হোসেন বলেন, ‘পাঞ্জাবির কালেকশনে আমরাই সেরা। ১১১টি রঙের পাঞ্জাবি আছে আমাদের ভান্ডারে। দামের শুরু ৮০০ টাকা থেকে। ছয় হাজার টাকা দামের পাঞ্জাবিও এখানে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তরুণীদের জন্য রয়েছে হরেক রকম নামের ও দামের থ্রিপিস। থ্রিপিস হঠাৎ গরম বিক্রি হচ্ছে নয় হাজার ৫০ টাকায়, ঝিলিক আট হাজার ৮০ টাকায়, চন্দ্র মল্লিকা, অ্যাসকট, স্টিভ ফ্লাওয়ার, ব্লাক নলাকি ও মাসাককালির দাম তিন হাজার টাকা, কট অ্যাপলিকের দাম দুই হাজার ৪০০ টাকা।’প্রাইডের দোকানে শুধু প্রাইডের শাড়িই পাওয়া যাচ্ছে। সেলসম্যান মো. রাজিব জানান, এখানে সব ধরনের সুতির শাড়ি পাওয়া যায়। দাম ৩১০ টাকা থেকে এক হাজার ৮৫০ টাকা। গোলপুকুর ড্রিম মার্কেটে ‘বিশাল মূল্য হ্রাস’ ব্যানার টানিয়েছে রাখাল বাঁশি নামের দোকানটি। এখানে পাঞ্জাবি, জামা, প্যান্ট ও টি-শার্ট বিক্রি হচ্ছে। কতটুক ‘বিশাল মূল্য হ্রাস’ জানতে চাইলে দোকানের সেলসম্যান মামুন জানান, ৫০ শতাংশ কম দামে সব বিক্রি হচ্ছে।বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পরিচালিত রেড ক্রিসেন্ট প্লাজার ‘কারুগৃহ’র সেলসম্যান আবদুুল হাই বলেন, ‘আমাদের এখানে মেয়েদের তাতের শাড়িই প্রধান আকর্ষণ। দামও হরেক রকমের। কোনো শ্রেণীর ক্রেতারই বিমুখ হয়ে ফিরে যাওয়ার উপায় নেই। ৩৫০ টাকা থেকে শুরু করে আট হাজার টাকা দামের তাতের শাড়ি এখানে পাওয়া যায়।’বসে নেই টেইলাররাও: সবখানেই ভিড়। ইতিমধ্যে ১০০ পাতার তিনটি বই শেষ করে ফেলেছে তিতুমীর বাজারের টেইলার অলোক রায়। তিনি জানান, প্যান্ট ২০০ টাকা ও শার্ট ১৫০ টাকার কমে কাটা হয় না। যেসব টেইলারের দোকানে বেশি ভিড় দেখা যায়—তার মধ্যে বস টেইলার্স, হাবিব টেইলার্স, আধুনিক টেইলার্স, শেরাটন টেইলার্স, লিজেন্ড টেইলার্স ও সিরাজ টেইলার্স অন্যতম। অনেক টেইলার্স ইতিমধ্যেই জামা-কাপড় বানানোর অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছে।জুতার বাজার: ‘ঈদের কেনাকাটায় জুতা মানেই বাটা’—এ আহ্বানের মধ্য দিয়ে দোকান সাজিয়েছে বাটা বাজার। বাটা বাজারের ম্যানেজার মো. আবু জাফরের কথা বলার ফুরসত নেই। ক্রেতা পছন্দের জুতা বা স্যান্ডেল নিয়ে কাউন্টারের সামনে আসছেন, টাকা দিচ্ছেন, ম্যানেজার টাকা নিয়ে মেশিনে এন্ট্রি করে রসিদ বুঝিয়ে দিচ্ছেন। বাটার এবারের আকর্ষণ স্যান্ডেল ‘উইন ব্লানার’। দাম ৭৫০ থেকে ৯৯০ টাকা পর্যন্ত। বিক্রি হচ্ছে ভালো। অ্যাপেক্স গ্যালারিতে প্রতিদিনই নতুন নতুন আইটেম যুক্ত হচ্ছে। জানালেন সেলস ম্যানেজার মো. হুমায়ুন কবীর। তাঁর মতে, ক্রেতাদের আকর্ষণ নতুন আইটেমের দিকেই বেশি। এখানে ৫০০ টাকা থেকে শুরু করে সাড়ে চার হাজার টাকা মূল্যের জুতা ও স্যান্ডেল পাওয়া যাচ্ছে।সোনার বাজার: প্রাণকৃষ্ণ জুয়েলারির মালিক প্রাণকৃষ্ণ কর্মকার বলেন, ‘ঈদ উপলক্ষে সোনার অলংকারের চাহিদা বেড়েছে। ঈদের পর পরই সব সময় বেশ কয়েকটি বিয়ের আয়োজন করা হয়। এ জন্য ঈদে চাপ পড়ে। নতুন অলংকার বানানোর পাশাপাশি পুরোনো অলংকার ভেঙে নতুন ডিজাইনের অলংকার মানুষ সাধারণত এই সময় বানিয়ে থাকে। তা থেকে আমরা মজুরি পাই। এ ছাড়া রুপার অলংকারে পাথর বসিয়ে সোনার পালিশ (ইলেট্রোপ্লেটিং বা গিল্টি কারা) করা হচ্ছে, সোনার দাম বেশি হওয়ায় এর কদর দিনে দিনে বাড়ছে।আসবাবপত্রের বাজার: আসবাব সামগ্রী অটবির শোরুমের ম্যানেজার নাজমুল হক বলেন, ‘ঈদ উপলক্ষে আটবির সব ধরনের পণ্যের ওপর পাঁচ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। গত বাজেটে অটবির কাঁচামালের ওপর নতুন কর ধার্য করায় সব পণ্যের মূল্য ৪ জুলাই থেকে ১০ শতাংশ বাড়ানো হয়েছে। এর ফলে ক্রেতা কম আসছেন। তবে এই সময় কম্পিউটার টেবিল, সুব্যাক ও আলমারির কদর ও বিক্রি বেশি।’ইলেকট্রনিক বাজার: ইলেক্ট্র ট্রেডার্সের মালিক আল-মামুন মঞ্জুরুল হক জানান, ঈদকে সামনে রেখে সাধারণত টিভি ও রেফ্রিজারেটর বেশি বিক্রি হয়। তবে এবার এখনো বিক্রি শুরু হয়নি। আশা করছি, বেতন ও বোনাস হওয়ার পর বিক্রি বাড়বে।স্টুডিও বাজার: কনকর্ড স্টুডিওর মালিক মীর গোলাম মোস্তফা কামাল বলেন, ‘আগে ঈদের দিনটির দিকে আমরা তাকিয়ে থাকতাম। ঈদের দিন এবং তার পরের কয়েক দিন প্রচুর ছবি তোলার কাজ পেতাম। কিন্তু প্রযুক্তির উন্নতি হওয়ায় ঘরে ঘরে ডিজিটাল ও মোবাইল ক্যামেরা হওয়ায় আমাদের ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।’ঈদ সংখ্যা: পত্রিকা স্টল বই বিচিত্রার ম্যানেজার কার্তিক রায় জানান, এ পর্যন্ত যতগুলো ঈদ সংখ্যা পত্রিকা বের হয়েছে এর মধ্যে ভালো চলছে প্রথম আলো। এর পর ২০০০, তার পর সমকাল। তিনি জানান, তবে প্রথম আলোর দাম বেশি হয়ে গেছে। গত বছর ছিল ১২০ টাকা। এবার পাতা বাড়েনি; কিন্তু দাম বেড়েছে ৩০ টাকা। দাম কম থাকলে বিক্রি আরও বাড়ত।খাবাসপুরের ছোট্ট মেয়ে সুপর্ণা মায়ের সঙ্গে ঈদের বাজারে এসেছে। তার জন্য বাজেট ছিল এক হাজার টাকা। কিন্তু মেয়ে চোখের পানি আর নাকের পানি একাকার করে এক হাজার ৯০০ টাকা দিয়ে অক্টোপাস কিনতে বাধ্য করেছে মাকে। নীলটুলি এলাকার নাইম বলেন, ‘আমি কাশফুল থেকে একটি পাঞ্জাবি পছন্দ করেছি। দাম দুই হাজার টাকা। বাবাকে বলেছি, ওটাই কিনব।’ লক্ষ্মীপুর এলাকার কিশোর তালহা বাবার সঙ্গে বাজারে এসে কিনেছে ২০০ টাকা দামের একটি পাঞ্জাবি, ২৭০ টাকা দামের এক জোড়া স্যান্ডেল ও ৫০ টাকা দামের একটি টুপি। তাতেই সে খুশি। এতেই তার চলে যাবে ২০১০ সালের ঈদ।