নজর কেড়েছে বাঙ্গি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন বাজারে এখন মৌসুমি ফলের সমাহার। বগুড়ার বাজারগুলোতেও উঠেছে হরেক রকমের ফল। তবে আলাদাভাবে নজর কেড়েছে ফল বাঙ্গি। বগুড়ায় এবার বাঙ্গির ফলনও হয়েছে ভালো।বগুড়ার কোনো কোনো এলাকায় মাঠের পর মাঠজুড়ে বাঙ্গিখেত চোখে পড়ে। খেত থেকে কয়েক হাত ঘুরে তা চলে যাচ্ছে শহরের ফলের দোকানে। কোনো কোনো চাষি খেত থেকে বাঙ্গি তুলে নিজেই শহরে ফেরি করে বিক্রি করছেন।বাঙ্গি কোথাও কোথাও ফুটি নামে পরিচিত। বাঙ্গির খোসা সবুজ, পাকলে হলুদ রঙের ডোরাকাটা, ভেতরের শাঁস হালকা গোলাপি-সাদা, বেলে ধরনের। বাঙ্গি পাকলে ফেটে যায়। বগুড়ায় চাষ হওয়া বাঙ্গি সবই দেশি জাতের।বগুড়া সদরের মহাস্থানগড়, গাবতলীর রহিমারপাড়া ও আকন্দপাড়া, সোনাতলার হাট করমজা, সারিয়াকান্দির ফুলবাড়িয়া, শিবগঞ্জের মুরাদপুর, বরিয়াহাট ও ইসলামপুর এলাকায় এবার বাঙ্গির বাম্পার ফলন হয়েছে।গত রোববার বগুড়া শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে ‘সবজিগ্রাম’ বলে পরিচিত রহিমারপাড়ার এলাকায় ছোট একটি বাজারে পৌঁছতেই মনে হলো বাঙ্গির রাজ্য! ডালিতে বাঙ্গির সারি সাজিয়ে বগুড়া শহরে ছুটছেন চাষি-ফড়িয়ারা। বাঙ্গির ভার নিয়ে টেম্পোর জন্য অপেক্ষা করছেন কেউ কেউ। বাঙ্গিখেতের খোঁজ করতেই ৮৫ বছরের বৃদ্ধ নাজেম আলী প্রামাণিক বললেন, ‘যুদ্ধর বছরত থ্যাকে এটি বাঙ্গির আবাদ হচ্চে। একন একানের সগলি বাঙ্গির আবাদ করিচ্চে।’ বাজার থেকে আইল পথে স্থানীয় নাপতের আটা মাঠে গিয়ে চোখ ছানাবড়া। খেতের পর খেত বাঙ্গি আর বাঙ্গি। খেত পরিচর্যা আর বাঙ্গি তুলতে অনেকেই ব্যস্ত। এখান থেকেই পাইকারেরা বাঙ্গি কিনছে।স্থানীয় কৃষক নজরুল ইসলাম জানালেন, রহিমারপাড়া ও আকন্দপাড়া মিলে দেড় শতাধিক চাষি অন্তত ৫০ বিঘা জমিতে বাঙ্গি চাষ করেছেন। ভূদেব চন্দ্র বলেন, ‘পাকা বাঙ্গিখেত থেকে তুলে কলাগাছের ঢিঙ্গা (ছাল) দিয়ে বেঁধে বাজারে নিতে হয়। আমরা দুই কেজি ওজনের বড় বাঙ্গির দাম পাই সর্বোচ্চ আট থেকে দশ টাকা। আকারভেদে এ বাঙ্গি শহরে ৪০ থেকে ৭০ টাকায় বিক্রি হয়।’ বাঙ্গি চাষি আমির কাজী বলেন, ‘বাঙ্গি চাষত খরচা কম। ফলন ম্যালা। ঠিকমতো দাম পালে বিঘায় ৭০ থেকে ৮০ হাজার টেকার বাঙ্গি বেচা যাতো।’ আকন্দপাড়ার গিয়ে এক গৃহস্থবাড়ির উঠানজুড়ে গৃহবধূদের দেখা গেল, পাকা বাঙ্গি বাঁধাইয়ের কাজে ব্যস্ত। গৃহবধূ রাধা রানী বলেন, ‘হামার স্বামী শহরত বাঙ্গি বেচপার যাবি। তাই বাঁধি দিচ্ছি।’বগুড়া শহরের রাজাবাজার, কাঁঠালতলা, বাদুরতলা, রহমাননগর ও সেউজগাড়ি এলাকায় ফেরি করে বাঙ্গি বিক্রি করেন আকন্দপাড়ার চাষি বঙ্কিম চন্দ্র। ‘খেতত থাকে বাঙ্গি বেচে পাচ্ছি ৫ টেকা। এখন বগুড়া শহরত ফেরি করে বেচে এক একটা বাঙ্গিত দাম পাচ্চি ৩৫ টেকা।’ জানালেন বঙ্কিম। বগুড়ার মুরাদপুরের বাঙ্গিচাষি মোজাফ্ফর হোসেন বলেন, বাঙ্গি চাষে তেমন খরচ নেই। কম খরচে অনেক বেশি লাভ হয় বাঙ্গি আবাদে। বগুড়া সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল হাসান প্রথম আলোকে বলেন, ‘বাঙ্গি চাষে তেমন খরচ নেই। বিঘাপ্রতি গড়ে মাত্র দেড় থেকে দুই হাজার টাকা খরচ হয়। অল্প খরচে বেশি লাভ হওয়ায় অনেক চাষিই এখন বাঙ্গি চাষে ঝুঁকছেন।