জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য এসএসসি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীদের জিপিএ-৫ অর্জনের জন্য বিজ্ঞান বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।হিসাববিজ্ঞান বিষয়ে ভালো করার জন্য হিসাববিজ্ঞানের মৌলিক বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা খুবই প্রয়োজন। এ ক্ষেত্রে মুখস্থ কোনো কিছুই হিসাববিজ্ঞানের গাণিতিক সমস্যা সমাধানে সহায়ক নয়। হিসাববিজ্ঞানের গাণিতিক সমস্যা সমাধানের আগে উদ্দীপকটি অত্যন্ত দুবার ভালোভাবে পড়তে হবে। গাণিতিক সমস্যা সমাধানের সময় কোনো কোনো দফা নতুন মনে হতে পারে। সে ক্ষেত্রে মৌলিক ধারণার ওপর ভিত্তি করে যুক্তিসংগতভাবে তার সমাধান বের করবে। এ বিষয়ে পরীক্ষায় উদ্দীপক ভালোভাবে পড়ে দক্ষতার চারটি স্তরের উত্তর দিতে হবে। এ বিষয়গুলোতে জিপিএ-৫ অর্জনের জন্য প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতার প্রশ্নোত্তরের ভূমিকা অনেক বেশি। প্রয়োগমূলক প্রশ্নোত্তর হবে বাস্তবায়ন-সংক্রান্ত। নতুন পরিস্থিতিতে কীভাবে লক্ষ্যে অগ্রসর হতে হবে, তার নিয়ম পদ্ধতি বা তথ্য-উপাত্তের উপস্থাপন করতে হয় প্রয়োগমূলক প্রশ্নোত্তরে। আর উচ্চতর দক্ষতার জন্য বিশ্লেষণ, সংশ্লেষণ বা ব্যাখ্যার মাধ্যমে নতুন পরিস্থিতি-সংক্রান্ত সিদ্ধান্ত, পরামর্শ বা মতামত দিতে হয়। এ ধরনের প্রশ্নোত্তর লেখার সময় বিষয়বস্তুকে ভিত্তি করে লিখতে হবে। সৃজনশীল পরীক্ষা পদ্ধতি হলো শিক্ষার্থীর অর্জিত শিক্ষণ ফলের দক্ষতাভিত্তিক পরিমাপক। তাই প্রশ্নোত্তর লেখার সময় সৃজনশীলতার মাধ্যমে প্রশ্নের চাহিদা অনুসারে উত্তর দেবে। আমার বিশ্বাস, পরীক্ষায় উপর্যুক্ত বিষয়গুলো মেনে চললে অবশ্যই সফলকাম হবে।