নজর বেশি দাও সূত্র ও চিত্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সালের পরীক্ষার্থীরা, প্রথমবারের মতো সৃজনশীল পদ্ধতিতে পদার্থবিজ্ঞান বিষয়ে পরীক্ষা দিতে যাচ্ছ। এতে ভয় পাওয়ার কিছু নেই। কারণ, এরই মধ্যে তোমরা বোর্ড থেকে পাওয়া নমুনা প্রশ্নে প্রাক-নির্বাচনী ও বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষা এবং মডেল টেস্ট দিয়ে এ পদ্ধতিতে অভ্যস্ত হয়ে উঠেছ।  সৃজনশীল অংশে পূর্ণ নম্বর পেতে উদ্দীপকের প্রশ্ন মনোযোগ-সহকারে পড়ে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। প্রতিটি সৃজনশীল প্রশ্ন চারটি অংশ নিয়ে গঠিত। প্রশ্নের ‘ক’ অংশের উত্তর সম্পূর্ণ জ্ঞানমূলক। সাধারণত কোনো সূত্র, সংজ্ঞা বা একক থাকতে পারে, যা হুবহু পাঠ্যবইয়ের আলোকে লিখতে হবে। ‘খ’ অংশের উত্তরে শিক্ষার্থীদের জ্ঞান ও অনুধাবন—এ দুটি দক্ষতা যাচাই করা হয়। এ অংশের উত্তরও সম্পূর্ণ পাঠ্যবইনির্ভর, তাই সহজে পূর্ণ নম্বর পাওয়া যায়। ‘গ’ অংশের উত্তরে শিক্ষার্থীর জ্ঞান, অনুধাবন ও প্রয়োগ—এ তিনটি দক্ষতা যাচাই করা হয়। এ অংশে সাধারণত উদ্দীপকের আলোকে গাণিতিক সমস্যার সমাধান করতে দেওয়া হয়। এ ক্ষেত্রে প্রথমে সংশ্লিষ্ট মানগুলো চিহ্নিত করতে হবে। তারপর সুনির্দিষ্ট সূত্র প্রয়োগ করে সমাধান করলেই পূর্ণ নম্বর পাওয়া যাবে। ‘ঘ’ অংশের উত্তরে শিক্ষার্থীর জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা—এ চারটি দক্ষতা যাচাই করা হয়। এ অংশে উদ্দীপকের আলোকে শিক্ষার্থী তার অর্জিত জ্ঞান ও অনুধাবন কাজে লাগিয়ে প্রশ্নের উত্তর দিতে পারবে। প্রয়োজনীয় চিত্র দিতে হবে। সবশেষে শিক্ষার্থীকে তার নিজস্ব মতামত বা সিদ্ধান্তে উপনীত হতে হবে, তাহলেই পূর্ণ নম্বর পাওয়া যাবে।