নজরুল বাঙালির চিন্তাচেতনা আনন্দ-বেদনার সাথি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেছেন, অসাম্প্রদায়িক চেতনার অনন্য প্রতীক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। হাজার বছরের বাঙালির ইতিহাসে নজরুলই প্রথম ও শেষ বাঙালি, যিনি সৃজনশীল প্রতিভায় বাঙালি চেতনাকে সামগ্রিকভাবে ধারণ করতে পেরেছেন। আর এ জন্যই তিনি বাংলাদেশের জাতীয় কবি। কবি নজরুলের ১১২তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুরে নজরুল একাডেমীতে জাতীয় পর্যায়ে আয়োজিত তিন দিনব্যাপী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল বুধবার প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন এবং স্থানীয় সাংসদ রেজা আলী।রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেন, ‘কবি নজরুল আমাদের বড়ই আপন। বাঙালির চিন্তাচেতনা ও আনন্দ-বেদনার সাথি। বাংলা ভাষা, বাংলা সাহিত্য ও বাংলা সংস্কৃতির কর্ণধার। তাঁর আবির্ভাব বাংলা সাহিত্যের দেহে ও প্রাণে সঞ্চার করে তারুণ্যের বিপুল ঐশ্বর্য। তাঁর অগ্নিঝরা লেখনী থেকে বেরিয়ে এসেছে মানবিক মূল্যবোধ, সমাজ পরিবর্তনের দর্শন, অন্যায়ের প্রতিবাদ ও আত্মনিয়ন্ত্রণ অধিকারের চেতনা।’রাষ্ট্রপতি আরও বলেন, ‘নজরুল প্রায় এক শতাব্দী আগে পরাধীন সমাজে নারীর প্রতি বৈষম্য লক্ষ করেছেন। আর এখন জ্ঞান-বিজ্ঞানের চরম উৎকর্ষের যুগে একটি স্বাধীন দেশে নারীরা কি সমান অধিকার বা মর্যাদা পাচ্ছেন? নারীর অধিকার কিছুটা সমুন্নত করতে উদ্যোগী হলে আজও এ দেশে প্রবল বাধা-বিপত্তির মোকাবিলা করতে হয়। তবে যত বাধাই আসুক, বাংলাদেশে নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর।’অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সুরাইয়া বেগম। শুভেচ্ছা বক্তব্য দেন কবির নজরুলের নাতনি খিলখিল কাজী। নজরুল স্মারক বক্তৃতা করেন কবি মুহম্মদ নুরুল হুদা। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. লোকমান হোসেন মিয়া।এর আগে সকাল সাড়ে ১১টার দিকে রাষ্ট্রপতি জিল্লুর রহমান হেলিকপ্টারে করে অনুষ্ঠানস্থলে পৌঁছান। পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় তিন দিনব্যাপী নজরুল জন্মোৎসবের উদ্বোধনী অনুষ্ঠান।সভাপতির বক্তব্যে তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, রবীন্দ্র-উত্তর যুগে নজরুলের গান ও কবিতা নতুন ধারার সৃষ্টি করেছে। তাঁর গান ও কবিতা মানুষকে দেশপ্রেমে উজ্জীবিত করেছে।স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, নজরুল মানবতার পক্ষেই কবিতা লিখেছেন। সংগ্রাম-যুদ্ধ-আন্দোলন করেছেন।উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। তিন দিনব্যাপী অনুষ্ঠানকে ঘিরে আয়োজন করা হয়েছে নজরুল মেলার।