নজরুলের বাড়িতে নজরুলচর্চা
রিকশায় করে প্রায় দিনই এ বাড়িটার সামনে যাত্রী নামিয়ে যান রিকশাচালক আনোয়ারুল ইসলাম। কিন্তু কোনো দিন তাঁর জানা হয়নি এ বাড়িটি কার, কী বৃত্তান্ত। বাড়িটা কার? প্রশ্ন করলে উত্তরে দুই পাশে মাথা নাড়লেন তিনি, অর্থাৎ জানেন না। কিন্তু কাজী নজরুল ইসলামের নাম উচ্চারণ করতেই চিনতে পারলেন। বললেন, ‘হ...তাঁরে তো চিনি—ওই যে লম্বা চুলওয়ালা মানুষটার কথা বলতাছেন না? তাঁরে চিনি। ঈদের গান লেখছেন হ্যায়। এইডা তাঁর বাড়ি?’ধানমন্ডির ২৮ নম্বর রাস্তার ৩৩০ নম্বরের বাড়িটা আগে ছিল কবির বাসভবন। সেখানেই এখন গড়ে উঠেছে নজরুল ইনস্টিটিউট। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে আমাদের জাতীয় পর্যায়ে যা কিছু উদ্যোগ, এর প্রতিটার সঙ্গে সম্পৃক্ততা রয়েছে এ প্রতিষ্ঠানটির।নজরুলসংগীতের ভাবধারা, কথা আর সুর, তাল যাতে অক্ষুণ্ন থাকে, সেই চেষ্টাই নজরুল ইনস্টিটিউট প্রতিনিয়ত করে যাচ্ছে। তাই এখানে রয়েছে শুদ্ধ সুরে ও বাণীতে নজরুলসংগীত শেখার সুব্যবস্থা। দুটি ভাগে ভাগ করে সংগীত প্রশিক্ষণ দেওয়া হয় এখানে। যারা একেবারে পারে না, হাতেকলমে তাদের গান শেখানোর ব্যবস্থা রয়েছে এখানে। আর যারা আগে থেকেই খানিকটা জানে, তাদের জন্য রয়েছে উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা। প্রশিক্ষণ দেন সোহরাব হোসেন, সুধীন দাশের মতো ওস্তাদ নজরুলসংগীত গাইয়েরা। ফেরদৌস আরা, লীনা তাপসী খানের মতো নামকরা শিল্পীরাও আছেন তাঁদের সঙ্গে। তাঁরা যে অনেক টাকা সম্মানী পান, তেমন নয়; আসলে নজরুলের প্রতি ভালোবাসাটা রয়েছে বলেই তাঁদের এই প্রয়াস। সে জন্যই শিক্ষার্থীরা এখানে খুবই অল্প খরচে গান শিখতে পারবেন।গানের পাশাপাশি নজরুলের কবিতার আবৃত্তিও শেখা যায় এখানে। নাসিম আহমেদ, শায়েলা আহমেদসহ বেশ কজন রয়েছেন আবৃত্তি শেখানোর দায়িত্বে। নজরুল ইনস্টিটিউটের প্রকাশনা বিভাগটি খুবই গুরুত্বপূর্ণ একটি অংশের নাম। নজরুল ইনস্টিটিউটের নিচতলায় গেটে ঢোকার মুখেই রয়েছে তাদের বিক্রয়কেন্দ্র। কাজী নজরুল ইসলামের লেখা বইগুলো এবং তাঁকে নিয়ে বানানো দুর্লভ সব তথ্যচিত্র কিনতে পাওয়া যায় এখানে। আর এর সবকিছুই বিক্রি হয় বাজারের চেয়ে তুলনামূলক কম দামে।বেশ বড়সড় একটা গ্রন্থাগারও রয়েছে নজরুল ইনস্টিটিউটে। নজরুলের লেখা এবং নজরুলকে নিয়ে লেখা প্রায় সব ধরনের বই রয়েছে এখানে। কাজী নজরুল ইসলামের লেখা যাঁরা পড়তে চান, তাঁর সম্পর্কে যাঁরা জানতে চান, তাঁদের আনাগোনা এ গ্রন্থাগারে হরদম লেগেই আছে। নজরুল-গবেষকেরা তো আসেন-ই।এসবের বাইরেও একটা মিলনায়তন আছে নজরুল ইনস্টিটিউটের। নজরুলের স্মৃতি রক্ষার জন্য রয়েছে জাদুঘর। বর্তমানে দুটিরই সংস্কারকাজ চলছে। সংস্কার শেষ হলে এগুলো সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে।