নজরুলের শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাঙ্ক্ষিত শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নজরুল ইনস্টিটিউট আয়োজিত আন্তর্জাতিক নজরুল সম্মেলনের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম দারিদ্র্য ও শোষণমুক্ত সমাজের স্বপ্ন দেখতেন। বর্তমান সরকার এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকার এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চায়—যেখানে মানুষ উন্নত জীবন পাবে, মানুষ হিসেবে তাদের সব অধিকার ভোগের সুযোগ থাকবে।কবি নজরুলের রচনা থেকে উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিনি (নজরুল) নারী-পুরুষের সম-অধিকারের কথা বলেছেন। বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হতে নারীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বৈষম্যের বিরুদ্ধে নারীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের পাশাপাশি আমাদের সমাজ জীবনকেও সমৃদ্ধ করেছেন। তাঁরা আমাদেরকে প্রতিবাদ ও প্রতিরোধের ভাষা শিখিয়েছেন। প্রধানমন্ত্রী জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশি-বিদেশি সবার কাছে কবি নজরুলের সৃষ্টিকে পৌঁছে দিতে গবেষকসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। নজরুল চর্চা বাড়ানোর আহ্বানও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ইংরেজি, ফরাসি, আরবিসহ বিশ্বের বিভিন্ন জনপ্রিয় ভাষায় নজরুলের সাহিত্য অনুবাদের উদ্যোগ নেওয়া হবে।