নজরুলের সাহিত্যকর্ম অনুবাদের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সব জনপ্রিয় ভাষায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম অনুবাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টির ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, এ ব্যাপারে সরকার সব ধরনের সহায়তা দেবে। আজ শুক্রবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৩তম জন্মজয়ন্তী এবং ‘বিদ্রোহী’ কবিতার ৯০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, নজরুল ইনস্টিটিউটের উদ্যোগে কাজী নজরুল ইসলামের কিছু কিছু রচনা এর মধ্যে ইংরেজি, ফরাসি, লাতিন, চীনা, হিন্দি ও জার্মান ভাষায় অনূদিত হয়েছে। বর্তমানে আরবি ভাষায় এর অনুবাদের কাজ চলছে।জাতীয় কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাঙালি জীবনের এমন কোনো অনুষঙ্গ নেই, যেখানে নজরুলের চিন্তার ফসল নেই। কেবল ভাষা-সংস্কৃতি নয়, জীবনের প্রায় সব ক্ষেত্রে নজরুল ভাবনা আমাদের অনুপ্রাণিত করে।অনুষ্ঠানে ভারতের আইন, বিচার ও সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী সালমান খুরশিদ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, সংস্কৃতিবিষয়ক সচিব সুরাইয়া বেগম ও কবি পরিবারের সদস্য খিলখিল কাজী।নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, ইমেরিটাস অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নজরুলবিষয়ক সাবেক শিক্ষক রফিকুল ইসলাম স্মারক বক্তৃতা দেন। অনুষ্ঠানে আবৃত্তির ওপর সংস্কৃতি মন্ত্রণালয়ের সদস্য প্রবর্তিত সব্যসাচী পদক লাভ করেন বিশিষ্ট আবৃত্তিকার কাজী আবু জাফর সিদ্দিকী। বাসস।নজরুলের সমাধিতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৩তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর সমাধিতে আজ সকালে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকির নেতৃত্বে শিক্ষার্থীরা শোভাযাত্রাসহ কবির সমাধি প্রাঙ্গণে আসেন এবং কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখানে এক স্মরণসভার আয়োজন করা হয়।এদিকে সকাল আটটায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফের নেতৃত্বে আওয়ামী লীগ নেতা-কর্মীরা নজরুলের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দি প্রমুখ। এ ছাড়া সকালে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের নেতৃত্বে তথ্য এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা কবির মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর নজরুল ইনস্টিটিউট, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খানের নেতৃত্বে বাংলা একাডেমী, শিল্পকলা একাডেমী, নজরুল একাডেমি, নজরুল আবৃত্তি পরিষদ, নজরুলসংগীত শিল্পী পরিষদ, গণগ্রন্থাগার অধিদপ্তর, জাতীয় জাদুঘর, শামছুন্নাহার হল, রোকেয়া হল, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, প্রমীলা নজরুল সাংস্কৃতিক গোষ্ঠীসহ রাজধানীর বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে কবির মাজারে শ্রদ্ধা জানানো হয়।বিএনপির পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও রফিকুল ইসলাম মিয়ার নেতৃত্বে নেতা-কর্মীরা কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে কবি পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে কবির নাতনি খিলখিল কাজী বলেন, কবি নজরুল আজ দেশবাসী ও বিশ্ববাসীর সম্পদ। নানা ভাষায় তাঁর রচনাবলি অনুবাদের মাধ্যমে তিনি বিশ্বব্যাপী সমাদৃত। তাঁর চেতনা বাস্তবায়ন করলেই তাঁর বিদেহী আত্মা শান্তি পাবে। এ সময় নজরুলের সমাধির পাশে একটি মঞ্চ তৈরি করে দেশের বিশিষ্ট শিল্পীরা নজরুলসংগীত পরিবেশন করেন। এ ছাড়া বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদ ও শিবালয় সংগঠন নজরুলের চেতনা বাস্তবায়ন ও কোনো একটি মুদ্রায় কবির ছবি ব্যবহারের দাবি জানিয়ে মানববন্ধন করে।