আগে সালমাকে নাকি শুধু সালমা নামে ডাকলে খুঁজে পাওয়া ভার হতো! ডাকতে হতো ‘সালমাআআআআআআ’ নামে! নামের শেষে এতগুলো ‘আ’ বসানোর কারণ ছিল একটাই—মেয়েটা সারা দিন টইটই করে বেড়াত। সকাল-দুপুর-বিকেল—কেবল খেলা খেলা খেলা! ক্রিকেটের মাঠেই ছিল তাঁর যাবতীয় টান। তাই সেই সালমাই পরে যখন বাংলাদেশ মহিলা ক্রিকেট দলে নাম লেখালেন, তখন অন্তত খুলনার নীলকিরিয়ারি গ্রামের কেউই তেমন অবাক হয়নি।‘আমি স্বপ্ন দেখতাম—বিশ্ব ক্রিকেটে একদিন নাম লেখাব আমরা। ছেলেবেলায় মাঠের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখতাম, আর আমার মাথার ভেতরে খেলা করত স্বপ্নটা। স্বপ্নটা দেখে সুখ পেতাম বলেই দেখতাম, কখনো আশা করিনি মহিলা ক্রিকেট দলে খেলব।’ সারাটা বিকেল অনুশীলন শেষে ঘরে ফিরে পুরোনো দিনে ফিরে গিয়েছিলেন সালমা।স্বপ্ন দেখতেন, তবে আশা করতেন না! কেমন পরস্পরবিরোধী হয়ে যায় না কথাটা? সালমা তাঁর স্বপ্ন এবং আশার মধ্যকার তফাতটা ধরিয়ে দেন। তখন যেন মনে হয়, জীবনের ক্রিকেটেও অধিনায়ক এই নারী, ‘স্বপ্নটা দেখতাম বলেই ক্রিকেট খেলতাম। কোনো কিছুর আশা করে বসে থাকলে হয়তো আনন্দটা উপভোগ করতে পারতাম না!’ আশায় বসতি না করার পেছনে পরিবারের অর্থনৈতিক দুরবস্থাই হয়তো বড় কারণ ছিল। বাবা জয়নাল সর্দার উৎসাহ না দিলেও ছোট মেয়েটার জন্য স্বাধীনতা বরাদ্দ রেখেছিলেন যথেষ্ট পরিমাণে। ‘মা অবশ্য খিচিমিচি একটু করতেন!’ বলতে বলতে হাসেন সালমা, ‘সারা দিন ছেলেদের সঙ্গে ক্রিকেট খেললে কে না বকা খায়! তার পরও চলছিল ঠিকঠাক। বড় ধাক্কা খেলাম ২০০১ সালে, ক্লাস এইটে পড়ার সময়।’ বাবা জয়নাল সর্দার চলে গেলেন পৃথিবী থেকে। বড় দুই ভাই তখনো উপার্জনক্ষম হননি। কী করবেন সালমা? পড়াশোনার চাকা থমকে গেল সেখানেই। এর পরও কি ক্রিকেট নিয়ে মাথা ঘামানো চলে? চালাতে হয়, না হলে কেন আজকের সালমা খাতুন! সালমার মা ফরিদা বেগম বলছিলেন, ‘ক্রিকেট নিয়েই থাকত মেয়েটা! কাগজ মুড়িয়ে অথবা শুকনো নারকেল দিয়ে বল বানিয়ে নিত একটা! কাঠের একটা চেলাই ছিল ওর ব্যাট! সেই মেয়েটাই এখন আমাকে একটা বাড়ি করে দিয়েছে! ও বলে, “আমি তোমার জন্য অনেক কিছু করতে চাই!”’ ২০০৬ সালে জেলা দল থেকে ডাক পেলেন সালমা। ১০ জেলার মধ্যকার এক প্রতিযোগিতা হলো সে সময়। সালমা আমাদের নিয়ে গেলেন তাঁর জীবনে প্রথম কোনো বড় টুর্নামেন্টে মাঠে নামার ক্ষণটিতে, ‘খেলাটা সম্ভবত ঢাকার কলাবাগান মাঠেই ছিল। বিপক্ষে ছিল চট্টগ্রাম। প্রথমে ব্যাট পেলাম আমরা। এক উইকেট পড়ার পর মাঠে নামছি। পিচটাকে অনেক দূরে মনে হলো। মাথার ভেতরে একটা প্রশ্নই ঘুরছে—আমি কি পারব? আমি কি পারব?’সেদিন ১০৪ রান করে মাঠ ছাড়লেন সালমা! পেলেন প্রশ্নের জবাব, ‘আমি পারি, পারতে হবে!’ স্বপ্নের ডানায় যোগ হলো পালক। ডাক পেলেন জাতীয় দলের ক্যাম্পে। ২০০৭ সালে প্রথম বিদেশ সফর। মালয়েশিয়ার মাঠে খেলা। টুর্নামেন্ট শেষে বিজয়ীর হাসি নিয়ে দেশে ফেরা। এর মধ্যেই স্বাক্ষর রাখলেন নিজের শক্তিমত্তার। ২০০৮ সালে সালমাকে দেওয়া হলো বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের ভার। ভার বহন করার মতো শক্ত কাঁধ নিয়েই মাঠে নেমেছিলেন। গেল বছর বাংলাদেশের মেয়েরা ওয়ানডে স্ট্যাটাস পেল তাঁরই নেতৃত্বে। একটাই আফসোস তাঁর, ‘ইশ্, এবারই যদি বিশ্বকাপে নাম লেখাতে পারতাম! তবে আমরা সৌভাগ্যবান। ছেলেরা কিন্তু প্রথমবারই ওয়ানডে স্ট্যাটাস পায়নি, আমরা পেয়েছি! মেয়েদের ক্রিকেট নিয়ে আমি বড় আশাবাদী। আমরা ভালো করার পর অনেকেই মেয়েদের ক্রিকেটার বানাতে আগ্রহী। মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টেছে, এটা বড় ইতিবাচক দিক। স্বপ্ন দেখি, ছেলেদের আগে মেয়েরাই ক্রিকেট বিশ্বকাপ জিতবে!’ সালমা স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নে সংক্রমিত আমরাও!