নতজানু হব না, আত্মসমর্পণও নয়: গাদ্দাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি পশ্চিমা শক্তির বিরুদ্ধে শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে গতকাল মঙ্গলবার প্রচারিত এক অডিও বার্তায় তিনি বলেছেন, ‘আমাদের কাছে একটি পথই খোলা আছে। আর তা হচ্ছে, মরি বা বাঁচি, আমরা লিবিয়াতেই অবস্থান করব।’ বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।অডিও বার্তায় গাদ্দাফি বলেন, ‘আমরা নতজানু হব না, আত্মসমর্পণও করব না।’ তিনি বলেন, ‘তোমাদের ক্ষেপণাস্ত্র থেকে আমরা অনেক শক্তিশালী। তোমাদের বিমান ও বিস্ফোরণের আওয়াজ থেকে লিবিয়ার জনগণের কণ্ঠস্বর অনেক বেশি শক্তিশালী।’ গাদ্দাফি সমর্থকদের ত্রিপোলিতে তাঁর বাসভবন বাব আল-আজিজিয়ায় জড়ো হওয়ার আহ্বান জানান।রাষ্ট্রীয় টিভি গাদ্দাফির অডিও বক্তৃতা প্রচারের পর আদিবাসী নেতাদের সঙ্গে তাঁর এক বৈঠকের ছবি প্রকাশ করে। এতে দেখা যায়, কালো গ্লাস ও ঐতিহ্যবাহী পোশাক পরে লিবীয় নেতা জানালাবিহীন ছোট একটি কক্ষে আদিবাসী নেতাদের শুভেচ্ছা জানাচ্ছেন। সরকারি টিভি জানিয়েছে, আদিবাসী নেতাদের সঙ্গে ওই বৈঠক গতকাল অনুষ্ঠিত হয়। তবে কোথায় বৈঠক হয়েছে তা জানানো হয়নি। গাদ্দাফিকে সর্বশেষ গত ৩০ মে রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা গিয়েছিল।এদিকে গতকাল রাতে ও আজ বুধবার ত্রিপোলিতে শক্তিশালী বিস্ফোরণে শব্দ শোনা গেছে। লিবিয়া সরকারের মুখপাত্র মুসা ইব্রাহীম বলেছেন, ত্রিপোলিতে ন্যাটোর হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে। তবে তাঁর এ দাবি নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা।বার্তা সংস্থা জানিয়েছে, ন্যাটো গতকাল রাত থেকে ত্রিপোলিতে হামলা জোরদার করেছে। ন্যাটোর যুদ্ধবিমানগুলো এক ঘণ্টার মধ্যে ত্রিপোলিতে কয়েকবার আঘাত হেনেছে।