‘অনেক দিন হলো আমি কোনো টিভি নাটক কিংবা অনুষ্ঠানের কাজ করছি না। সারা দিন বাসায় থাকি। বাসার পাশে একটি রান্নার স্কুল আছে, সেখানে রান্না শিখছি। বাসায় এসে সেগুলো আবার রান্না করার চেষ্টা করছি। এক আত্মীয়র কাছ থেকে সেলাই শিখছি। বাসায় বসে বিভিন্ন পোশাক তৈরি করছি।’ বললেন মৌটুসী। আজ এটিএন বাংলায় শুরু হচ্ছে ধারাবাহিক নাটক রূপান্তরের মানুষ। নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন কাজী শাহীদুল ইসলাম। এই নাটকে অভিনয় করছেন মৌটুসী। কথা হলো তাঁর সঙ্গে।অনেক দিন টিভি নাটক থেকে দূরে থাকছেন কেন?আমি এখন নতুন অতিথির অপেক্ষায়। চিকিৎসকের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি, হয়তো আগামী মাসের যেকোনো দিন সবাইকে এই খবরটা জানাতে পারব। এখন আমার সব ভাবনা, পরিকল্পনা এই নতুন অতিথিকে ঘিরে। ওর জন্য নিজের হাতে নতুন পোশাক তৈরি করছি। নবজাতকের পরিচর্যার ব্যাপারে ইন্টারনেট থেকে অনেক কিছু জানছি। আর কিছু করছেন?আমার স্বামী পলাশ খুব পড়ুয়া। ওর সঙ্গে প্রতিবছর বাংলা একাডেমীর অমর একুশে গ্রন্থমেলায় যাওয়া ছিল আমার নিয়মিত কাজ। এবার যেতে পারিনি। কিন্তু পলাশ ঠিকই আমার জন্য নতুন অনেকগুলো ভালো বই এনেছে। এগুলোও পড়ছি। ‘রূপান্তরের মানুষ’ নাটকের কাজ কবে করেছিলেন?বছর দুয়েক আগে। আর শেষ হয়েছে, তাও প্রায় এক বছর হয়ে গেছে। সব মিলিয়ে ধারাবাহিকটির ৪৩ পর্ব প্রচারিত হবে। আর কাজটা করেছিলাম নারায়ণগঞ্জে, পরিচালকের বাসা এবং আশপাশের পাড়া-মহল্লায়। তাঁর নিজের একটি সাংস্কৃতিক সংগঠন আছে, নাম ‘এই বাংলায়’। সেখানেও কাজ করেছি। নাটকের গল্পটি কী নিয়ে?মফস্বলের একটি সাংস্কৃতিক সংগঠনের নাম রূপান্তর। এই সংগঠনের সদস্যদের গল্প নিয়েই নাটকটির কাহিনি। আমি এই সংগঠনের একজন সদস্য। খুব জটিল ও কুটিল-প্রকৃতির। রাজধানীতে এসে টিভি নাটকে অভিনয় করার স্বপ্ন দেখি।