নতুন অর্থবছরের বাজেট পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে আগামী রোববার থেকে শুরু হওয়া নতুন ২০১২-১৩ অর্থবছরের বাজেট পাস হয়েছে। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত অধিবেশনে চলতি অর্থবছরে এক লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সংসদে উপস্থিত ছিলেন। প্রধান বিরোধী দল বিএনপি সে সময় সংসদে অনুপস্থিত ছিল। এই বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ধরা হয়েছে ৫৫ হাজার কোটি টাকা। আর সব মিলিয়ে অনুন্নয়ন ব্যয়ের পরিমাণ এক লাখ ১১ হাজার ৬৭৫ কোটি টাকা। তবে এর বাইরে খাদ্য হিসাব, নিট ঋণ ও অগ্রিম পরিশোধ, এডিপিতে রাজস্ব বাজেট থেকে অর্থায়ন এবং কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি খাতে মোট বরাদ্দ দেওয়া হয়েছে ২৫ হাজার ৬৩ কোটি টাকা।নির্দিষ্টকরণ বিল পাস: আগামী অর্থবছরের বাজেট ব্যয়ের বাইরে সরকারের বিভিন্ন ধরনের সংযুক্ত দায় মিলিয়ে মোট দুই লাখ ৮৩ হাজার ৫৯৯ কোটি ৬৫ লাখ ৫০ হাজার টাকার নির্দিষ্টকরণ বিল জাতীয় সংসদে কণ্ঠভোটে গতকাল পাস করা হয়েছে। এর মধ্যে সাংসদদের ভোটে গৃহীত অর্থের পরিমাণ এক লাখ ৭৮ হাজার ৮৭০ কোটি ১৪ লাখ ২৬ হাজার টাকা এবং সংযুক্ত তহবিলের ওপর দায় এক লাখ চার হাজার ৭২৯ কোটি ৫১ লাখ ২৪ হাজার টাকা।সংযুক্ত তহবিলের দায়ের মধ্যে ট্রেজারি বিলের দায় পরিশোধ, হাইকোর্টের বিচারপতি ও মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে বেতন ইত্যাদি দায় অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা যায়। উল্লেখ্য, মোট বাজেট ব্যয়ের মধ্যে বৈদেশিক অনুদান রয়েছে। সেই অনুদান বাদ দিয়ে রাষ্ট্রপতির কাছ থেকে নির্দিষ্টকরণ অর্থ মঞ্জুরের জন্য সংসদে পাস করা হয়েছে।মঞ্জুরি দাবি ও ছাঁটাই প্রস্তাব: আগামী বছরের বাজেটের ওপর সংসদে উত্থাপিত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ খাতের ৫৬টি মঞ্জুরি দাবির বিপরীতে ১৫ জন সাংসদের ৮১১টি বিভিন্ন ধরনের ছাঁটাই প্রস্তাব আসে। কিন্তু বিরোধী দল সংসদে না থাকায় তা আলোচনা হয়নি, কণ্ঠভোটে বাতিল হয়। কেবল নয়টি ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনা করেন স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম। সেগুলোও কণ্ঠভোটে বাতিল করা হয়।৮১১টি বিভিন্ন ধরনের ছাঁটাই প্রস্তাবে মন্ত্রণালয় ও বিভাগ খাতে ব্যয় হ্রাস করে সিংহভাগ ক্ষেত্রে মাত্র এক টাকা বরাদ্দ দেওয়া, প্রতীকী ছাঁটাই প্রস্তাবে ১০০ শতাংশই ব্যয় হ্রাস এবং মিতব্যয় ছাঁটাই প্রস্তাবে এক হাজার টাকা হ্রাস করার প্রস্তাব করা হয়।পাল্টাপাল্টি জবাব: ছাঁটাই প্রস্তাবের আলোচনায় ফজলুল আজিম বলেন, মন্ত্রীর ওপর সুপার মন্ত্রী হিসেবে উপদেষ্টারা থাকবেন, এর কোনো বিধান নেই। মন্ত্রিপরিষদে ৪২ জন মন্ত্রী আছেন। মন্ত্রী-প্রতিমন্ত্রীর ঝগড়া আছে। তিনি বলেন, ‘৪২ জন মন্ত্রীর দরকার নেই। একজন তো কালো বেড়াল খুঁজলেন। আবার লেজ গুটিয়ে চলে গেলেন। কিন্তু, তাঁকে আবার পোর্টফোলিও ছাড়া মন্ত্রী করা হলো। এগুলোর দরকার নেই।’এর জবাবে সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ফজলুল আজিম অতীত ভুলে গেছেন। জিয়াউর রহমান একগাদা টেকনোক্র্যাট মন্ত্রী বানিয়েছিলেন। রাজাকারদের কীভাবে প্রতিষ্ঠিত করেছিলেন, তা সারা দেশ ও বিশ্ব জানে। তখন ফজলুল আজিম কোনো ত্রুটি দেখতে পারেননি। মতিয়া চৌধুরী বলেন, ‘মজনুর দৃষ্টিতে দেখবেন না, অন্য দৃষ্টিতে দেখবেন—এটাই হলো আসল কথা।’ এরপর অপর ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় মতিয়া চৌধুরীকে উদ্দেশ করে ফজলুল আজীম বলেন, ‘ট্রেজারি বেঞ্চে গেলে সবাই অতীতকে ভুলে যায়। তিনি এক সময় লিডার অব দ্য প্রলেতারিয়েত ছিলেন। আমরাও তাঁর পেছনে মিছিল করেছি। আমি ভোল পাল্টাইনি, জনগণের সঙ্গেই আছি।’আজিম আরও বলেন, ‘নেতা ও দলের প্রতি আনুগত্যের কারণেই আজ আমাদের এই অবস্থা। অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে পড়ে থাকলেই অসুখ ভালো হয় না।’ তিনি সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ড প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেন, ‘বেডরুম কেন, অন্যান্য ছোট কামরাও রক্ষা করা সরকারের দায়িত্ব।’ফজলুল আজিম মঞ্জুরি দাবির ওপর কথা না বলে ‘অপ্রাসঙ্গিক’ কথা বলছেন বলে মন্তব্য করেন সংসদ কাজে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বাজেটের অঙ্ক: আগামী অর্থবছরের জন্য পাস হওয়া বাজেট ব্যয় এক লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকার মধ্যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা হচ্ছে এক লাখ ৩৯ হাজার ৬৭০ কোটি টাকা এবং বৈদেশিক অনুদানপ্রাপ্তির আশা করা হচ্ছে ছয় হাজার ৪৪ কোটি টাকা। বাকি ঘাটতি ৪৬ হাজার ২৪ কোটি টাকার দেশি-বিদেশি ঋণ করবে সরকার। এই ঋণের মধ্যে অভ্যন্তরীণ খাত থেকেই সরকার ঋণ করতে চায় ৩৩ হাজার ৪৮৪ কোটি টাকা। যার মধ্যে ব্যাংক খাত থেকে নেওয়া হবে ২৩ হাজার কোটি টাকা। বাকি ১০ হাজার ৪৮৪ কোটি টাকা নেওয়া হবে মূলত সঞ্চয়পত্রের মাধ্যমে। আর বৈদেশিক নিট ঋণ ধরা হয়েছে ১২ হাজার ৫৪০ কোটি টাকা।