আজ আন্তর্জাতিক নারী দিবস। দিনটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে গান করবেন এবং অংশ নেবেন ফাহমিদা নবী। জানালেন, আজ ধানমন্ডির রবীন্দ্রসরোবরে গান করবেন তিনি। সন্ধ্যায় গান করবেন রাজারবাগ পুলিশ লাইনে। এ ছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রথম আলো আয়োজিত এসিড-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধনে অংশ নেবেন। কথা হলো ফাহমিদা নবীর সঙ্গে।আজকের অনুষ্ঠানে কোন গানগুলো করবেন?নারী নিয়ে গান করব। গানের মধ্য দিয়ে নারীদের সচেতন করতে হবে। নারীদের ব্যাপারে পুরুষদেরও সচেতন হতে হবে। পরিবার, সংসার, রাস্তায়, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে, কর্মস্থলে নারীরা নানাভাবে নির্যাতিত হচ্ছে। পুরুষেরাই পারে নারীকে নিরাপত্তা দিতে। গানের মধ্য দিয়ে আমি আহ্বানই জানাব। পাশাপাশি আমার নতুন অ্যালবাম থেকেও গান করব।আপনি নিজের নতুন একক অ্যালবামের কাজ শুরু করেছেন?হ্যাঁ, ২০১২ সালেই আসবে আমার ১২তম অ্যালবাম। নাম আমি পাল্টে যাইনি। পুরো অ্যালবামটি হবে আনপ্লাগড। গিটারের ওপরই বেশি জোর দিচ্ছি। সবগুলোই প্রেমের গান, কিন্তু খেয়াল রেখেছি, তা যেন জীবনবোধকে ছাপিয়ে না যায়। আপনি দেখছি ইদানীং গানের সুর করছেন।দুটি ধারাবাহিকের শিরোনাম গানের আমি সুর করেছি। একটি আরটিভির পরস্পর, অন্যটি এনটিভিতে প্রচারিত হচ্ছে, প্রিয়। এখন নিজের অ্যালবামের গানেও সুর দিয়েছি। এই অ্যালবামে আমার লেখা গানও রয়েছে। আপনার লেখার চর্চার কথা বলুন।আমি কিন্তু অনেক দিন থেকেই লিখছি। পত্রিকায় আমার লেখা গল্প বেরিয়েছে। আরও নানা ধরনের লেখা লিখি। সেসব লেখায় আমার অনুভূতিটাই তুলে ধরি। এখন লিখছি ‘কথোপকথন’। নিজের সঙ্গে নিজের কথোপকথন। এ ধরনের লেখায় নিজের ভাবনা, বিশ্বাস, পরিকল্পনা কিংবা ঘটে যাওয়া ঘটনাগুলো চমৎকার করে তুলে ধরা যায়। নিজের গান নিয়ে কথা বলি। যদি পড়ার উপযোগী হয়, তাহলে সামনে বই আকারে তা প্রকাশ করব।