নতুন আইএসআই প্রধান শাহরুখের আত্মীয়!
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) নতুন প্রধান লে. জেনারেল জহির-উল-ইসলাম ভারতীয় জাতীয় সেনাবাহিনীর (আইএনএ) বীরযোদ্ধা মেজর জেনারেল শাহ নেওয়াজ খানের ভাতিজা। সেই সূত্রে বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে জহির-উল-ইসলামের এক ধরনের আত্মীয়তার সম্পর্ক রয়েছে।জহিরুলের বাবা পাকিস্তান সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন। আর চাচা শাহ নেওয়াজ খান মেজর জেনারেল ছিলেন আইএনএ প্রধান সুভাষ চন্দ্র বোসের সময়। পাকিস্তানের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা গবেষক ইকরাম সেহগাল এ তথ্য দিয়েছেন। তিনি জহিরুলের পারিবারিক বৃত্তান্ত তুলে ধরেছেন।গবেষক ইকরাম বলেন, ‘শাহ নেওয়াজ খানের এক ছেলে দেশ বিভাগের সময় তাঁর সঙ্গে ভারতে চলে যান, আর মাহমুদ নেওয়াজ নামের আরেক ছেলে পাকিস্তানেই থেকে যান, যিনি পরবর্তী সময়ে কর্নেল পদমর্যাদা পান। অবশ্য, মাহমুদ নেওয়াজ অবসর নেওয়ার পরই কেবল ভারতে গিয়ে তাঁর বাবার সঙ্গে সাক্ষাত্ করেন। কেননা, চাকরিরত অবস্থায় তাঁর ভারতে যাওয়ার অনুমতি ছিল না।’বলিউড তারকা শাহরুখ খানের যেসব জীবনবৃত্তান্ত বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যায় তাতে দেখা গেছে, তাঁর প্রয়াত মা লতিফ ফাতিমা ছিলেন শাহ নেওয়াজ খানের দত্তক কন্যা। সেই সূত্রে নতুন আইএসআই প্রধান শাহরুখ খানের দূরসম্পর্কের আত্মীয়।পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি গত শুক্রবার জহিরুল ইসলামকে আইএসআই প্রধান হিসেবে নিয়োগ দেন। তিনি রাওয়ালপিন্ডি শহরে জন্ম নেন। ১৯৮৩ সালে মৃত্যুবরণকারী চাচা শাহ নেওয়াজ খানের সঙ্গে জহিরুল ইসলামের কোনো দিন দেখা হয়েছে কি না তা তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।শাহ নেওয়াজ খান জন্ম নেন রাওয়ালপিন্ডির কাহুতা শহরে। তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেন। ১৯৪২ সালে জাপানি বাহিনী কর্তৃক সিঙ্গাপুর দখলের সময় তিনি ধরা পড়েন। পরে আইএনএতে যোগ দেন। পরবর্তী সময় তিনি জাপানি বাহিনীর সঙ্গে বার্মায় (বর্তমানে মিয়ানমার) ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন। টাইমস অব ইন্ডিয়া, পিটিআই।