নতুন আইনকে স্বাগত জানাই, তবে...
বাংলাদেশের নাগরিকত্ব লাভ করা যায় বেশ কয়েকভাবে। জন্মসূত্রে, বংশানুক্রমে, নাগরিকত্বদানের মাধ্যমে। বংশানুক্রমে বলতে ২০০৮ সাল পর্যন্ত যা বোঝানো হয়েছে, তা হলো যদি এভাবে কেউ নাগরিকত্ব পেতে চান, তবে তাঁর বাবা কিংবা দাদাকে অবশ্যই এ দেশের নাগরিক কিংবা বাংলাদেশের অঙ্গীভূত ভূখণ্ডের নাগরিক হতে হবে (দেখুন, পাকিস্তান পেরিওড সিটিজেন অ্যাক্ট ১৯৫১ এবং স্বাধীনতার পর করা সিটিজেনশিপ অর্ডার ১৯৭২)। অন্য কথায়, কারও মা যদি বাংলাদেশি এবং বাবা হন বিদেশি, তাহলে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া যাবে না। একইভাবে বাংলাদেশে আসার ক্ষেত্রে তিনি ‘নো ভিসা রিকোয়ার্ড স্ট্যাম্প’ পাবেন না। যদিও বিষয়টি নাগরিকত্ব আইনের বিষয় নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জাারিকৃত প্রজ্ঞাপন, কিন্তু বিষয় দুটির মধ্যে আন্তঃসম্পর্ক আছে।আমি এটা জানি এ কারণে যে আমার নিজেকেই এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। আমি বাংলাদেশের নাগরিক। আমি নিজেকে একজন দেশপ্রেমিক এবং দেশের জন্য উত্সর্গীকৃত মানুষ বলেই মনে করি। আমার সন্তানেরা মূল ভাষা হিসেবে বাংলায় কথা বলে এবং তারা তাদের জীবনের সিংহভাগ সময় বাংলাদেশেই কাটিয়েছে। তাদের বাবা বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করছেন বহুদিন ধরে, কিন্তু ঘটনাচক্রে তিনি একজন বিদেশি নাগরিক হওয়ায় আমার সন্তানেরা বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার অনুমতি পায়নি।নারী আন্দোলনকারীরা এই আইনি বিষয়টিকে বহু আগে থেকেই বৈষম্যমূলক বলে অভিহিত করে আসছেন। মহিলা পরিষদ, আইন ও সালিশ কেন্দ্রসহ নারী সংগঠনগুলোর প্রচারণার মুখে ২০০৬ সালে সরকার এই আইন পরিবর্তন করে এবং ভুক্তভোগী শিশুদের পাসপোর্টে ‘নো ভিসা এন্ট্রি স্ট্যাম্প’ লাগানোর ব্যবস্থা করা হয়। এরপর ২০০৮ সালে মায়ের সূত্রে সন্তানদের নাগরিকত্ব দেওয়ার অনুমতি দেয় সরকার। নবনির্বাচিত সরকার এই পরিবর্তনগুলো গ্রহণ করে এবং সংসদ মাতৃসূত্রে সন্তানদের নাগরিকত্ব পাওয়ার বিষয়ে আইন পাস করে। এই প্রক্রিয়াকে স্বাগত জানাই।দুঃখজনক সত্য হলো, আরও কিছু বিষয়ে পরিবর্তন আনা দরকার থাকলেও সরকার এখনো তা করেনি। উদাহরণ হিসেবে বলা যায়, বাংলাদেশি নারীর বিদেশি স্বামী এখনো তাদের পাসপোর্টে ‘নো ভিসা রিকোয়ার্ড স্ট্যাম্প’ পাচ্ছেন না। বিদেশি স্বামী বা স্ত্রী বিবাহসূত্রে এ দেশে কর্মসংস্থান করতে পারবেন কি না, সে ব্যাপারটিও পরিষ্কার নয়। ‘নো ভিসা রিকোয়ার্ড স্ট্যাম্প’ তাঁদের সে অধিকার দিলেও সরকারি কোনো কোনো অফিস ‘ওয়ার্ক পারমিট’ ছাড়া তাঁদের কাজে যোগ দিতে দেয় না। আমরা কেন এ ধরনের জটিলতা সৃষ্টি করে রেখেছি? এতে কার লাভ হয়? কেন আমরা এভাবে কারও পারিবারিক জীবনকে ব্যাহত করছি? বাংলাদেশি স্ত্রীর বিদেশি স্বামীরাও এ দেশের নাগরিকত্ব পেতে পারেন, কিন্তু এ জন্য তাঁদের নিরবচ্ছিন্নভাবে চার বছর বাংলাদেশে থাকতে হবে। এই চাওয়াটা খুবই কঠোর। এর মানে হচ্ছে, যদি এমন অবস্থানে থাকা বিদেশি কেউ বাংলাদেশে বসবাস করতে চান এবং আমাদের সমাজ ও দেশের জন্য অবদান রাখতে চান, তাহলে তাঁকে তাঁর পরিবার থেকে, বন্ধুবান্ধব থেকে পুরো চারটি বছর বিচ্ছিন্ন হয়ে থাকতে হবে, তবেই তিনি পেতে পারেন বাংলাদেশের নাগরিকত্ব! এর কোনো অর্থ নেই। আমি আবারও প্রশ্ন তুলব, এতে কার স্বার্থ রক্ষিত হচ্ছে?বিশ্বায়ন ক্রিয়াশীল, অন্য সব দেশের মতো বাংলাদেশের নাগরিকেরাও শিক্ষার কারণে, কাজের কারণে বিদেশে যাচ্ছে-আসছে, বিদেশিরাও বাংলাদেশে আসছে-যাচ্ছে, ফলে বিভিন্ন জাতির মধ্যে আন্তবিবাহ ও সম্পর্কের ঘটনা বাড়তেই থাকবে, কমবে না। বিশেষ করে, এই উপমহাদেশের বিভিন্ন দেশের নাগরিকদের সঙ্গে যদি আমাদের দেশের নাগরিকদের বৈবাহিক সম্পর্ক হয়, তাহলে তাদের যাওয়া-আসার ক্ষেত্রে জটিলতাগুলো দূর করার দিকে নজর দেওয়া উচিত। আমি আশা করি, আমাদের আইনকানুন এই পরিবর্তনগুলোর সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে পরিবর্তিত হবে এবং কোনো কোনো পরিবারকে অন্যদের সঙ্গে স্বাধীনভাবে জীবনযাপনের সুযোগ দিয়ে একটি বৈচিত্র্যময় বহুত্ববাদী দেশ গড়ে তুলবে।