নতুন আকরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটের প্রেমে বুঁদ ছয় বছর বয়স থেকেই। এরপর ক্রিকেট নিয়েই মেতে থাকা রাত-দিন। একদিন চোখে পড়ে গেলেন রাওয়ালপিন্ডি ক্রিকেট একাডেমির কোচ আসিফ বাজওয়ার। জহুরির চোখ রত্ন চিনে ফেলেছিল এক দেখাতেই। ‘আমার সঙ্গে যাবে একাডেমিতে? তাহলে কিন্তু বাড়ি থেকে দূরে থাকতে হবে!’ রাওয়ালপিন্ডির গুজার খান গ্রামের ১১ বছরের ছেলেটি মুখভর্তি হাসি নিয়ে জানিয়ে দিল, ‘ক্রিকেট খেলার জন্য আমি সব করতে পারি!’বাঁহাতি পেসার বলে একাডেমিতে ছেলেটিকে দেখানো হলো কিংবদন্তি এক বাঁহাতি পেসারের ভিডিও। আর সেই ভিডিও পাল্টে দিল ছেলেটির মনোজগৎটাই। মনে মনে একটা প্রতিজ্ঞাও শিকড় ছড়াল, ‘এমন বোলারই হতে হবে।’ চার বছর পর ভিডিওর সেই বোলার, ওয়াসিম আকরাম লাহোরের একটি ক্রিকেট ক্যাম্পে আবিষ্কার করলেন, একটি ছেলে বোলিং করছে তাঁর ভঙ্গিতে। নাম মোহাম্মদ আমির।রূপকথার জন্ম পাকিস্তান ক্রিকেট কম দেয়নি। ওয়াসিম আকরাম-ওয়াকার ইউনিসের মতো ফাস্ট বোলার যেন আকাশ থেকে পড়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে। আমিরের দৃশ্যপটে আবির্ভাব ঠিক এতটা নাটকীয় নয়। বেশ কিছুদিন ধরেই পাকিস্তান ক্রিকেটে তাঁর আগমনবার্তা শোনা যাচ্ছিল। কিন্তু তাঁর উত্থানটাও কারও কাছে রূপকথা-রূপকথা মনে হতেই পারে।ওয়াসিম আকরাম যেদিন ১৯৯২ বিশ্বকাপের ফাইনালে ম্যাচ-সেরা হলেন, আমিরের জন্ম তাঁরও আঠারো দিন পর। ২০০৩ সালে আমির রাওয়ালপিন্ডির ওই একাডেমিতে যোগ দেওয়ার আগেই ক্রিকেটকে বিদায় বলেছেন আকরাম। কিন্তু ভিডিও দেখে দেখে আকরাম হওয়ারই সাধনায় নিমগ্ন হয়ে থাকলেন আমির। ভাগ্যটা দেখুন, ২০০৭ সালে লাহোর ক্যাম্পে সেই আকরামই মুগ্ধ হয়ে গেলেন আমিরকে দেখে। পরের বছর পাকিস্তানে এশিয়া কাপের সময় আকরাম সাংবাদিকদের বললেন, ‘১৬ বছরের একটা ছেলে আছে, নাম আমির। আমি নির্বাচক হলে ওকে এখনই দলে নিতাম।’ ক্রিকেট-বিশ্ব সেই প্রথম জানল আমিরের নাম।আমির তত দিনে অনূর্ধ্ব-১৯ দলে খেলতে শুরু করেছেন। এর মাঝে অবশ্য একবার দারুণ শঙ্কায় পড়ে গিয়েছিল ক্যারিয়ার। ২০০৭ সালে ইংল্যান্ড সফর থেকে ফিরে এলেন স্ট্রেস ফ্র্যাকচার নিয়ে। পরীক্ষা করে দেখা গেল তাঁর পিঠের হাড়ে আসলে তিনটি চিড়! দুটি বয়ে বেড়াচ্ছেন সেই ১১-১২ বছর বয়স থেকেই। অতিরিক্ত ক্রিকেট খেলার পার্শ্বপ্রতিক্রিয়া। আর কিছুদিন ওই অবস্থায় খেলতে থাকলে নাকি ক্যারিয়ারটাই শেষ হয়ে যেত!২০০৮ সালে আকরাম যখন বললেন, তখন দলে নেওয়া হয়নি। তবে সুযোগ পেয়েছেন এক বছর পরই। তবে এর আগে আরেক বার হুমকির মুখে পড়েছিল ক্যারিয়ার। ২০০৯ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে ফিরে এলেন ডেঙ্গু জ্বর নিয়ে। এক মাস হাসপাতালে, আরেক মাস বাড়িতে পুরোপুরি বিশ্রামে। মাঠে ফিরে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক, কিন্তু ৪২ বল করার পরই ফের ইনজুরি। ক্রিকেট-ভবিষ্যৎ নিয়ে যখন অনিশ্চয়তা, আমির কোচকে গিয়ে বললেন, ‘গায়ে দশটা বেল্ট বেঁধে হলেও আমি আবার খেলতে চাই। সফল না হতে পারলে ক্রিকেট ছেড়ে পড়ায় মন দেব।’ পরের নয়টি প্রথম শ্রেণীর ম্যাচে আমির নিলেন ৫৪ উইকেট, ঢুকে গেলেন জাতীয় দলে।এর পর থেকেই সবকিছু এগিয়েছে স্বপ্নের মতো। প্রথম দিন থেকেই তাঁর মাঝে আকরামের ছায়া দেখতে পেয়েছেন সবাই। তাঁর বোলিংয়েও যে একই রকম বৈচিত্র্য। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসনের মুখেই শুনুন, ‘এমন দুরন্ত গতি, দারুণ সব স্কিল, দুদিকেই বল সুইং করাতে পারে, স্লোয়ার বল ও বাউন্সারটাও দারুণ, পারে রিভার্স সুইংও। ভাবতে অবাক লাগে, ওর বয়স মাত্র আঠারো।’ওয়াটসন যেটা বলেননি, তা হলো মাথা। মস্তিষ্ক। এই বয়সেই ভীষণ পরিণত আমির। উইকেটের চরিত্র আর ব্যাটসম্যানের দুর্বলতা বুঝে ফেলেন খুব দ্রুত। যত কোচের সংস্পর্শে এসেছেন, সবার মুখে একটাই কথা, আমির খুব দ্রুত শেখে। শেন ওয়ার্ন কি আর এমনি বলেছেন, ‘মাত্রই ক্যারিয়ার শুরু হলো অথচ ওর বোলিং দেখলে মনে হয় শেখার আর খুব বেশি বাকি নেই।’ আকরাম নিজে বলেছেন, ‘আঠারো বছর বয়সে আমি আমিরের মতো এতটা চতুর ছিলাম না।’ আকরামের সঙ্গে তুলনায় ব্যাটিংটাও চলে আসতে বাধ্য। এখানেও আমির পিছিয়ে নেই। আকরামের মতো মারদাঙ্গা না হলেও কার্যকরতায় কম যান না। ওয়ানডেতে ১০ নম্বর ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ রানের (৭৩*) রেকর্ডটা এখন তাঁরই। টেস্টেও কয়েকটি লম্বা ইনিংস খেলে প্রমাণ করেছেন তাঁর ব্যাটিং-সামর্থ্য। বুঝিয়ে দিয়েছেন একদিন অলরাউন্ডার হয়ে উঠতেই পারেন।শুরুর দিকের আকরামকে দেখে ইমরান খান বলেছিলেন, ‘অ্যালান ডেভিডসনের পর ক্রিকেটে এত ভালো বাঁহাতি পেসার আর আসেনি।’ আকরাম পরে ডেভিডসনকে ছাড়িয়ে হয়ে উঠেছেন সর্বকালের সেরা বাঁহাতি পেসার। সেই আকরামই এখন উচ্ছ্বসিত আমিরকে নিয়ে। শেষ পর্যন্ত কী হবে, সেটা সময়ই বলবে। তবে আকরামের মনে কিন্তু কোনো সংশয়ই নেই, ‘দারুণ শুরু করেছে, ও খুব দ্রুত শেখে। বিশ্বসেরা না হওয়ার কোনো কারণই তো দেখছি না।’