ঢাকা চিড়িয়াখানায় সদ্য আনা তিনটি গ্রেটার কুদুর দুটি এবং তিন বেইসা অরিক্সের একটি নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় মারা গেছে। আর দুটি সাদা সিংহের একটি অসুস্থ হয়ে পড়েছে। তাকে সঙ্গনিরোধকক্ষে রাখা হয়েছে। সাদা সিংহ দুটি গত ২০ এপ্রিল দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়। এগুলোর দাম ৪৩ লাখ টাকা। হরিণজাতীয় প্রাণীগুলো আনা হয় গত ২৮ এপ্রিল। চিড়িয়াখানার দায়িত্বশীল সূত্র জানায়, দুটি গ্রেটার কদুর একটি ১ মে এবং অন্যটি ১২ মে মারা গেছে। দুটিই পুরুষ। আর ২২ মে মারা যায় একটি মাদি বেইসা অরিক্স। জানতে চাইলে চিড়িয়াখানার বৈজ্ঞানিক কর্মকর্তা সাকিফ-উল আজম একটি কুদু ও একটি অরিক্সের মৃত্যুর কথা স্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আঘাতজনিত কারণে এ দুটি প্রাণী মারা গেছে। অরিক্সটির একটি শিং ভেঙে সংক্রমণ হয় এবং পচন ধরে গিয়েছিল।’ তবে এই প্রাণীগুলোর সরবরাহকারী সোহেল আহমেদ তিনটি প্রাণীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ঢাকা চিড়িয়াখানার জন্য ৪০ প্রজাতির ২৭০টি বন্য প্রাণী ও পাখি আনার কার্যাদেশ পেয়েছে তাঁর প্রতিষ্ঠান ফ্যালকন ট্রেডার্স। তাঁরা গতকাল ৮ প্রজাতির ১৩০টি পাখি চিড়িয়াখানায় সরবরাহ করেছেন। এর মধ্যে তিন প্রজাতির ৫০টি লাভ বার্ড, ১০টি সাদা ও ধূসর ককাটিল, ৬০টি বাজিগর, আটটি মাছরাঙা ও দুটি ধনেশ পাখি। জানতে চাইলে ঢাকা চিড়িয়াখানার কিউরেটর এ বি এম শহীদ উল্লাহ দাবি করেন, মাত্র একটি প্রাণী মারা গেছে। তিনি বলেন, ‘কোনো অরিক্স মারা যায়নি। আঘাত পেয়ে একটি গ্রেটার কুদু মারা গেছে।’ দুটি কুদু ও একটি অরিক্স মারা যাওয়ার তথ্য প্রতিবেদকের কাছে আছে জানালে কিউরেটর বলেন, ‘আসলে একটি শাম্বা হরিণ মারা গেছে। কেউ কেউ না বুঝে অরিক্স মারা গেছে বলে গুজব ছড়াচ্ছে।’ তাঁর দাবি, এখনো চিড়িয়াখানায় তিনটি অরিক্স আছে। চিড়িয়াখানার মার্চ মাসের হালনাগাদ তালিকায় দেখা যায়, একটি অরিক্স আগে থেকেই চিড়িয়াখানায় ছিল। কিন্তু এ তথ্য ঠিক নয় দাবি করে কিউরেটর বলেন, ‘আগে ছিল না, থাকলে কী আনতাম?’ তিনি স্বীকার করেন, একটি সাদা সিংহ অসুস্থ। অসুস্থতার ধরণ জানতে চাইলে তিনি বলেন, ‘তেমন কিছু না, কামড়াকামড়ি করে পিঠে আঁচড় লেগেছিল।’সূত্র জানায়, গত ২৮ এপ্রিল দক্ষিণ আফ্রিকা থেকে তিনটি করে জেব্রা, উটপাখি, অরিক্স ও গ্রেটার কুদু আনা হয়। এর আগে ২০ এপ্রিল দুটি গন্ডার, দুটি সাদা সিংহ ও চারটি হায়েনা আসে। চিড়িয়াখানায় আসার পর প্রাণীগুলোর স্বাস্থ্য পরীক্ষা করাসহ পরিবেশে মানিয়ে নিতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। দরপত্রের শর্ত অনুযায়ী, ১৫ থেকে ২১ দিন পর্যন্ত নিবিড় পর্যবেক্ষণে থাকার সময়ে কোনো প্রাণী মারা গেলে তার দায় সরবরাহকারী প্রতিষ্ঠানের। এর জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষকে টাকা দিতে হবে না। মারা যাওয়া তিনটি গ্রেটার কুদু ও বেইসা অরিক্সের দাম ২৩ লাখ ৭০ হাজার টাকা বলে দরপত্রে উল্লেখ আছে। ঢাকা চিড়িয়াখানার মার্চের হালনাগাদ তথ্যে দেখা যায়, কয়েক বছর ধরে চিড়িয়াখানায় একটি মাদি গ্রেটার কুদু ও একটি পুরুষ অরিক্স নিঃসঙ্গ অবস্থায় ছিল। গত এপ্রিলে দুটি পুরুষ ও একটি মাদি কুদু এনে দুই জোড়া তৈরি করা হয়। এখন দুটি পুরুষ কুদু মারা যাওয়ায় চিড়িয়াখানায় কেবল দুটি মাদি কুদু থাকল। মার্চের তালিকা অনুযায়ী, একটি পুরুষ অরিক্স ছিল। আফ্রিকা থেকে আনা হয় দুটি মাদি ও একটি পুরুষ অরিক্স। নতুন আনা একটি মাদি অরিক্স ২২ মে মারা যাওয়ায় এখন আছে একটি মাদি ও দুটি পুরুষ অরিক্স।গতকাল মঙ্গলবার দুপুরে চিড়িয়াখানায় গিয়ে জিরাফের পাশের শেডে দুটি মাদি গ্রেটার কুদু দেখা যায়। দুই শেডে সংশ্লিষ্ট প্রাণীর পরিচর্যাকারীরা জানান, নিবিড় পর্যবেক্ষণের সময় পার হওয়ার পর চিড়িয়াখানায় থাকা আগের একটি কুদু ও একটি অরিক্সকে সদ্য আনা সঙ্গীদের সঙ্গে রাখা হয়েছে।