নতুন আশঙ্কায় পোশাক খাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক নিহত হওয়ার ঘটনা নিয়ে বিশ্বব্যাপী নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। প্রভাবশালী ট্রেড ইউনিয়ন ও শ্রম অধিকার সংগঠনগুলো দুষছে বড় ব্র্যান্ড ক্রেতা প্রতিষ্ঠানগুলোকে। প্রতিষ্ঠানগুলো নিজেরাই এ ঘটনা তদন্ত করার ঘোষণা দিয়েছে।এ পরিস্থিতিতে মাত্র কয়েক দিন আগেই চীনের বাজার বাংলাদেশে চলে আসার সম্ভাবনার কথা দেশের সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। কিন্তু অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের নিহত হওয়ার খবরের পর এখন নতুন আশঙ্কায় পড়েছেন পোশাকশিল্পের মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।শতাধিক শ্রমিকের মৃত্যু আন্তর্জাতিক প্রধান প্রধান সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছে। বিশ্বের খ্যাতনামা ক্রেতা প্রতিষ্ঠান, বিশ্বব্যাপী ক্ষমতাশালী ট্রেড ইউনিয়ন ও শ্রম অধিকার সংগঠন ক্লিন ক্লথস ক্যাম্পেইনসহ আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। ক্লিন ক্লথস ক্যাম্পেইন তো রীতিমতো বিশ্বখ্যাত সব ব্র্যান্ড, যারা তাজরীনকে কাজ দিয়েছে, তাদের অভিযুক্ত করেছে। তারা অনতিবিলম্বে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর কাছ থেকে পদক্ষেপ আশা করছে। তাজরীন ফ্যাশনস্ সিঅ্যান্ডএ, ক্যারিফোর, কেআইকে ও ওয়ালমার্টের মতো বিশ্বখ্যাত সব প্রতিষ্ঠানের কাজ করত।আমেরিকার প্রভাবশালী এবিসি নিউজকে সেখানকার শ্রমিক অধিকার-সংক্রান্ত একটি গ্রুপ ওয়ার্কার রাইটস কনসোর্টিয়ামের নির্বাহী পরিচালক স্কট নোভা বলেন, ইউএসের পোশাক ক্রেতা ও ব্র্যান্ডগুলো বাংলাদেশের পোশাকশ্রমিকদের জীবন চরম বিপদাপন্ন উল্লেখ করে বারবার সতর্ক করেছে। কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। নোভা বলেন, বাংলাদেশের পোশাকশিল্পে অগ্নিকাণ্ডের এ ঘটনায় ইতিহাসের সবচেয়ে বেশিসংখ্যক শ্রমিকের মৃত্যু ঘটেছে এবং এটি যেকোনো দেশের তুলনায় অন্যতম নিকৃষ্ট ঘটনা।ওয়ালমার্ট এবিসি নিউজকে বলেছে, গত বছর এই তাজরীন ফ্যাশনসেক তারা কারখানার ভয়াবহ পরিস্থিতি বিষয়ে সতর্ক করেছিল।তাজরীন ফ্যাশনসের মূল প্রতিষ্ঠান তুবা গ্রুপের ওয়েবসাইট (গতকাল দুপুরে যেটি বন্ধ করে দেওয়া হয়) ও তথ্য অনুসন্ধানে জানা যায়, ঝুঁকিতে ছিল তাজরীন ফ্যাশনস্। ওয়ালমার্ট অরেঞ্জ (কমলা) রেটিংয়ে নামিয়ে এনেছিল তাজরীন ফ্যাশনসেক। পরে পরিস্থিতির কিছুটা উন্নতি হলে কারখানাটিকে মধ্য ঝুঁকির ইয়েলো (হলুদ) চিহ্নিত করা হয়। এক বছর আগে ওয়ালমার্ট এক চিঠিতে এভাবে কারখানাটিকে সতর্ক করে।হংকংভিত্তিক ক্রেতা প্রতিষ্ঠান, যারা বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পোশাক কিনে নিয়ে সরবরাহ করে, সেই লি অ্যান্ড ফাং বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমের কাছে বিবৃতি পাঠিয়ে বলেছে, তারা নিজেরা এ ঘটনা তদন্ত করে দেখবে।হংকংভিত্তিক মার্কিন ব্যবসায়ীদের সংগঠন অ্যামচেমের একটি প্রতিনিধিদল ১০ নভেম্বর ঢাকায় আসে। বিশ্ববাজারে পোশাক খাতে চীন সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ। চীন সরে গেলে বিশ্ববাজারের চাহিদা কারা জোগাবে, তা খুঁজে দেখতেই অ্যামচেম হংকং আসে ঢাকায়। এই দলের সফরের পর আশাবাদী হয়েছিল অনেক রপ্তানিকারক। তাদের এখন নতুন শঙ্কা বর্তমান বাজার ধরে রাখার।পোশাক রপ্তানিকারক সংগঠনের সভাপতি সফিউল ইসলাম এটিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন। আর ম্যাডোনা গ্রুপের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, তাজরীন ফ্যাশনসের ঘটনায় বিশ্বব্যাপী যেভাবে প্রতিক্রিয়া হয়েছে, তাতে তিনি শঙ্কিত। তিনি বলেন, হংকং প্রতিনিধিদের সফরে যে আশার সঞ্চার হয়েছিল, সেখানে এখন ভীতির জন্ম হয়েছে।এ প্রসঙ্গে জানতে চাইলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনা তদন্তে শৈথিল্য প্রদর্শনের সুযোগ নেই। এই মুহূর্তে ক্রেতারা সরে যাবে না, ক্রেতারা নজরে রাখবে। গতানুগতিকভাবে চললে দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে। এ ঘটনায় বিদেশি ভোক্তারা অপরাধবোধে ভুগবে কিনা, ভুগলে বিদেশি ক্রেতারা বাংলাদেশের পণ্য কিনবে কি না, ব্র্যান্ড প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের পণ্য থেকে নিজেদের দূরে রাখবে কি না—এই বিষয়গুলোর ওপর ভবিষ্যৎ নির্ভর করছে।এদিকে, সংবাদ সংস্থা এএফপি বাংলাদেশের পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের পেছনে পশ্চিমা পোশাক ক্রেতা প্রতিষ্ঠানের দুর্বল নিরাপত্তা নিরীক্ষা প্রতিবেদনকে দায়ী করেছে। সংবাদ সংস্থাটি হিউম্যান রাইটস ওয়াচের উপপরিচালক (এশিয়া) ফিল রবার্টসনের উদ্ধৃতি দিয়ে বলেছে, তথাকথিত নিরাপত্তা কমপ্লায়েন্স (কর্মপরিবেশ) নিয়ে কারখানার মালিকেরা প্রতারণা করেছেন, নতুবা তাঁরা এই কমপ্লায়েন্স সার্টিফিকেট কেনেন। এ ধরনের কমপ্লায়েন্স ইস্যুগুলো বিদেশি ক্রেতাদের চাহিদা অনুযায়ী করা হয়, যাতে তারা সন্তুষ্ট হয়।পোশাকশিল্পের শ্রমিকেরা যে বিপদের মুখে রয়েছেন, তা তুলে ধরেছে নিউইয়র্ক টাইমস। গতকাল পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, টমি হিলফিগার ও গ্যাপের মতো বিভিন্ন বড় ব্র্যান্ডের পোশাক বাংলাদেশের যেসব কারখানা প্রস্তুত করে ওয়ালমার্টে সরবরাহ করে, বিশ্বজুড়ে শ্রম অধিকারকর্মীরা সেই সব কারখানার কর্মপরিবেশকে দায়ী করেছেন।ক্লিন ক্লথ ক্যাম্পেইনের আন্তর্জাতিক সমন্বয়কারী ইনেক জেলডেনরাস্ট এক বিবৃতিতে বলেছেন, ‘এসব ব্র্যান্ড বহু বছর ধরেই জানে, যেসব কারখানায় তারা কাজ করাচ্ছে, তার বেশির ভাগই মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।’মাত্র এক মাস আগেই ‘ফাইবারটুফ্যাশন’ ওয়েবসাইটে ‘তৈরি পোশাক বিক্রেতাদের জন্য শ্রমিকের নিরাপত্তা কী অগ্রাধিকার?’ শিরোনামে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। এতে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, কম্বোডিয়াসহ কয়েকটি দেশের কর্মক্ষেত্রে তৈরি পোশাকশ্রমিকদের নিরাপত্তার বিবর্ণ দিক এবং এ বিষয়ে এসব দেশ থেকে তৈরি পোশাকের আন্তর্জাতিক ক্রেতাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। বিশ্বজুড়ে তৈরি পোশাক, বস্ত্র ও ফ্যাশন নিয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত, সংবাদ বিশ্লেষণসহ ক্রেতা-বিক্রেতাদের যোগাযোগের জন্য বিশ্বের অন্যতম সুবৃহৎ ওয়েবসাইট এটি।সব মিলিয়ে পোশাকশিল্প নিয়ে আবারও ভাবমূর্তির সংকটে বাংলাদেশ।