নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে সার্চ বা অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ শনিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে তাদের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পেশ করতে হবে। চার সদস্যের এই কমিটি প্রধান ও অন্য নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পাঠাবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান অনুসন্ধান কমিটি গঠনের সুপারিশ করেন। সংলাপে অংশ নেওয়া সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতিকে অনুসন্ধান কমিটি গঠনের মত দেয়। এরই পরিপ্রেক্ষিতে চার সদস্যবিশিষ্ট এই অনুসন্ধান কমিটি গঠন করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী কমিটির সদস্যরা হলেন প্রধান বিচারপতি মনোনীত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের একজন করে বিচারক, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান।কমিটির কার্যপরিধি ও কর্মপদ্ধতি অনুযায়ী আপিল বিভাগের বিচারক অনুসন্ধান কমিটির সভাপতি হবেন। মন্ত্রিপরিষদ বিভাগ অনুসন্ধান কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। ন্যূনতম দুজন সদস্যের উপস্থিতিতে অনুসন্ধান কমিটির কোরাম হবে। কমিটি সভার কার্যপদ্ধতি নির্ধারণ করতে পারবে। অনুসন্ধান কমিটি সভায় উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের ভিত্তিতে প্রতিটি শূন্যপদের বিপরীতে দুজন ব্যক্তির নাম সুপারিশ করবে। সিদ্ধান্তের সমতার ক্ষেত্রে সভায় সভাপতিত্বকারী সদস্যের নির্ণায়ক সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা থাকবে।