নতুন ইসি গঠনে চার সদস্যের সার্চ কমিটি
নতুন নির্বাচন কমিশন(ইসি)গঠনে চার সদস্যের সার্চ বা অনুসন্ধান কমিটি গঠন করে দিয়েছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। মন্ত্রিপরিষদ বিভাগ গতকাল শনিবার এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করে। আজ রোববার সরকারি তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়।কমিটির সদস্যরা হলেন প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারক, প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারক, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান।তথ্য বিবরণীতে বলা হয়, কমিটির কার্যপরিধি ও কর্মপদ্ধতি অনুযায়ী আপিল বিভাগের বিচারক সার্চ বা অনুসন্ধান কমিটির সভাপতি হবেন। মন্ত্রিপরিষদ বিভাগ কমিটির কার্য সম্পাদনে সাচিবিক সহায়তা প্রদান করবে। কমপক্ষে দুজন সদস্যের উপস্থিতিতে অনুসন্ধান কমিটির কোরাম গঠিত হবে।এ কমিটি প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগে সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের ভিত্তিতে প্রতিটি শূন্য পদের বিপরীতে দুজন ব্যক্তির নাম সুপারিশ করবে। সিদ্ধান্তের সমতার ক্ষেত্রে সভায় সভাপতিত্বকারী সদস্যের নির্ণায়ক সিদ্ধান্ত প্রদানের ক্ষমতা থাকবে।নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির ধারাবাহিক সংলাপের পর এ সিদ্ধান্ত নেওয়া হলো। কমিটি সভার কার্যপদ্ধতি নির্ধারণ করতে পারবে। এ ছাড়া কমিটি গঠনের ১০ কার্যদিবসের মধ্যে তাদের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পেশ করতে হবে।