নবনিযুক্ত নির্বাচন কমিশনের (ইসি) অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না।গতকাল বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, নতুন নির্বাচন কমিশন গঠনের পুরো প্রক্রিয়াটিই অসাংবিধানিক, বেআইনি ও অবৈধ। এ কমিশন জনগণের গ্রহণযোগ্যতা পাবে না। এ কমিশনের অধীনে বিএনপির কোনো নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নই আসে না।নতুন সিইসিকে প্রত্যাখ্যান করছেন কি না, এ প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সিইসি এবং নির্বাচন কমিশন গঠনের পুরো প্রক্রিয়াকেই বিএনপি প্রত্যাখ্যান করছে। তিনি বলেন, অবৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাঁদের নিয়োগ দেওয়া হয়েছে, তাঁরাও অবৈধ। সুতরাং, কোনো অবস্থাতেই বিএনপি তাঁদের গ্রহণ করতে পারে না।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির অনুসন্ধান কমিটি গঠন করার এখতিয়ার নেই। সরকার নিজেদের পছন্দের লোককে ইসিতে বসাতে রাষ্ট্রপতিকে দিয়ে ‘অসাংবিধানিকভাবে’ কাজটি করিয়েছে।মির্জা ফখরুল বলেন, বর্তমান রাজনৈতিক সংকটের সমাধান করতে হলে আগে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্ত নিতে হবে সরকারকে।