নতুন উডস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঙনের ভেতর আছেন টাইগার উডস। গলফ সাম্রাজ্যে ভাঙন ধরেছে। ভাবমূর্তি তো ভেঙে খানখান সেই কবেই। বহুদিন ধরে র‌্যাঙ্কিংয়ের ১ নম্বর জায়গাটি ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে রেখেছিলেন। স্থানচ্যুত হওয়ার আশঙ্কার খড়্গ তাঁর মাথার ওপর। সংসারও প্রায় যায় যায়। এবার ভেঙে গেল উডসের একটা রেকর্ডও। ১৯৯১ সালে ইউএস জুনিয়র অ্যামেচার গলফ জিতে রেকর্ড গড়েছিলেন সবচেয়ে কম বয়সে টুর্নামেন্টটি জেতার। জিম লিউ নামের ১৪ বছর বয়সী এক কিশোর সেই রেকর্ড ভেঙে দিল সম্প্রতি।১৯৯১ সালে এই টুর্নামেন্ট জেতার মধ্য দিয়ে কিশোর-প্রতিভা উডস পেশাদার ক্যারিয়ারের দিকে এক ধাপ এগিয়ে গিয়েছিলেন মাত্র। উডস আসলে সেই ২ বছর বয়স থেকেই বিস্ময়বালক হিসেবে পরিচিত। ওই বয়সেই যুক্তরাষ্ট্রের একটি টিভি অনুষ্ঠানে হাজির হয়ে নিজের গলফ-প্রতিভা দেখিয়ে দিয়েছিলেন। তিন বছর বয়সে তাঁকে নিয়ে প্রচ্ছদ করেছিল গল ডাইজেস্ট সাময়িকী। বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপ জিতেছেন ছয়বার। এর মধ্যে ১৯৮৮ থেকে ১৯৯১ পর্যন্ত টানা চারবার।গত সপ্তাহে তাঁর রেকর্ড ভেঙে দিয়ে আলোচনায় চলে আসা জিম লিউ অবশ্য এতটা পরিচিত কিংবা আলোচিত ছিল না। তবে জিমের কোচ জন অ্যানসেলমো জানাচ্ছেন, ‘এই বয়সে টাইগারের মধ্যে যেসব প্রতিভার ঝলক দেখা গিয়েছিল, তার অনেকই আছে জিমের মধ্যেও।’ অ্যানসেলমোর হাতেই তৈরি উডস। শৈশবে তিনি কোচ ছিলেন উডসের। তাঁর শিষ্য থাকার সময়ই তিনবার জুনিয়র অ্যামেচার জিতেছিলেন উডস। কলেজে যাওয়ার আগ পর্যন্ত উডসকে পথ দেখিয়েছেন। তাই অ্যানসেলমো জিম লিউকে নিয়ে যা বলছেন, সেটাকে গুরুত্ব দিতেই হয়। ওয়েবসাইট অবলম্বনে।