নতুন উদ্দীপনায় কাজ করার প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন উদ্দীপনা নিয়ে নিষ্ঠা ও সততার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক অগ্রগতির সহায়ক শক্তি হিসেবে কাজ করার প্রত্যয়ে প্রথম আলোর সর্বস্তরের কর্মীরা উদ্যাপন করলেন ত্রয়োদশ বর্ষপূর্তির উৎসব।গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সকাল থেকেই প্রাণস্পন্দিত হয়ে উঠেছিল দেশের বিশিষ্ট নাগরিক, সাংস্কৃতিক অঙ্গনের জনপ্রিয় তারকা, প্রথম আলোর পাঠক ও সারা দেশ থেকে আসা প্রতিনিধিদের সমাগমে। প্রথম আলোর দিনবদলের আহ্বান ‘বদলে যাও বদলে দাও’ এবং এবারের উৎসবের প্রতিপাদ্য ‘উটপাখি নয়, মানুষের জীবন চাই’ লেখা ব্যানার-পোস্টারে সাজিয়ে তোলা হয়েছিল উৎসব কেন্দ্র। ভেতরে ছিল ‘যে খবর বদলে দিয়েছিল’ শিরোনামের বিশেষ প্রদর্শনী। সকাল সাড়ে নয়টা থেকেই প্রথম আলোর কর্মীরা আসতে শুরু করেন সম্মেলনস্থলে। ১০টা নাগাদ প্রদর্শনীর উদ্বোধনী। প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক সবাইকে স্বাগত জানিয়ে প্রদর্শনী উদ্বোধনের জন্য মঞ্চে আমন্ত্রণ জানান শিল্পী কাইয়ুম চৌধুরী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী ও রফিকুন নবীকে।প্রথম আলো ১৩ বছর অতিক্রম করায় অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে তাঁরা বলেন, ‘পত্রিকাটি তার যাত্রার শুরু থেকেই ভালোর সঙ্গে আছে। তারা নিজেরাও আগামীতে ভালোর দিকে যাবে, আমাদেরও নিয়ে যাবে। কারণ আমরা ভালোর দিকেই যেতে চাই।’ অতিথিরা বোর্ডে স্বাক্ষর করে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী ছিল গত ৪ নভেম্বর। তবে ঈদুল আজহার ছুটির কারণে বর্ষপূর্তির উৎসব আয়োজন করা হয় গতকাল মঙ্গলবার।সম্মিলনী: প্রদর্শনী উদ্বোধনের পরই ঢাকা ও ঢাকার বাইরে কর্মরত প্রথম আলোর প্রায় সাড়ে আট শ কর্মীর অংশগ্রহণে শুরু হয় সম্মিলনী। এ পর্বের সঞ্চালক প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ সবাইকে স্বাগত জানিয়ে বলেন, ‘১৯৯৮ সালের ৪ নভেম্বর যখন প্রথম আলোর আত্মপ্রকাশ ঘটে, তখন আমরা দেশে সুসাংবাদিকতার একটি দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছিলাম। আমাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে। প্রথম আলোই দেশে প্রথম তিন লাখ, তার পরে চার লাখ এবং ত্রয়োদশ বর্ষপূর্তিতে পাঁচ লাখ ছাপার মাইলফলক স্পর্শ করেছে।’ সম্মিলনীতে দেখানো হয় প্রথম আলোর সার্বিক কর্মকাণ্ড নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র।প্রথম আলোর প্রকাশনা প্রতিষ্ঠান মিডিয়াস্টার লিমিটেডের চেয়ারম্যান লতিফুর রহমান সাফল্যে গর্বিত না হয়ে সব কর্মীকে মাটি ও মানুষের কাছে থেকে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘শুধু স্বপ্ন দেখলেই হবে না, তা বাস্তবায়ন করতে হবে। এই সাফল্য আমাদের মধ্যে যে আত্মবিশ্বাস তৈরি করেছে, তা নিয়ে এগিয়ে গেলে প্রথম আলো ভবিষ্যতে দেশের রাজনীতি, অর্থনীতি ও সামাজিক পরিস্থিতি পরিবর্তনে আরও বেশি ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।’প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান নতুন প্রচারাভিযান ‘উটপাখির মতো মাথা গুঁজে নয়, মাথা উঁচু করে বাঁচার’ বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ‘অন্যায়-অসংগতি দেখে পাশ কাটিয়ে যাওয়া নয়, প্রতিরোধ-প্রতিকারের জন্য এগিয়ে আসতে হবে আমাদের।’ তাঁর বক্তব্যের মাঝে প্রথম আলোর নতুন টিভি বিজ্ঞাপন দেখানো হয়। তিনি তাঁর বক্তৃতায় শিল্পী কাইয়ুম চৌধুরী ও কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য্যের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং পাঠকদের অভিনন্দন জানান। কর্মীদের তিনি বলেন, ‘প্রথম আলো পাঁচ লাখ ছাপার মাইলফলক স্পর্শ করেছে। তবে এতে আত্মতুষ্টির কিছু নেই। আমরা আরও এগিয়ে যেতে চাই। ভালোর দিকে দেশকে বদলে দিতে চাই। সে জন্য সবার আগে আমাদের প্রত্যেকের নিজের নিজের কাজটি আরও নিষ্ঠার সঙ্গে, সততার সঙ্গে উদ্যমের সঙ্গে সম্পন্ন করতে হবে। আমাদের লক্ষ্য কঠিন, তবে তা অর্জন করা অসম্ভব নয়।’প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক বলেন, ‘১৩ বছরে পত্রিকাটি মানুষের মনে আস্থা তৈরি করতে পেরেছে। আস্থার এই জায়গাটি অটুট রাখতে হবে।’ চট্টগ্রামের আবাসিক সম্পাদক আবুল মোমেন বলেন, ‘বাংলাদেশ স্বপ্ন ও আশাভঙ্গের দেশ। সাফল্যের ছবিগুলো প্রায়ই ব্যর্থতায় পর্যবসিত হয়। মানুষ পুলিশ, রাজনীতিবিদ, মন্ত্রী, সাংসদ, আদালতের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছে। সে জায়গায় প্রথম আলো সাধারণ মানুষের স্বপ্ন-সম্ভাবনার প্রতীক হয়ে উঠছে।’আরও বক্তব্য দেন সহযোগী সম্পাদক সোহরাব হাসান, মহাব্যবস্থাপক (বিজ্ঞাপন) রশিদুর রহমান, মহাব্যবস্থাপক (সার্কুলেশন) এ বি এম জাকারিয়া, প্রধান বার্তা সম্পাদক লাজ্জাত এনাব মহছি, এবিসি রেডিওর বার্তা ও অনুষ্ঠানপ্রধান সানাউল্লাহ, প্রথম আলো জবসের শৈবাল কানুনগো প্রমুখ।যাঁরা ১০ বছর ধরে প্রথম আলোর সঙ্গে আছেন এমন কর্মী, ইন্টারনেট উৎসব ব্যবস্থাপনায় সেরা ১০টি বন্ধুসভা, সারা দেশে ভালো কাজের জন্য ২০টি বন্ধুসভা এবং সময়ানুবর্তিতার জন্য বেশ কিছু কর্মীকে পুরস্কৃত করা হয়। এ পর্ব সঞ্চালনা করেন ফিচার সম্পাদক সুমনা শারমীন।যে খবর বদলে দিয়েছিল: মিলনায়তনে প্রবেশ করলেই সামনের লবির দুই পাশ দিয়ে স্টলের সারি। প্রথমেই ছিল বড় বড় ডিজিটাল প্রিন্টে ১৩ বছর প্রথম আলোতে প্রকাশিত যেসব খবর সমাজের ইতিবাচক পরিবর্তনের ধারায় নিয়ামক হিসেবে কাজ করেছে, তার প্রণিধানযোগ্য কিছু নমুনা। বিশেষ বিশেষ ঘটনার আলোকচিত্র, শিশির ভট্টাচার্য্যের কার্টুন আর হরেক রকমের স্মারক। ‘টিলার চূড়ায় পুুকুর’, ‘ডিমের রং বদল’, ‘সরকারি সেতু হয়ে গেল পারিবারিক’, ‘পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি’ এমন অনেক সংবাদই ছিল তাতে। দর্শকেরা এক ঝলকে ১৩ বছরের একটি প্রতিচ্ছবিও দেখতে পেয়েছে এসব সংবাদ ও আনুষঙ্গিক বিষয় থেকে।এরপর স্টল। জবসের স্টলে ছিল সবার জন্যই উপহারের প্যাকেট আর চাকরিপ্রার্থীদের জন্য অনলাইন নিবন্ধনের ব্যবস্থা। মজার মজার খেলা আর হস্তরেখা বিচারের ব্যবস্থা ছিল রস+আলো ও ছুটির দিনের স্টলে। খেলায় যাঁরা বিজয়ী হয়েছেন, তাঁদের উদার হস্তে ‘বংশ খণ্ড’ উপহার দেওয়ার পাশাপাশি রীতিমতো ছাপানো সনদপত্রও বিতরণ করা হয়েছে। হস্তরেখা বিচার করেছেন জ্যোতিষ কাওসার আহমেদ চৌধুরী।নকশার স্টলে আগ্রহী ব্যক্তিদের হাত মেহেদির রঙে রাঙিয়ে দিয়েছেন রূচপচর্চা বিশেষজ্ঞরা। ছিল মুখচিত্র অঙ্কন এবং টি-শার্টে নকশা করার ব্যবস্থা। দেখানো হয় বস্ত্র রাঙানোর প্রাকৃতিক রঙের ব্যবহার, মৃৎপাত্রে নকশা করার পদ্ধতি। দেশের বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার ও মডেল তরকারা সারা দিনই ছিলেন নকশার স্টলে। তাঁদের ঘিরে ভিড়েরও কমতি ছিল না উৎসাহী দর্শকদের।প্রিয় তারকাদের সান্নিধ্যে সময় কাটানো, অটোগ্রাফ সংগ্রহ আর তাঁদের সঙ্গে ছবি তোলার সুযোগ হাতছাড়া করতে চাননি দর্শকেরা। তাই আনন্দর স্টলে সারাক্ষণই ভিড় জমিয়েছেন তাঁরা। এ স্টলে ছিলেন অভিনয়, সংগীত ও মডেল তারকারা। প্রথমা ও স্বপ্ন নিয়ের স্টলে ছিলেন আমেরিকান সেন্টারের শিক্ষাবিষয়ক কাউন্সিলর আরেফিন জাহান। তিনি যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষাসংক্রান্ত পরামর্শ দিয়েছেন। আর গ্রন্থানুরাগী দর্শকেরা কিনেছেন প্রথমা প্রকাশনী থেকে পছন্দের বই। প্রথম আলো ট্রাস্টের স্টলে ছিল প্রথম আলোর সমাজকল্যাণবিষয়ক কর্মকাণ্ডের পরিচিতি।মঞ্চের জমজমাট অনুষ্ঠান: দর্শনার্থীদের বাড়তি আনন্দ দিতে প্রদর্শনীর মঞ্চে ছিল জমজমাট অনুষ্ঠান। চট্টগ্রামের নাটুয়া সম্প্রদায় মূকাভিনয় করেছে ইভ টিজিং, পরিবেশদূষণ, সন্ত্রাস এসব নিয়ে। জলজের শিল্পীরা করেছেন আকর্ষণীয় পাপেট শো। ফাঁকে ফাঁকে মঞ্চে এসে গান শুনিয়েছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় শিল্পীরা। ‘আজ এই দিনটাকে’ গেয়ে গানের পর্ব শুরু করেন সাজেদ ফাতেমী। এরপর বিপ্লব শুনিয়েছেন ‘কেউ জানে না কোনটা আসল ঠিকানা’, মুহিন গেয়েছেন ‘ঘুম আসে না’, ইবরার টিপু শুনিয়েছেন ‘ও পৃথিবী’, শহীদ গেয়েছেন ‘এক জীবন’, কিশোর গেয়েছেন ‘যাচ্ছ দূরে’, মিনার গেয়েছেন ‘সাদা রঙের মেয়ে’, শফিক তুহিন গেয়েছেন ‘এর বেশি ভালোবাসা যায় না’, কাজী শুভ গেয়েছেন ‘সোনা বউ’। আরও গেয়েছেন সন্দীপন, সাব্বির, পুলক, মিমি, শশী, ইমরান, ডি রকস্টার শুভসহ অনেকে।এ ছাড়া আনন্দ ও নকশার স্টলে উপস্থিত অভিনয়, মডেল ও সংগীত তারকা, ডিজাইনার ও নির্মাতাদের মধ্যে ছিলেন মাহফুজ, ন্যান্সি, ইমন, বিন্দু, মম, ফারজানা ছবি, শখ, স্বাগতা, মাহমুদুজ্জামান বাবু, করবী মিজান, সাজ্জাদ সুমন প্রমুখ। বিকেল পর্যন্ত প্রদর্শনীর মঞ্চ তাঁরা জমিয়ে রেখেছিলেন।