নতুন উদ্ভাবন দিয়ে পৃথিবীকে আরও বাসযোগ্য-মনোরম করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সুন্দর ও সুখী সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন। তিনি আজ মঙ্গলবার গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের প্রতি এ আহ্বান জানান। আজ বিশ্ববিদ্যালয়ের ২৪তম সমাবর্তন অনুষ্ঠান ছিল। প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী বলেন, নতুন উদ্ভাবন দিয়ে পৃথিবীকে আরও বাসযোগ্য ও মনোরম করে গড়ে তুলতে হবে। তিনি আশা করেন, নিজেদের জীবন সুন্দর করে সাজাতে এবং অন্যদের জন্য মনোরম পরিবেশ গড়তে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী ডিগ্রিধারীদের উদ্দেশে বলেন, ‘বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ হিসেবে তোমাদেরকেই খুঁজে বের করতে হবে কীভাবে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো যায়। কীভাবে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো যায়। তোমাদেরকেই উদ্ভাবন করতে হবে কীভাবে দূষণ থেকে বাঁচানো যায় আমাদের এই প্রিয় ধরিত্রীকে।’প্রধানমন্ত্রী আরও বলেন, নতুন শিক্ষানীতির আওতায় মাদ্রাসাসহ সব ধারার শিক্ষাব্যবস্থাকে একই পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিসহ মন্ত্রিসভার সদস্য, শিক্ষাবিদ, কূটনীতিক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম ইমতিয়াজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বাসস