নতুন উপায়ে যৌতুক ছদ্মবেশী যৌতুক
পত্রপত্রিকা, বিভিন্ন বই, সর্বত্র ব্যাপক লেখালেখি আর একদল সচেতন মানুষের কল্যাণে যৌতুক নামের ভয়ঙ্কর কুপ্রথা সম্পর্কে সজাগ হচ্ছে মানুষ। এখনো যদিও এটি থেমে নেই, তবে গত ৩০-৪০ বছরের তুলনায় এর হার কমে এসেছে অনেক। শিক্ষিত, অর্ধশিক্ষিত সচেতন মানুষ সবাই এই প্রথার বিরুদ্ধে। তবে মজার ব্যাপার হলো, একদিক থেকে বন্ধ হচ্ছে এই প্রথা আবার অন্যদিকে নতুনভাবে ভিন্ন উপায়ে জেগে উঠছে। কেস স্টাডি-১পারমিতা (ছদ্মনাম) একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। কয়েক দিন আগে তাঁর বিয়ে হয়েছে, ছেলে চিকিৎসক। যোগ্য পাত্র। এই পাত্র কোনোভাবেই হাতছাড়া করা যাবে ন। তাই পারমিতার বাবা ঘোষণা দিলেন, মেয়েকে বিয়েতে ৫০ ভরি স্বর্ণ আর ঘরের আসবাব খুশি হয়ে উপহার দেবেন। চিকিৎসক প্রথমে উসখুস করলেও স্বর্ণ আর উপঢৌকনের কথা শুনে হাসিমুখে বরণ করলেন পারমিতাকে। কেস স্টাডি-২শোভন, একটি এনজিওতে অনেক বড় একজন কর্মকর্তা। তাঁর মা পাত্রী খুঁজতে খুঁজতে হয়রান, যোগ্য পাত্রীই মিলছে না। যোগ্যতা মানে বড়লোক, গুণবতী মেয়ে পেলে তবেই না আশপাশের দু-এক বাসায় বউকে নিয়ে যেতে পারবেন, গর্ব করে বলতে পারবেন ছেলের শ্বশুরবাড়ি থেকে কী কী এসেছে। কেস স্টাডি-৩পাভেল আর মোহনা। সমবয়সী তাঁরা। পাভেলের চতুর্থ বর্ষ শেষ, একটি চাকরিও পেয়েছেন। মোহনারও শেষ, তবে এখনো চাকরি পাননি। পাভেল খুব বলছেন তাঁকে চাকরি করতে। কারণ, তাঁর ভাইয়াকে দেখেছেন ভাবির টাকায় মহা সুখে চলতে। নিজের টাকা বন্ধুবান্ধব, আড্ডায় খরচ হবে আর বউয়ের টাকায় চলবে সংসার। পাভেলেরও ইচ্ছা তেমনি। তাই খুব জোর করছেন মোহনাকে চাকরি করতে। ঘরে টাকা আনতে। ওপরের প্রতিটি কাহিনিই আমাদের বাস্তব জীবন থেকে নেওয়া। প্রচলিত নিয়মের যৌতুক হয়তো বন্ধ আছে কিন্তু ছদ্মবেশী যৌতুক দিনকে দিন বেড়েই চলেছে। সবাই দেখছে, তবু যেন না দেখার ভান। রোমানা রুমু, ঢাকা।