এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক উপসংহার। রচনা ও পরিচালনা করেছেন বদরুল আনাম সৌদ। অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা। কথা হলো তাঁর সঙ্গে। কী করছেন?গাজীপুরের পাখিরটেক এলাকায় আছি। এখানে সৌদের পরিচালনায় গহীনে নামের নতুন একটি ধারাবাহিকের শুটিং করছি। নাটকে আমার চরিত্রটি এক হিন্দু জমিদারের স্ত্রীর। ‘উপসংহার’ নাটকের রওনক বানুকে নিয়ে কিছু বলুন। রওনক বানুকে চাচাতো ভাই বিক্রি করে দিয়েছিল। এরপর রওনক বানুর জীবনে বড় পরিবর্তন হয়। সবকিছুতেই তা লক্ষ করা যায়। রওনক বানুকে তার পরিবারের কেউ এখন চিনতে পারে না। কিন্তু সে তাদের সবাইকে চিনতে পারে। একসময় রওনক বানু তার হারানো মাকে খুঁজে পাবে।নাটকটিতে কাজ করার অভিজ্ঞতা কেমন হলো?উপসংহার নাটকে যে ধরনের চরিত্রে কাজ করেছি, এর আগে কখনো তা করা হয়নি। এটা আমার জন্য একটি অন্য রকম অভিজ্ঞতা। রওনক বানু চরিত্রে অভিনয়টা আমি খুব উপভোগ করছি। ‘মানবজমিন’ ধারাবাহিকের কী খবর?নাটকটির পরিচালক মুরাদ পারভেজ খুব গুছিয়ে কাজ করেন। এখানে আমার অভিনীত চরিত্রটি একেবারেই অন্য রকম। মফস্বলে বাস করি। সবকিছু মিলে বেশ ভালোই লাগছে নাটকটিতে কাজ করে।প্রযোজনা প্রতিষ্ঠান সাতকাহনের কী অবস্থা?আমি আর সৌদ মিলে সাতকাহন গড়েছি। এই প্রতিষ্ঠানের তিনটি নাটক এখন টিভিতে দেখানো হচ্ছে। শিগগিরই সীমান্ত নাটকটি শেষ হবে। এরপর শুরু হবে গহীনে নাটকটির প্রচার। এ সময়ের নবীন যেসব পরিচালক ভালো কাজ করছেন, তাঁদের দিয়েও আমাদের প্রতিষ্ঠান থেকে কাজ করানোর পরিকল্পনা করেছি। সাতকাহন থেকে আমরা নতুন অথচ মেধাবী পরিচালকদের সহযোগিতা করতে চাই।ঈদের কী কাজ করেছেন?ঈদে আমার রচনা ও পরিচালনায় থাকছে মৌলিক নাটক শূন্য। এ ছাড়া বদরুল আনাম সৌদের পরিচালনায় হাট্টিমাটিম এবং রেদওয়ান রনির সাত পর্বের ধারাবাহিক হিমু, বাকের ভাই, মিসির আলী ও বড় চাচা নাটকে কাজ করেছি।