নতুন কমিশন দায়িত্ব নিলে ডিসিসি নির্বাচন: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নিলে তাদের অধীনে ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।তবে সিটি করপোরেশন নির্বাচনী আইন অনুযায়ী ঢাকার দুই সিটিতে ৯০ দিনের মধ্যেই (২৮ ফেব্রুয়ারি) নির্বাচন করতে হবে। কিন্তু হিসাব অনুযায়ী বর্তমান তিন কমিশনারের বিদায়ের পর নতুন কমিশনাররা দায়িত্ব নিলে তাঁদের পক্ষে ৯০ দিনের মধ্যে নির্বাচন করা নিয়ে সংশয় রয়েছে। কারণ প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা ও নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ৫ ফেব্রুয়ারি অবসরে যাবেন। অপর কমিশনার এম সাখাওয়াত হোসেন অবসরে যাবেন ১৫ ফেব্রুয়ারি। ২৮ ফেব্রুয়ারির পর বর্তমান প্রশাসকেরাও সিটি করপোরেশনের দায়িত্বে থাকতে পারবেন না। কারণ আইনে তাঁদের মেয়াদ ৯০ দিন নির্ধারণ করে দেওয়া হয়েছে।আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনের সামনের রাস্তায় পৌরসভার মেয়রদের মধ্যে ময়লা অপসারণে ট্রাক বিতরণ অনুষ্ঠানের পরে সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, নির্বাচন করাই নির্বাচন কমিশনের (ইসি) দায়িত্ব। কিন্তু বর্তমান কমিশনের মেয়াদ শেষ হয়ে আসায় তারা নির্বাচন করতে অসম্মতি জানিয়েছে। নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নিলে তাদের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে।সৈয়দ আশরাফ আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে স্থানীয় সরকারব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ করা হচ্ছে। লন্ডনের সরকারব্যবস্থাকে ছয় ভাগে এবং নিউইয়র্কের সরকারব্যবস্থাকে পাঁচ ভাগে বিকেন্দ্রীকরণ করা হয়েছে। সম্প্রতি দিল্লিকে তিন ভাগে বিকেন্দ্রীকরণ করা হয়েছে। ভবিষ্যতে প্রশাসনিকভাবে ঢাকাকে আরও পুনর্বিন্যাস করা হবে।গতকাল দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এ বিষয়ে বলেন, নির্বাচন কমিশনের কাজ হচ্ছে নির্বাচন পরিচালনা করা। সরকার কোন আইন প্রণয়ন করবে, সেটা সরকারের এখতিয়ার। আইন করতে গিয়ে নির্বাচন কমিশনের কথা শুনতে হবে—এ ধরনের কোনো বিধিবিধান সংবিধানে আছে বলে জানা নেই। তাই আজকে যে করপোরেশন বিভাজন করা হয়েছে, সে অনুযায়ী নির্বাচন করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব।সৈয়দ আশরাফের বক্তব্য সম্পর্কে বিকেলে নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, ‘এ নিয়ে অনেকেই অনেক কথা বলবেন। এখতিয়ার নিয়েও প্রশ্ন তুলবেন। সবই তাঁদের নিজস্ব ব্যাপার। বাস্তবতা হলো, আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। কিন্তু আমাদের মেয়াদ ৯০ দিন নেই।’সাখাওয়াত হোসেন আরও বলেন, ঢাকার সিটির নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন ২০০৯ সাল থেকে একাধিকবার উদ্যোগ নিয়েছিল। ২০০৯ সালের শুরুতে নির্বাচন করার জন্য সব ধরনের প্রস্তুতি কমিশনের ছিল। তখন সরকার বলেছিল, তত্ত্বাবধায়ক সরকারের তৈরি করা অধ্যাদেশ নয়, নতুন সরকারের অধীনে প্রণীত আইনের আওতায় নির্বাচন হবে। পরে ২০১০ সালের এপ্রিলে দ্বিতীয় দফায় সব প্রস্তুতি সম্পন্ন করার পরও সরকারের আপত্তির কারণে নির্বাচন করা সম্ভব হয়নি। ঢাকা সিটির নির্বাচন করা নিয়ে কমিশন থেকে বেশ কয়েকবার চিঠি দেওয়ার পরও একটি ছাড়া বাকি চিঠির উত্তরও পাওয়া যায়নি।সুরঞ্জিত সেনগুপ্তের বক্তব্য সম্পর্কে এম সাখাওয়াত বলেন, ‘বিষয়টি এমন নয় যে আমরা অন্য দেশের মানুষ, যে কারণে আলাপ করা যাবে না। বরং আলাপ করে আইন করলে আজকের সমস্যার উদ্ভব হতো না।’ তিনি জানান, আজ বুধবার দিনের প্রথম ভাগে ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচন না করার কারণ উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে।কমিশন সচিবালয় সূত্র জানায়, ঢাকার দুই সিটিতে নির্বাচন না করার কারণ ব্যাখ্যা করে নির্বাচন কমিশনের লেখা চিঠি গতকাল দিনের শেষের দিকে চূড়ান্ত করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও দুই নির্বাচন কমিশনারের অবসরে যাওয়া, সময়ের স্বল্পতা এবং জনবলের সংকটের বিষয়কে নির্বাচন না করার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।