নতুন করে অনিশ্চয়তার মুখে পাকিস্তান
পাকিস্তানে নির্বাচিত রাজনৈতিক সরকারের শাসন আবার অনিশ্চয়তার মুখে পড়েছে। গতকাল মঙ্গলবার দেশটির সুপ্রিম কোর্ট ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র-সংক্রান্ত দুর্নীতির মামলায় প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এতে ক্ষমতাসীন সরকার নতুন করে সংকটের মুখে পড়েছে।গতকাল রাত পর্যন্ত সরকার বলেছে, তারা আদালতের কোনো লিখিত নির্দেশ পায়নি, তাই করণীয় বিষয়ে কিছু জানাতে পারছে না। এই বক্তব্য পরিস্থিতিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা, সমাধান নয়। গতকাল রাতেই ক্ষমতাসীন জোটের প্রধান শরিক পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি জোটের অন্য দলগুলোকে নিয়ে জরুরি বৈঠকে বসেছিলেন। বৈঠকের সিদ্ধান্ত যা-ই হোক না কেন, দেশটি যে চরম অনিশ্চয়তার দিকে যাচ্ছে—তা বলার অপেক্ষা রাখে না।গতকাল রাতে দেশটির বিভিন্ন শহরে আদালতের রায়ের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। করাচি শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। বিক্ষোভকারীরা আদালতের রায়ের বিরুদ্ধে স্লোগান দেয়। এ সময় প্রতিবাদ জানাতে অনেকে ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় সাধারণ লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে পাকিস্তানের করাচি স্টক এক্সচেঞ্জের সূচক এক দিনে ৫০০ পয়েন্ট কমে গেছে। বাজার অস্থির হয়ে গেছে। দিনের শেষে সূচক ৩ দশমিক ১৬ শতাংশ নেমে গেছে বলে জানা গেছে।স্বাধীনতার ৬৫ বছরে পাকিস্তান প্রায় অর্ধেক সময় থেকেছে সামরিক শাসনে। ধর্মীয় নেতাদের প্রভাব আর সামরিক বাহিনীর কর্তৃত্ব মিলে সম্ভাবনাময় পাকিস্তানকে গণতন্ত্রমুখী না করে একটি উগ্র, প্রতিক্রিয়াশীল ও অসহিষ্ণু রাষ্ট্রে পরিণত করেছে। দেশটিতে এখনো কোনো নির্বাচিত সরকার তার মেয়াদ পূর্ণ করতে পারেনি। বর্তমান সরকার তার পাঁচ বছর পূর্ণ করতে পারবে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু চলমান আইনগত জটিলতা আর অতীতের ইতিহাস আশার বদলে হতাশাকেই হাতছানি দিয়ে ডাকছে।পাকিস্তানে রাজনৈতিক শাসন স্থায়ী না হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। বছরের পর বছর রাজনৈতিক দলগুলোর গণবিরোধী কর্মসূচি, দুর্নীতি, অগণতান্ত্রিক আচরণ ও পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের আকাঙ্ক্ষা যেমন দায়ী, তেমনি ধর্মীয় নেতা ও সেনা কর্মকর্তাদের ক্ষমতার লোভও রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে গভীর প্রভাব ফেলেছে।আদালতের নির্দেশপাকিস্তানের সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগ ওঠা ব্যক্তিদের আদালতে হাজির করারও নির্দেশ দেওয়া হয়।পারভেজ আশরাফের বিরুদ্ধে অভিযোগ, ২০১০ সালে পানি ও বিদ্যুৎমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালুর প্রকল্প অনুমোদনের জন্য ঘুষ নিয়েছিলেন।যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা কেউ যাঁতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন, এ জন্য দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোকে (এনএবি) নির্দেশ দেন আদালত। যদি কেউ সত্যিই পালিয়ে যান, এ জন্য এনএবি বা জাতীয় জবাবদিহি দপ্তরকে দায়ী থাকতে হবে। এমন নির্দেশই বলে দেয়, ঘটনার ওজন অনেক বেশি। সুপ্রিম কোর্ট ও সরকার সাংঘর্ষিক পরিস্থিতির মুখোমুখি।এদিকে পাকিস্তানের জাতীয় জবাবদিহি দপ্তর (এনএবি) সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের কাজে সহযোগিতা করছে। এর আগে এনএবি আদালতের নির্দেশ অনুযায়ী দেশত্যাগে অযোগ্য ব্যক্তিদের তালিকায় রাজা পারভেজ আশরাফের নাম অন্তর্ভুক্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছিল। কিন্তু মন্ত্রণালয় তা করতে অস্বীকার করে।এনএবি জানিয়েছে, আইন অনুযায়ী প্রেসিডেন্ট ও প্রাদেশিক শাসকেরা যেকোনো সময় দেশত্যাগের অধিকার রাখেন। কিন্তু প্রধানমন্ত্রী তা পারেন না। রাজা পারভেজ আশরাফ যখন প্রধানমন্ত্রী ছিলেন না, তখন তিনি এনএবির কাছে জবানবন্দি দিয়েছিলেন।মামলার ক্ষেত্রে অভিযোগ হলো, রাজা পারভেজ আশরাফ নয়টি প্রতিষ্ঠানকে ২২ বিলিয়ন রুপি (প্রায় এক হাজার ৮০০ কোটি টাকা) পাইয়ে দিয়েছিলেন। এসব প্রতিষ্ঠানের বেশির ভাগই বিদ্যুেকন্দ্র স্থাপন করেনি। যে দু-একটি করেছিল, তারাও তা করেছিল অনেক দেরিতে।আদালত এমন সময় প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের নির্দেশ দিলেন, যখন দেশটিতে এক ধর্মীয় নেতা রাজধানী ইসলামাবাদে তাঁর হাজার হাজার অনুসারী নিয়ে ‘দুর্নীতিবিরোধী’ অবস্থান ধর্মঘট পালন শুরু করেছেন।ধর্মীয় নেতার দাবির আড়ালে সামরিক স্তুতিতেহরিক-ই-মিনহাজুল কোরআন নামের উগ্রপন্থী দলের প্রধান ড. তাহিরুল কাদরি সরকারের দুর্নীতি ও অযোগ্যতার বিরুদ্ধে গতকাল আন্দোলনে নেমেছেন। তাঁর দাবি, সরকার এখনই পদত্যাগ করুক। না হলে জনগণ নিজের হাতে ক্ষমতা তুলে নেবে বলেও তিনি সাবধান করে দেন।কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, কাদরি যা বলেছেন। এমনিতে জনশ্রুতি আছে, কাদরি বেড়ে উঠেছেন সেনাবাহিনীর মদদে। তিনি থাকেন কানাডায় কিন্তু পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে কসুর করেন না। কানাডার নাগরিকত্বও আছে তাঁর। সম্প্রতি তিনি কানাডা থেকে দেশে ফিরেছেন। আর ফিরেই ডাক দিয়েছেন সরকার হটানোর।পাকিস্তানের মতো একটি দেশ, যেখানে গণতন্ত্রচর্চা বারবার বাধাগ্রস্ত হয়েছে, সেখানে কাদরি সেনাবাহিনীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। গতকাল তিনি বলেন, ‘এই যে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী...তাঁরা আসলে সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। তাঁদের সময় ফুরিয়ে গেছে। কাল সকালে জাতীয় ও প্রাদেশিক পরিষদ ভেঙে দিন। ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর জন্য আমি আপনাদের আগামীকাল বেলা ১১টা পর্যন্ত সময় দিচ্ছি। আর তা না হলে, জনগণ তাদের নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেবে।’পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে কাদরি সেনাবাহিনী ও বিচারব্যবস্থার প্রশংসা করে ভাষণ দেন। তিনি বলেন, ‘সরকার শেষ হয়ে গেছে। তারা আমাদের সশস্ত্র বাহিনীকেও শেষ করে দিয়েছে। এই বাহিনী ছিল খুবই সত্, ভীষণ দক্ষ ও শক্ত-সামর্থ্য। তারা ছিল পেশাদারি। রাজনৈতিক সরকারগুলোর কারণে সেনাবাহিনী কিছু করতে পারছে না। কারণ, রাজনৈতিক সরকারগুলো এ দেশ থেকে কিছু উত্পাদন করতে ব্যর্থ। আমাদের মহান ও স্বাধীন বিচারব্যবস্থা রায় দিলেও সরকার তা বাস্তবায়নে প্রস্তুত নয়।’ সরকারের অবস্থানআদালতের নির্দেশের পর স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলেছেন, নির্দেশ অপ্রত্যাশিত। পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে তিনি বলেন, ‘রাজা পারভেজ আশরাফ এখনো প্রধানমন্ত্রী এবং তিনি তা-ই থাকবেন।’ তিনি আরও বলেন, পাকিস্তান পিপলস পার্টি সব সময় বিচারব্যবস্থা ও এর রায়ের প্রতি শ্রদ্ধাশীল ছিল। ভবিষ্যতে জাতীয় স্বার্থে তা অব্যাহত থাকবে। কাদরির লংমার্চ ও অবস্থান ধর্মঘট বিষয়ে রেহমান মালিক বলেন, অবস্থান ধর্মঘট করা প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার। কিন্তু তাদের দাবিদাওয়া সংবিধানমাফিক হওয়া চাই।দেশটির কেন্দ্রীয় সরকারের তথ্যমন্ত্রী কামার জামান কাইরা বলেন, সরকার এখনো আদালতের নির্দেশ হাতে পায়নি। তাই কোনো মন্তব্য করা যাচ্ছে না। তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের কাছ থেকে তিনি লিখিতভাবে কিছু পাননি। সরকার, আইন মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী এখনো সুপ্রিম কোর্টের কোনো নির্দেশ পাননি।... রায় বাস্তবায়নের জন্য বেঁধে দেওয়া সময়ের দিকে দৃষ্টি দিতে হবে।’বৈষম্য আর অনিয়মপাকিস্তানে এখন রাজনৈতিক দল, আদালত, সেনাবাহিনী, ধর্মীয় গোষ্ঠী—সব যেন একটি করে পৃথক সত্তা। পুরো দেশ দুর্নীতিতে ডুবে আছে। জনসংখ্যার অর্ধেক অংশ মানুষ হিসেবে নয়, টিকে আছে ‘নারী’ হিসেবে। আরও ভালোভাবে বলতে গেলে ‘নিপীড়নের বস্তু’ হিসেবে। দেশটির বেশির ভাগ মানুষ আজও প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত। দেশটিতে ধনী ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে সামাজিক ও অর্থনৈতিক ব্যবধান যে বিশাল, তা সহজেই দৃশ্যমান। গ্রামের ধনী ও ক্ষমতাবান পরিবারগুলোর কমপক্ষে একজন সেনাবাহিনীতে কর্মরত।পুরো সমাজ যখন দুর্নীতিতে দুষ্ট, সেখানে বিচারব্যবস্থা নিয়েও সংশয় থেকে যায়। রাজনৈতিক দৈন্যপাকিস্তানের রাজনৈতিক দলগুলোর সবচেয়ে দৃশ্যমান দিক সততার অভাব। দেখা গেছে, সব রাজনৈতিক সরকারকে হটানো হয়েছে দুর্নীতির অভিযোগে। দলের সদস্য প্রেসিডেন্ট হয়ে প্রধানমন্ত্রীকে বরখাস্ত করেছে—এমন উদাহরণ আছে কমপক্ষে দুবার।নির্বাচনের আগে দলগুলো এমন কর্মসূচি হাজির করেছে, যা তারা ক্ষমতায় থাকার সময় বাস্তবায়ন করতে পারেনি। সবগুলো সরকারই ধর্মীয় নেতা ও সামরিক বাহিনীকে সন্তুষ্ট করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে। কিন্তু স্বার্থের টানাপোড়েন বিচ্ছিন্ন করেছে গোষ্ঠীগুলোকে।সামরিক শাসনে জনগণ যতটুকু সুবিধা লাভ করেছে, একটি রাজনৈতিক সরকারের অবশ্যই তার চেয়ে বেশি সুবিধা নিশ্চিত করার কথা। কিন্তু জনগণ দেখেছে, সামরিক বাহিনীর চেয়ে কোনো অংশেই কম নয় রাজনৈতিক দলের নেতারা। ফলে কোনো রাজনৈতিক দলই শেষ পর্যন্ত জনগণের দল হয়ে টিকে থাকতে পারেনি। আন্তর্জাতিক চাপআফগান যুদ্ধ, দেশের ভেতরে মার্কিন বাহিনীর ড্রোন হামলা আর বেলুচিস্তানের স্বায়ত্তশাসনের আন্দোলন পাকিস্তানকে নাজুক অবস্থায় ফেলে দিয়েছে। আন্তর্জাতিক চাপের মুখে সরকার বারবার এমন অর্থনৈতিক সংস্কার করেছে, যাতে সাধারণ মানুষের ওপর চাপ বেড়েছে। দ্রব্যমূল্য লাগামহীন, মুদ্রাস্ফীতি গগনচুম্বী। এর পরও দেশটি লাগাতার বিদেশি ঋণ নিয়েছে। ঋণের শর্তানুযায়ী কারখানা বন্ধ করেছে, জ্বালানির দাম বাড়িয়েছে, কৃষিকে তুলে দিয়েছে মুষ্টিমেয় বহুজাতিক প্রতিষ্ঠানের হাতে।শেষ কথা প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে অর্থপাচার মামলা শুরু করতে রাজি না হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি গত বছর জুন মাসে ক্ষমতা থেকে সরে দাঁড়ান। তখনো সুপ্রিম কোর্টের সঙ্গে বিরোধ ছিল।এবারও দেখা দিয়েছে আদালতের সঙ্গে সংঘাত। পরিস্থিতি শেষে কোন দিকে গড়াবে, তা বোঝা মুশকিল। হতে পারে, শেষে বোধোদয় হবে দেশটির রাজনৈতিক নেতাদের। দুর্নীতিগ্রস্ত নেতাদের বাইরে সত্, যোগ্য ও সক্ষম ব্যক্তিদের তাঁরা নেতা হিসেবে মেনে নেবেন। আদালত দুর্নীতির বিরুদ্ধে যেমন শক্ত অবস্থান নিয়েছেন, এর বাস্তবায়ন ঘটলে পরিস্থিতি বদলাতে বাধ্য। সামরিক বাহিনীর দায়িত্বশীল আচরণ পাল্টে দিতে পারে সব পরিস্থিতি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলে রেখে জনগণকে সমৃদ্ধির দিকে, গণতন্ত্রের দিকে চলতে সাহায্য করলেই তা সবচেয়ে দায়িত্বশীল আচরণ হবে বলে মনে হয়।এত সম্ভাবনার মধ্যেও অনিশ্চয়তা রয়েই যায়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফুয়াদ চৌধুরী তো গতকালই বলেছেন, সরকার পতনের জন্য ক্ষমতাধর সেনাবাহিনী ও সুপ্রিম কোর্ট যে আঁতাত করেছেন, সে ব্যাপারে তাঁর কোনো ‘সন্দেহ’ নেই। দেশটির সরকার বিরোধী দল ও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে মিলে কী সিদ্ধান্ত নেয়, এর ওপর নির্ভর করছে পাকিস্তানের ভবিষ্যৎ।