ছিটমহল বিনিময় চুক্তির সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে নতুন করে আন্দোলনে নেমেছে বাংলাদেশ ও ভারতের ভেতরে থাকা ১৬২টি ছিটমহলের বাসিন্দারা। ১০ দিনের কর্মসূচির প্রথম দিন গতকাল শুক্রবার তারা ছিটমহলের পার্শ্ববর্তী এলাকায় গণসংযোগ করে জনমত সংগ্রহ করে। করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।আমাদের নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম, পঞ্চগড় ও কলকাতা প্রতিনিধির পাঠানো খবর:কুড়িগ্রাম: ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির উদ্যোগে গতকাল সকাল নয়টায় ছিট দাশিয়ারছড়া কালীর হাটে জনমত সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা।উদ্বোধনের পর ছিটমহলবাসী কালীর হাট বাজারে বিক্ষোভ মিছিল হয়। এ সময় ছিটমহলবাসী ‘অনেক হয়েছে মিথ্যাচার, এবার চাই মানবাধিকার’; ‘দাও নাগরিকত্ব, নয় মৃত্যু’; ‘চুক্তি আর কাগজে নয়, বাস্তবায়ন দেখতে চাই’ প্রভৃতি স্লোগান দেয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে গোলাম মোস্তফা বলেন, ১৯৫৮ সালে নেহরু-নুন চুক্তির পর ১৯৭৪ সালে ইন্দিরা-মুজিব চুক্তি হয়েছে, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। এবার ছিটমহলবাসী অধীর আগ্রহে ছিল, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশ সফরে চুক্তি বাস্তবায়নের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন। তা না করে প্রটোকল সই করেই তিনি চলে গেলেন। গোলাম মোস্তফা বলেন, ‘এই প্রটোকলও আগের চুক্তিগুলোর মতো কাগজে-কলমে সীমাবদ্ধ থাকবে। তাই আমরা ছিটমহলের অসহায় মানুষ নাগরিকত্ব ও বন্দিজীবনের হাত থেকে মুক্তির জন্য আন্দোলনে নেমেছি।’সমাবেশের পর ছিটমহলের আশপাশের গ্রামগুলোতে জনমত সংগ্রহের জন্য গণসংযোগ শুরু হয়। ওই সময় কালীর হাট গ্রামের রাহেলা বেগম বলেন, ‘দুই দেশের সরকার ছিটের (ছিটমহল) মানুষ গুলাক নিয়া তামাশা করছে। যে দ্যাশোত যে ছিট তাকে দিয়া দিলে তো হয়।’পঞ্চগড়: পঞ্চগড়ের গারাতি, দহলা খাগড়াবাড়ী, পুঠিমারী, কাজলদিঘী, শালবাড়ী, নাটকটোকা, নীলফামারীর কোর্ট ভাজিনিসহ ১২টি ছিটমহলে গতকাল জনমত সংগ্রহ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এসব কর্মসূচিতে সংশ্লিষ্ট ছিটমহলের নাগরিক কমিটির চেয়ারম্যানরা নেতৃত্ব দেন।গতকালই ছিটমহলসংলগ্ন বাংলাদেশি এলাকার জনপ্রতিনিধি, শিক্ষকসহ নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের সঙ্গে ছিটমহল বিনিময় বিষয়ে মতবিনিময় সভা হয়।গতকাল পঞ্চগড় সদর উপজেলায় অবস্থিত গারাতি ছিটমহলের নাগরিকেরা বাংলাদেশের পুকুরীডাঙ্গা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিক্ষোভ মিছিল করে। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ছিটমহল নাগরিক কমিটির চেয়ারম্যান মফিজার রহমান, শাহিদ মুন্সি, ফয়জুল হক সরদার প্রমুখ। শালবাড়ী ও দহলা খাগড়াবাড়ী ছিটমহলেও বিক্ষোভ মিছিল হয়।ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সদস্য ও শালবাড়ী ছিটমহলের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, আজ শনিবার জেলা ও উপজেলা শহরে জনমত সংগ্রহ অভিযান কর্মসূচি পালন করা হবে। তিনি জানান, ২৫ সেপ্টেম্বর সর্বসাধারণের স্বাক্ষর সংগ্রহ অভিযান, ২৬ সেপ্টেম্বর রাতে নিষ্প্রদীপ কর্মসূচি, ২৭ সেপ্টেম্বর কোনো বাড়িতে দিনের বেলা রান্নার চুলা না জ্বালানো (অরন্ধন), ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালন, ২৯ সেপ্টেম্বর দুপুরে মৌন মিছিল, ৩০ সেপ্টেম্বর সাইকেল মিছিল, ১ অক্টোবর মশাল মিছিল এবং ২ অক্টোবর বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি পালন করা হবে।কলকাতা: ছিটমহলবাসীর ১০ দিনের কর্মসূচির প্রথম দিনে গতকাল পশ্চিমবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়িতে অবস্থিত বাংলাদেশের ছিটমহলগুলোতে বিক্ষোভ মিছিল হয়েছে। একই সঙ্গে দাবির সমর্থনে প্রচারপত্র বিলি, প্রতিবাদ সভা ও সমাবেশ হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আগামী ২ অক্টোবরের মধ্যে দাবি আদায় না হলে ছিটমহলবাসী অনশন কর্মসূচি শুরু করবে।