নতুন করে আর ইজি বাইক আনা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটারিচালিত তিন চাকার অটোরিকশা (ইজি বাইক) আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে যেসব ইজি বাইক আমদানি হয়ে গেছে এবং রাস্তায় চলাচল করছে, যথাযথ কর্তৃপক্ষ ঠিক করে সেগুলোর নিবন্ধন দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার যোগাযোগ মন্ত্রণালয়ে ইজি বাইক চলাচলের বিষয়ে আন্তমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, মহাসড়কে ইজি বাইক চলতে দেওয়া হবে না। ইতিমধ্যে যেসব ইজি বাইক আমদানি হয়ে গেছে এবং রাস্তায় চলাচল করছে, সেগুলো কত বছর চলতে পারবে, তা নির্ধারণ করে দেবে সরকার।বৈঠকে বিদ্যুৎ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, গত বছরের নভেম্বর পর্যন্ত দেশে প্রায় দুই লাখ ৪০ হাজার ইজি বাইক আমদানি হয়েছে। সেনাবাহিনীর অধীনে বাংলাদেশ ডিজেল প্ল্যান্টে সংযোজন করা হয়েছে আরও প্রায় ১০ হাজার। এসব ইজি বাইকের প্রতিটির ব্যাটারি চার্জ দিতে গড়ে প্রতিদিন দশমিক ৯ কিলোওয়াট বিদ্যুৎ খরচ হয়। সে হিসাবে ইজি বাইক চার্জ দেওয়ার কাজে দৈনিক ২১৬ মেগাওয়াট বিদ্যুৎ খরচ হচ্ছে। ইজি বাইকের অধিকাংশই চার্জ দেওয়া হয় অবৈধ সংযোগ দিয়ে। বিদ্যুতের ঘাটতি থাকায় মন্ত্রিসভার বৈঠকেও অনির্ধারিত আলোচনায় ইজি বাইকের আমদানি বন্ধের নির্দেশনা এসেছে। বৈঠকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পক্ষ থেকে বলা হয়, ইজি বাইক আমদানির সময় তাদের অনুমোদন নেওয়ার জন্য আমদানিকারকেরা এসেছিল। কিন্তু এই বাইকগুলো যে যান্ত্রিকভাবে ত্রুটিমুক্ত এবং পরিবেশের জন্য ক্ষতিকর নয়, সে সংক্রান্ত সনদ নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু আমদানিকারকেরা সে ধরনের কোনো সনদ জমা দিতে পারেনি। তাই বিআরটিএ নিবন্ধন দেয়নি। সভায় জানানো হয়, বিআরটিএ নিবন্ধন না দিলেও অনেক ইজি বাইকের নিবন্ধন সিটি করপোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া হয়। সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ইতিমধ্যে ইজি বাইকের আমদানি নিষিদ্ধের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হওয়ায় কোনো পণ্যের আমদানি নিষিদ্ধ করতে হলে কিছু শর্ত মানতে হয়। সেগুলো নিয়ে কাজ করতে হবে। স্থানীয় সরকার বিভাগ থেকে বলা হয়, যেসব ইজি বাইক রাস্তায় নেমে গেছে বা আমদানি হয়ে গেছে, সেগুলো চলতে দেওয়া উচিত। কারণ এর সঙ্গে অনেক মানুষের কর্মসংস্থান জড়িত। কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগও অনিশ্চিত হয়ে পড়বে।সভায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ইজি বাইকগুলো মহাসড়কে চলাচলের কারণে দুর্ঘটনা ঘটছে। নসিমন-করিমন-ভটভটিসহ নানা যানবাহন দুর্ঘটনার জন্ম দিচ্ছে। আলোচনার ভিত্তিতে সভার সভাপতি যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ইজি বাইকের নতুন আমদানি নিষিদ্ধ, যেগুলো চলাচল করছে সেগুলোর বয়স নির্ধারণ করা, মহাসড়কে ইজি বাইক চলতে না দেওয়া এবং অবৈধভাবে সংযোগ দিয়ে ইজি বাইক চার্জ দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত দেন। সভায় আরও বক্তব্য দেন সাংসদ আবদুছ সাত্তার ও গোলাম মাওলা, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার, বাণিজ্যসচিব গোলাম হোসেন, যোগাযোগ সচিব মোজাম্মেল হক খান, স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খান, বিআরটিএর চেয়ারম্যান আয়ুবুর রহমান খান প্রমুখ।