নীলফামারীর জলঢাকা-ডোমার প্রায় ২৭ কিলোমিটার দীর্ঘ সড়কটি চলাচলের সম্পূূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। মাঝেমধ্যে সড়কটির নামমাত্র সংস্কার করা হলেও তা কোনো কাজে আসছে না পথচারীদের। চলতি অর্থবছরে আবার এর সংস্কারকাজ শুরুর কথা থাকলেও অজ্ঞাত কারণে তাও হচ্ছে না। এলাকাবাসী সড়কটির গুরুত্ব তুলে ধরে বলেন, বাংলাবান্ধা, পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ, ডোমার, ডিমলার সঙ্গে রংপুর, বগুড়া, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সহজ ও তুলনামূলক কম দূরত্বে চলাচলের জন্য এলাকাবাসী সড়কটি ব্যবহার করে। এ পথে প্রতিদিন শতশত যানবাহন চলাচল করে। কিন্তু সড়কটি প্রায় একযুগ ধরে যথাযথ সংস্কার না করায় যাত্রীদের যেমন ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়, তেমনি পণ্যবাহী যানবাহনগুলোকেও সতর্কতার সঙ্গে সীমিত গতিসীমায় চলাচল করতে হয়। প্রায় প্রতিনিয়তই ওই সড়কের ধারে একাধিক পণ্য ও যাত্রীবাহী যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হয়ে পড়ে থাকতে দেখা যায়। ২০ এপ্রিল কথা হয় ওই সড়কের পণ্যবাহী ট্রাকচালক আনোয়ার হোসেনের (৪৫) সঙ্গে। তিনি বলেন, এ রাস্তার অবস্থা খুবই খারাপ। ডোমার উপজেলা শহর থেকে জলঢাকা মাত্র ২২ কিলোমিটার রাস্তা পার হতে সময় লাগে দুই ঘণ্টারও বেশি। তার ওপর ঝুঁকি তো আছেই। এ ছাড়া এ পথ দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত গাড়ির স্প্রিংসহ বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়। কখনো কখনো রাস্তার ওপর রাতও কাটাতে হয়।গোলনা ইউনিয়নের চেয়ারম্যান মশিয়ার রহমান বলেন, অনেক দিন ধরে এ রাস্তার অবস্থা খারাপ। সড়ক বিভাগ মাঝেমধ্যে ইট, সুরকি দিয়ে রাস্তায় প্রলেপ দেয়। কিন্তু এ প্রলেপ সাত দিনও টেকে না। তিনি বলেন, এ রাস্তাটির কারণে আমাদের অঞ্চলের মানুষ অবহেলিত। রাস্তা ভালো না হওয়ায় মোটর-মালিকেরা তাঁদের ভালো গাড়ি এ পথে চালাতে দেন না।বালাগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান তহিদুল ইসলাম বলেন, রাস্তাটি এখন এমন পর্যায়ে গেছে, এটি সংস্কারের অবস্থা নেই। একে চলাচল উপযোগী করতে চাইলে নতুন করে করতে হবে। তিনি বলেন, রাস্তায় বড় বড় গর্ত হওয়ায় প্রায়ই কোনো না কোনো বাস বা ট্রাক নষ্ট হয়ে রাস্তায় পড়ে থাকে।বাসযাত্রী কাচুয়া মামুদ (৬০) বলেন, ‘রাস্তাটি খুপ খারাপ হইছে। কখন যে বাস উল্টি যাইবে তার কুনো ঠিক নাই। বাসে তো বসি থাকা যায় না। নারিভুরি উল্টি যায়ছে। বিপদ না পইরলে কাও এই রাস্তার বাস তে চরে না।’ জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুল আলম খান বলেন, সড়কটি মেরামতের জন্য প্রিয়ডি মেইন্টেনেন্স প্রোগ্রামের (পিএমপি) আওতায় ঢাকা সড়ক ভবনে প্রক্রিয়া চলছে। প্রক্রিয়া শেষে কার্যাদেশ দেওয়া হলে সড়কটির কাজ শুরু করা যাবে। তিনি বলেন, সড়কটি চলাচল উপযোগী করতে এখানে বড় ধরনের ইনভেস্টমেন্ট করা হবে। আর কাজটি বড় হওয়ায় কিছুটা সময় লাগছে।