নতুন করে মুক্তিযুদ্ধ করতে চায় ছাত্রশিবির!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন করে মুক্তিযুদ্ধ করতে চায় জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির। আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত কৃতী ছাত্রদের এক সংবর্ধনা সভায় এ ইচ্ছার কথা জানান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ফখরুদ্দিন মানিক। কেন্দ্রীয় এ সভাপতি আক্ষেপ করে বলেন, ‘আমরা যারা এখন ছাত্র তারা ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ করতে পারিনি। আগামীতে বাংলাদেশকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এবং একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়তে মেধাবী ছাত্রদের নতুন করে মুক্তিযুদ্ধ করতে হবে।’ শিবিরের ঢাকা পূর্ব শাখার সভাপতি ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ।ভারপ্রাপ্ত আমির বলেন, তত্ত্বাবধায়ক পদ্ধতি বাতিল করলে শুধু জাতি নয়, আওয়ামী লীগও ক্ষতিগ্রস্ত হবে। এ বিষয়টি তারা একসময় বুঝবে। কিন্তু তখন আর সংশোধনের সুযোগ পাবে না।