ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ছয় শতাধিক ইহুদি বসতির নির্মাণকাজ শুরু হয়েছে বলে পিস নাউ নামের একটি সংগঠন জানিয়েছে। গত ২৬ সেপ্টেম্বর পশ্চিম তীরে বসতি নির্মাণ-সংক্রান্ত ইসরায়েলি নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের অনুরোধ সত্ত্বেও ইসরায়েল ওই নিষেধাজ্ঞার মেয়াদ আর নবায়ন না করার ঘোষণা দেয়।পিস নাউ তাদের পর্যবেক্ষণে বলেছে, আগের যেকোনো সময়ের তুলনায় এবার বসতি নির্মাণের গতি চার গুণ বেশি। ইসরায়েলের এ পদক্ষেপের পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনি আলোচকেরা মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। এদিকে জাতিসংঘের মধ্যপ্রাচ্য শান্তিপ্রক্রিয়া-সংক্রান্ত বিশেষ সমন্বয়কারী রবার্ট সেরি ইসরায়েলের এ পদক্ষেপকে বিপজ্জনক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, অধিকৃত অঞ্চলে বসতি নির্মাণ আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ এবং এটা পরে শান্তি প্রক্রিয়ায় বিশ্বাসহীনতা তৈরি করতে পারে।—বিবিসি