নতুন কর্মসূচি, প্রশাসনিক ভবনের সামনে অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপাচার্য ও সহ-উপাচার্য পদত্যাগ না করায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা আজ রোববার রাত থেকে কাল সোমবার বেলা ১১টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনেই অবস্থান করবেন। বেঁধে দেওয়া সময়ে আজ রোববার সকাল ১০টার মধ্যে উপাচার্য ও সহ-উপাচার্য পদত্যাগ না করায় আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত নিয়েছেন। আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা প্রথম আলো ডটকমকে আজ বিকেলে এ কথা জানান।এর আগে সকালে উপাচার্য ও সহ-উপাচার্য পদত্যাগ না করায় পূর্বঘোষিত কর্মসূচি পালনের জন্য বুয়েট ক্যাম্পাসে জড়ো হন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। বেলা সোয়া ১১টার দিকে পুরকৌশল ভবনের সামনে জড়ো হয়ে তাঁরা মানববন্ধন করেন। এ সময় উপাচার্য ও সহ-উপাচার্যের কুশপুত্তলিকা দাহ করা হয়।বেলা সাড়ে ১১টায় আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা মিছিল বের করে প্রশাসনিক ভবনের সামনে গেলে পুলিশ মিছিলটি থামিয়ে দেয়। পুলিশ আদালতের নির্দেশনা দেখিয়ে বলে, ‘মিছিল করা যাবে না। তাহলে আদালত অবমাননা হবে।’ এ সময় শিক্ষার্থীরা পাল্টা যুক্তি দেখালে তারা বাধা না দিয়ে চলে যায়। পরে মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবারও প্রশাসনিক ভবনের সামনে যায়। সেখানেই আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান করেন। এ ছাড়া পদত্যাগের ব্যাপারে উপাচার্য নজরুল ইসলাম ও সহ-উপাচার্য হাবিবুর রহমানের সিদ্ধান্ত জানতে শিক্ষকেরা তাঁদের কার্যালয়ে গিয়ে তাঁদের না পেয়ে সেখানেই অবস্থান করেন।দুপুর ১২টার দিকে ক্যাফেটেরিয়ার সামনে থেকে ছাত্রলীগ একটি মিছিল বের করে। মিছিলটি প্রশাসনিক ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় সেখানে অবস্থানরত আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। তবে শিক্ষকদের হস্তক্ষেপে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।সকাল থেকেই ক্যাম্পাসের প্রশাসনিক ভবন ও উপাচার্য ভবনের সামনে পুলিশ মোতায়েন রয়েছে।গতকাল শনিবার শিক্ষক ও শিক্ষার্থীরা পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার জন্য উপাচার্য ও সহ-উপাচার্যকে আজ রোববার সকাল ১০টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন।বুয়েটের উপাচার্য নজরুল ইসলাম ও সহ-উপাচার্য হাবিবুর রহমানকে সরিয়ে দেওয়ার দাবিতে গত ৭ এপ্রিল বুয়েট শিক্ষক সমিতি কর্মবিরতি শুরু করে। প্রায় এক মাস পর প্রধানমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলন সাময়িক স্থগিত করা হলেও দাবি পূরণ না হওয়ায় ১৪ জুলাই তাঁরা লাগাতার কর্মবিরতির ঘোষণা দেন। এরই মধ্যে ১০ জুলাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আকস্মিকভাবে ১১ জুলাই ৪৪ দিনের জন্য বুয়েট বন্ধ ঘোষণা করেন। শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের একাংশ আন্দোলনে যোগ দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়। গত ৩১ জুলাই আদালত শিক্ষক সমিতির আন্দোলনের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেন। এরপর শিক্ষকেরা আন্দোলন স্থগিত করেন। কিন্তু শিক্ষকেরা ব্যক্তিগত পর্যায় থেকে ক্লাসে না যাওয়ায় ৪৪ দিন পর গত ২৫ আগস্ট বুয়েট খুললেও ক্লাস বা পরীক্ষা হচ্ছে না। অনিশ্চিত হয়ে পড়েছে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।