নতুন কাঁদানে গ্যাস এনেছে পুলিশ
এমপিওভুক্তির দাবিতে রাজধানীতে কয়েক দিন ধরে অবস্থানসহ বিভিন্ন কর্মসূচি পালনরত শিক্ষকদের ওপর পুলিশ একাধিকবার নতুন ধরনের তরল কাঁদানে গ্যাস ছিটিয়েছে। এ সময় দুই ধরনের কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়। পুলিশ কর্তৃপক্ষের তথ্যমতে, এগুলো হচ্ছে পেপার সেপ্র ও টিয়ার গ্যাস সেপ্র।পুলিশ সদর দপ্তর সূত্র বলেছে, সেপ্র করে ছিটানোর উপযোগী ওই গ্যাসের মূল উপাদান ক্লোরোপিক্রিন নামে একধরনের রাসায়নিক পদার্থ। প্রচলিত ধরনের কাঁদানে গ্যাসের শেলেও এই উপাদানই থাকে। তবে সূত্রের মতে, ধাতব পদার্থ দিয়ে তৈরি বলে কাঁদানে গ্যাসের শেল ব্যবহার অনেকটাই ঝুঁকিপূর্ণ। এতে অনেক সময় মানুষ আঘাত পায়। এ থেকে প্রাণহানি পর্যন্ত ঘটার সম্ভাবনা থাকে। এসব বিবেচনায় রেখেই পেপার স্প্রে ও টিয়ার গ্যাসের সেপ্র কেনার সিদ্ধান্ত হয়। সূত্র জানায়, গত বছর চীন থেকে দুই ধরনের পাঁচ হাজার স্প্রে ক্যানিস্টার (বোতল) আমদানি করা হয়। বোতাম টিপে তরল এই গ্যাস ছিটানো হয়। পেপার সেপ্রর রং কিছুটা হলদে বাদামি আর টিয়ার গ্যাস সেপ্রর রং পানির মতো স্বচ্ছ।পুলিশের রমনা বিভাগের উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে এবং অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাঁদানে গ্যাসের শেল ব্যবহারের চেয়ে স্প্রে পদ্ধতির গ্যাস ব্যবহার নিরাপদ। এটি কাছাকাছি লক্ষ্যে ব্যবহারের উপযোগী। এ ক্ষেত্রে নিশানাও ঠিক রাখা যায়।উপকমিশনার বলেন, কাঁদানে গ্যাসের শেল দীর্ঘ দূরত্বে ব্যবহারের উপযোগী। এতে আবার নিশানাও ঠিক থাকে না। অনেক সময় শেল অনিরাপদ স্থানে গিয়ে বিস্ফোরিত হলে ক্ষয়ক্ষতি বেশি হয়। আবার শেল বিস্ফোরিত না হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিজেদেরই আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। সে তুলনায় কাছাকাছি দূরত্বে গ্যাস সেপ্র পদ্ধতিতে ব্যবহার করায় সফলতা মিলছে।নুরুল ইসলাম আরও বলেন, গত বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে বেসরকারি শিক্ষকদের কর্মসূচি দমনে পেপার স্প্রে ব্যবহারে পুলিশ সফল হয়েছে। এতে কেউ আহতও হননি।ঢাকা মহানগর পুলিশের একাধিক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সাফল্যের সঙ্গে সেপ্র ধরনের কাঁদানে গ্যাস ব্যবহার করছে।এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক প্রথম আলোকে বলেন, ‘স্প্রে কাঁদানে গ্যাসের ঝাঁজ ‘পেপার’ বা গোলমরিচের গুঁড়ার মতো। শরীরের যে স্থানে লাগবে, তা কিছুক্ষণ জ্বলবে। শেলের কাঁদানে গ্যাসের মতো এটাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতে চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত ও ঝাপসা দৃষ্টি তৈরি হতে পারে। একই সঙ্গে ত্বকেরও ক্ষতি হয়।