নতুন কার্যক্রমে গুরুত্ব পাচ্ছে পুষ্টিজ্ঞান
মানুষ দেশের সব স্বাস্থ্যসেবাকেন্দ্র থেকেই পুষ্টিসেবা পাবে। পুষ্টি প্যাকেটের পরিবর্তে জনগণকে দেওয়া হবে পুষ্টিজ্ঞান। অপুষ্টি প্রতিরোধে দেশের নতুন কার্যক্রম ‘জাতীয় পুষ্টিসেবা’র আওতায় এই সুবিধাগুলো পাওয়া যাবে।পুষ্টিসেবায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিদ্যমান স্বাস্থ্য অবকাঠামো এবং এই দুই অধিদপ্তরের স্বাস্থ্যকর্মীরাই মূলত কাজগুলো করবেন। ফলে ‘প্রকল্প শেষ কাজ শেষ’—এ ধরনের অবস্থার সৃষ্টি হবে না। পুষ্টি কার্যক্রমও টেকসই হবে।দেশের পুষ্টিবিদ ও পুষ্টিসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা নতুন কার্যক্রমকে স্বাগত জানানোর পাশাপাশি এই কার্যক্রমকে চলমান রাখতে বিভিন্ন সুপারিশ করছেন। কেননা, দেশে দাতাগোষ্ঠীর অর্থায়নে এর আগে ১৯৯৫ সাল থেকে পরিচালিত পুষ্টি কার্যক্রমগুলো দেশের পুষ্টিচিত্রের তেমন একটা পরিবর্তন আনতে পারেনি।বিশ্বব্যাংকের সহায়তায় দেশের পুষ্টিমাত্রা উন্নয়নে ‘বাংলাদেশ সমন্বিত পুষ্টি প্রকল্প’ নামের একটি প্রকল্প প্রথমে ছয়টি উপজেলায় ছোট আকারে শুরু হয়। এই প্রকল্পের ধারাবাহিকতায় ‘জাতীয় পুষ্টি প্রকল্প’ ২০০৩ সালের নভেম্বর মাসে শুরু হয়। ২০০৬ সাল থেকে এর কার্যক্রম স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির (এইচএনপিএসপি) অধীনে প্রকল্প থেকে কার্যক্রম হিসেবে পরিচালিত হয়। এতে বিভিন্ন এনজিও কাজ করে। এই কার্যক্রমে অপুষ্টিকে নিয়ন্ত্রণে আনতে অন্যান্য কর্মকাণ্ডের পাশাপাশি পুষ্টি প্যাকেট (চালের গুঁড়া, ডালের গুঁড়া, গুড় ও তেলের মিশ্রণ) দেওয়া হতো। এরপর ২০১১ সালের জুলাই থেকে ২০১৬ সালের জুন মাস পর্যন্ত স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাতের উন্নয়ন প্রোগ্রামের আওতায় জাতীয় পুষ্টিসেবা পরিচালিত হচ্ছে।তবে কার্যক্রমের অনুমোদন, অর্থছাড়, জনবল নিয়োগসহ বিভিন্ন কাজ সম্পন্ন করে মূল কাজ শুরু করতে প্রায় ছয় মাস পিছিয়ে গেছে। সেই অর্থে কার্যক্রমটি কাজ করছে দুই মাস ধরে। কার্যক্রমসংশ্লিষ্ট ব্যক্তিরা জানালেন, নতুন এ কার্যক্রমে কিশোরী, গর্ভবতী মা, নবজাতক, শিশু এমনকি বয়স্কদের পুষ্টির বিষয়টিতেও নজর দেওয়া হয়েছে। অন্যদিকে এ কার্যক্রমে কর্মী বাহিনীর তালিকাতেও নারীদের আধিক্য থাকায় তা নারী ও শিশুদের পুষ্টিসেবা দেওয়ার পাশাপাশি নারীর ক্ষমতায়নেও ভূমিকা রাখছে।কী কী থাকছে: এ কার্যক্রম ২০টি বিষয়কে বেশি গুরুত্ব দিচ্ছে। সব বিশেষায়িত জেলা ও উপজেলা হাসপাতালে পুষ্টিকেন্দ্র স্থাপন, কমিউনিটি ক্লিনিকে দৈহিক বৃদ্ধি পরিবীক্ষণসহ পুষ্টিসেবা দেওয়া, দুর্গম এলাকায় সরকারি-বেসরকারি অংশীদারি মডেলে কমিউনিটিভিত্তিক পুষ্টি কার্যক্রম পরিচালনা করা হবে। স্কুল পুষ্টি শিক্ষা কার্যক্রম, মারাত্মক অপুষ্টি এবং সংকটাপন্ন অপুষ্টিতে আক্রান্ত ব্যক্তিদের কমিউনিটিভিত্তিক ব্যবস্থাপনার আওতায় আনা হবে। আচার-আচরণ পরিবর্তনবিষয়ক যোগাযোগ বিষয়টি গুরুত্ব পাবে। ভিটামিন ‘এ’, অপুষ্টিজনিত রক্তস্বল্পতা, আয়োডিনের ঘাটতি, অন্যান্য অণুপুষ্টির ঘাটতি নিয়ন্ত্রণে কর্মসূচি, শিশু ও অল্প বয়সীদের খাদ্য, শিশুবান্ধব হাসপাতাল উদ্যোগ এবং বুকের দুধের বিকল্প খাদ্যবিষয়ক নীতিমালার বিষয়টিও অগ্রাধিকারের তালিকায় আছে। এ ছাড়া খাদ্যে অণুপুষ্টি মেশানো, খাদ্যের মান এবং খাদ্যের নিরাপত্তা রক্ষা, জরুরিকালীন পুষ্টির বিষয়টি দেখভাল করা, খাদ্যজনিত কারণে যেসব মারাত্মক রোগ হচ্ছে, তা নিয়ন্ত্রণে আনা হবে এ কার্যক্রমের মাধ্যমে। বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের পুষ্টি কার্যক্রমের মধ্যে সমন্বয় করা, পুষ্টি বিষয়ে দক্ষ মানবসম্পদ তৈরি করা, উপজেলা, জেলা ও বিভাগীয় ব্যবস্থাপকদের প্রাতিষ্ঠানিক দক্ষতার উন্নয়ন ঘটানো এবং পরিবীক্ষণ, মূল্যায়ন, জরিপ ও পুষ্টি সার্ভিলেন্স কার্যক্রম পরিচালনা করা হবে।জাতীয় পুষ্টিসেবার কর্মসূচি ব্যবস্থাপক এস এম মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, এ কার্যক্রম এক হাজার ৪৯০ কোটি টাকায় পরিচালিত হচ্ছে। এ কার্যক্রমে পার্বত্য এলাকাসহ দুর্গম এলাকায় সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও কাজ করবে। তীব্র অপুষ্টির শিকার শিশুদের হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হবে। কমিউনিটি ক্লিনিক বা হাসপাতালে যেসব মায়ের প্রসব হয়নি, সেসব মাকে বাড়িতে গিয়ে প্রসবের পরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। শহরাঞ্চলে নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচির সঙ্গে সরকারি-বেসরকারি অংশীদারি মডেলে কাজ হবে।সর্বাধিক গুরুত্বে প্রচার: আমিষ ও খাদ্যশক্তির ঘাটতি, ভিটামিন ‘এ’-এর ঘাটতি, আয়োডিনের ঘাটতি, লৌহ বা আয়রনের ঘাটতি, জন্মকালীন কম ওজন, স্থূলতা বা ওজনাধিক্য, পুষ্টিজ্ঞানের ঘাটতিসহ বিভিন্ন পুষ্টিসমস্যায় ভুগছে দেশের মানুষ। এসব ঘাটতি দূর করতে পুষ্টিসেবার আওতায় জনগণকে তথ্য জানানোর বিষয়টিতেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। কেননা, সমস্যা জানা থাকলে তা সম্পর্কে মানুষ সচেতন হবে এবং সমস্যার সমাধানে উদ্যোগী হবে। এ-সংক্রান্ত সেবা কোথায় পাওয়া যাবে, তা জানতেও আগ্রহী হবে। এ ছাড়া গণমাধ্যম ও অন্যান্য মাধ্যমে প্রচারণা চালানো হবে।সেবা কার্যক্রমের উপকর্মসূচি ব্যবস্থাপক রোমেন রায়হান প্রথম আলোকে বলেন, কার্যক্রমের আওতায় ই-টুল কিড নামক একটি ক্ষুদ্র প্রকল্পের আওতায় স্বাস্থ্যকর্মীদের নোটপ্যাড দেওয়া হবে। সেই কর্মীরা নোটপ্যাডে থাকা পুষ্টিবিষয়ক বিভিন্ন তথ্য মায়েদের জানিয়ে দেবে। এতে করে খরচ কমবে এবং একই ধরনের তথ্য সবাই পাবে। খোঁজ নিয়ে জানা গেছে, সব স্বাস্থ্য ব্যবস্থাপনায় পুষ্টিকেন্দ্র তৈরির উদ্যোগটি তেমন একটা এগোয়নি। প্রতিটি উপজেলায় একজন করে পুষ্টিবিদ নিয়োগের বিষয়টিও তেমন একটা অগ্রসর হয়নি।তবে সেবা কার্যক্রমের উপকর্মসূচি ব্যবস্থাপক নাসরীন খান বলেন, কাগজে-কলমে কার্যক্রমটির বয়স বেশি। কিন্তু সব মিলে কার্যক্রমটি কাজ শুরু করেছে অল্প দিন হলো। কর্মীদের প্রশিক্ষণ, ৪৫০টি উপজেলায় চিকিৎসা কর্মকর্তাকে (পুষ্টি) দায়িত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন প্রশিক্ষণ নির্দেশিকা তৈরি ও কর্মী বাহিনীর প্রশিক্ষণ, বিলবোর্ড স্থাপন, শিশুবান্ধব হাসপাতালের উদ্যোগকে শক্তিশালী করাসহ বিভিন্ন প্রচারণার কাজ হয়েছে। ১০টি মন্ত্রণালয়ের ১০ জন পুষ্টি বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। খাদ্যে অণুপুষ্টি মেশানোসহ কোন মন্ত্রণালয় কী কাজ করছে, তার একটি মানচিত্র তৈরির কাজ চলছে। ভিটামিন ‘এ’ ক্যাপসুল, আয়রনসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। খাদ্যবিষয়ক নির্দেশিকা তৈরির কাজ চলছে।