নতুন কেলেঙ্কারি সামাল দিতে যুক্তরাজ্যে মারডক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কর্মকর্তাদের সঙ্গে অবৈধভাবে আর্থিক লেনদেন করে তথ্য আদায়ের অভিযোগ উঠেছে মিডিয়া মুঘলখ্যাত রুপার্ট মারডকের মালিকানাধীন ট্যাবলয়েড পত্রিকা দ্য সানের বিরুদ্ধে। এ অভিযোগে ইতিমধ্যে যুক্তরাজ্যের এই পত্রিকাটির সাবেক ও বর্তমান ১০ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে তাই যুক্তরাজ্যে ছুটে এলেন নিউজ করপোরেশনের প্রধান নির্বাহী রুপার্ট মারডক।বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, মারডক যুক্তরাষ্ট্র থেকে ব্যক্তিগত উড়োজাহাজে করে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় লন্ডনে পৌঁছান। আশা করা হচ্ছে, তিনি পূর্ব লন্ডনে অবস্থিত নিউজ ইন্টারন্যাশনালের সদর দপ্তরে তাঁর মালিকানাধীন প্রতিষ্ঠানের কর্মীদের উদ্দেশে বক্তব্য দেবেন। এর আগে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে তারকাসহ অনেকের ফোনে অনৈতিকভাবে আড়ি পাতার ঘটনা ফাঁস হলে নিন্দার ঝড় ওঠে। এর পরিপ্রেক্ষিতে মারডক নিউজ করপোরেশনের আরেক পত্রিকা নিউজ অব দ্য ওয়ার্ল্ডের প্রকাশনা বন্ধ করে দেন। এবারও তাঁর আরেকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নৈতিকতা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ ওঠায় তিনি এখন পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত হয়ে পড়েছেন। এমন প্রেক্ষাপটে আবারও সামনে চলে এসেছে সোর্সদের রক্ষার বিষয়টি। ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্টস বলছে, সোর্সদের রক্ষার ব্যাপারে সংবাদ প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব আছে। দ্য টাইমসের মানবাধিকার-বিষয়ক আইনজীবী জেফরি রবার্টসন বলছেন, সোর্সদের রক্ষা করা সংবাদপত্রের আইনগত ও নৈতিক দায়িত্ব।