নতুন গান, নতুন ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরজায় কড়া নাড়ছে ঈদ। মাত্র কয়েক দিনের অপেক্ষা। রোজার শুরু থেকেই নতুন জামাকাপড়, জুতা আর প্রসাধনী কেনাকাটার উৎসবে মাতোয়ারা দেশবাসী। এখন যাচ্ছেন শৌখিন পণ্যের দোকানে। কিনছেন ঘর সাজানোর নানান সামগ্রী। উৎসবপ্রিয় বাঙালির কাছে ঈদের ছুটিতে নতুন গান শোনা আর প্রেক্ষাগৃহে গিয়ে নতুন ছবি দেখার রীতি দীর্ঘদিনের। তাই ঈদ উপলক্ষে বাজারে আসে নতুন গানের অ্যালবাম, মুক্তি পায় নতুন চলচ্চিত্র। এবারও ব্যতিক্রম হয়নি।গতকাল সোমবার রাজধানীর বিভিন্ন সিডি-ভিসিডির দোকান ও প্রযোজনা প্রতিষ্ঠানগুলোতে গিয়ে দেখা গেল, শেষ মুহূর্তের বিক্রি নিয়ে ব্যস্ত বিক্রেতারা। অন্য কেনাকাটার পর নতুন গানের অ্যালবামের খোঁজ করছেন অনেকেই। কেউ কিনছেন নিজের সংগ্রহের জন্য, কেউ প্রিয়জনকে উপহার দিতে। গেল কয়েক বছরের মন্দার পর অডিও বাজার এবার তারকাশিল্পীদের নতুন অ্যালবামের উপস্থিতিতে সরগরম হয়েছে। ইতিমধ্যেই অধিকাংশ নতুন গানের অ্যালবাম এসেছে। প্রযোজকেরা জানালেন, দু-এক দিনের মধ্যে বাজারে আরও কিছু নতুন অ্যালবাম আসবে।গত কয়েক বছরে নতুন কোনো অ্যালবামের কাজ না করলেও ঈদ সামনে রেখে এবার জনপ্রিয় গায়ক আসিফ নতুন গানের অ্যালবাম করেছেন। বাজারে এসেছে তাঁর এক্স প্রেম নামের অ্যালবাম। দেশের ১৮টি প্রযোজনা প্রতিষ্ঠান একত্রে এটি প্রকাশ ও বাজারজাত করছে। ইচ্ছে হয় নামে শিল্পী ফাহমিদা নবীর নতুন একক অ্যালবাম এসেছে প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন থেকে। এ ছাড়া গতকাল বেইলি রোডের একটি খাবার দোকানে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে প্রিন্স মাহমুদের কথা-সুরে তাঁর মিশ্র অ্যালবাম নিমন্ত্রণ। এতে আরও গান করেছেন বাপ্পা মজুমদার, তাহসান, ন্যান্সি, মাহাদী, তপু প্রমুখ। অ্যালবামটি প্রকাশ করেছে জি সিরিজ। এই প্রতিষ্ঠানের ব্যানারে আরও আছে কাজী হাবলুর কথা ছিল, চিরকুট ব্যান্ডের যাদুর শহর, পড়শীর পড়শী-৩ ইত্যাদি।প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েজ প্রকাশ করেছে শহীদের নীল ছোঁয়া ও আরফিন রুমির পরজনম। লেজার ভিশন থেকে এসেছে লুৎফর হাসানের আমার আকাশ পুরোটাইসহ বেশ কয়েকজন তরুণ শিল্পীর অ্যালবাম। ইমপ্রেস অডিও ভিশন এবং ফাহিম মিউজিক যৌথভাবে প্রকাশ করেছে তানভীর তারেকের কথা-সুরে তারকাবহুল মিশ্র অ্যালবাম অমিয় সুধা।গত কয়েক বছরের মন্দা কাটিয়ে এ ঈদে আবারও অডিওশিল্পের অবস্থা ভালো হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। মিউজিক ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি নামজুল হক ভূঁইয়া বলেন, প্রযোজকেরাও নতুন করে অ্যালবামে বিনিয়োগের কথা ভাবছেন নিজ নিজ অবস্থান থেকে। এখন নকলের দৌরাত্ম্য রোধ করতে পারলে বাজারে আগের সুদিন ফিরে আসবে।এদিকে কাকরাইল এলাকার চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানগুলোতে চলছে নতুন ছবি বাজারজাতের কাজ। তবে এখানকার চিত্রটা কিছুটা হতাশাজনক। অডিও বাজার সরগরম হলেও এবারের ঈদে নতুন ছবি মাত্র চারটি। এর মধ্যে অনন্ত জলিল পরিচালিত নিঃস্বার্থ ভালোবাসা। এতে অনন্ত জলিল ও বর্ষা প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া পি এ কাজল পরিচালিত এবং শাকিব খান ও মাহি অভিনীত ভালোবাসা আজকাল এবং বদিউল আলম পরিচালিত এবং শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত মাই নেম ইজ খান বড় পর্দায় মুক্তি পাবে। এ ছাড়া এভারেস্ট বিজয়ী সজল খালেদ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি কাজলের দিনরাত্রি মুক্তি পাবে চ্যানেল আইতে। এটিও নতুন ছবি।এবারের ঈদে নতুন ছবির সংখ্যা গত কয়েক বছরের মধ্যে বেশ কম। তবে এবারের ছবিগুলোর মূল বৈশিষ্ট্য হচ্ছে, এগুলো ডিজিটাল পদ্ধতিতে দেখানো হবে। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দীন বললেন, মুক্তির সময় নতুন ছবি চালাতে পারে এমন প্রেক্ষাগৃহ সারা দেশে খুব বেশি নেই। তাই ছবির সংখ্যা কম হলে প্রেক্ষাগৃহ-সংকট অনেকটা কাটিয়ে ওঠা যায়। বরং বেশি ছবি মুক্তি পেলে প্রযোজকেরা তাঁদের বিনিয়োগ করা অর্থ তুলে আনতে পারতেন না। তাই ছবি কম হওয়া মন্দের ভালো। সংখ্যায় কমবেশি যা-ই হোক, ঈদের নতুন গান কিংবা সিনেমার প্রতি সবারই বিশেষ আগ্রহ থাকে। ঈদের গান ও ছবি শ্রোতা-দর্শকদের প্রত্যাশা পূরণ করবে বলেই আশা নির্মাতা ও শিল্পীদের।